আমার প্রিয় পোস্ট

কুড়াই প্রহরব্যেপে স্মৃতিলগ্ন ধূলি

বৃক্ষজন্মের স্মৃতি কিংবা অচরের চরৈবেতি বিড়ম্বনা(দ্বিতীয় ও শেষ কিস্তিসহ)

২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯

শেয়ারঃ
0 0 0

আমার বন্ধুবান্ধব সহকর্মী মোটামুটি সবাই জানে
দাঁড়াতেই বেশি পছন্দ আমার;
তবে কেনো আমি নানা ছুঁতোয় দাঁড়িয়ে যাই
সেটা তাদের জানার কথা নয়-
অবশ্য দুয়েক জনকে কখনো-কখনো
বলতে নিয়েছি...

এর পেছনে...
এর পেছনে আছে একটা দুর্বিষহ স্মৃতি
দুঃস্বপ্নের মতো সেই স্মৃতিটা মনে পড়তেই
শিউরে উঠি আমি। দগ্ধ হতে থাকি অনুতাপে।
আসলে আমি ছিলাম শালবন বৌদ্ধবিহারের
পাশে একটা দীর্ঘকায় শালগাছ,
ঋজু, সটান! বেশ বয়েস হয়ে গিয়েছিলো।
দীর্ঘদিন ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে
খিল ধরে গিয়েছিলো পায়ে।
তা, একদিন ভাবলাম আর কতো এভাবে
দাঁড়িয়ে থাকবো?
একটু এদিক-সেদিক ঘুরে আসলেই তো পারি।
বাচ্চাদের ছোটাছুটি দেখতে কী যে ভালো লাগে!
গরু-ছাগল, হাঁস-মুরগি সব বাচ্চার
মানুষের বাচ্চা হলে তো কথাই নেই!
নিজের জন্ম-ভাগ্যের ওপর বিরক্ত হলাম
মনে মনে একচোট গালও দিয়ে নিলাম।
নাহ্, আমাকে হাঁটতে হবে, ছুটতে হবে
ঘুরে বেড়াতে হবে চরাচরে
বিপুলা ধরনীর বিচিত্র রূপ-রস-গন্ধের
অমোঘ হাতছানি আমাকে উদ্গ্রীব করে তুললো
মনে সংকল্প দানা বাঁধলো--
ভাবলাম মানুষের বাচ্চা হলে বেশ হবে
শুধু এক পায়ের জায়গায় দু'পা
উড়তে বা সাঁতার কাটতে তো পারবো না
চারপেয়ে পশু হতে গেলেও বিপদ,
আমার আবার ঝুঁকে পড়ার অভ্যেস নেই।

একদিন ঠিক ঠিক আমার গাছশরীর থেকে
চুপি চুপি বেরিয়ে পড়লাম
আর আস্তে করে ঢুকে পড়লাম
বিহারে বেড়াতে আসা এক দর্শনার্থীর পেটে।
বলতে কী? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছিলো--
শ্যামলা। কিন্তু স্নিগ্ধ ও মায়াবী চেহারা।
একহারা গড়ন। শালগাছের সাথে বেশ মিল।
এক যুবক আড়ালে শালপ্রাংশু বনে
মন্তব্যও করেছিলো মনে হয়, হবেও বা!
সেই বৃক্ষ-জন্মের স্মৃতি তো!
ঠিক মনে করতে পারছি না। আবছা।

হ্যাঁ, যা বলছিলাম, মেয়েটার সাথে শুধু
চারটা ছোট-বড় মেয়ে-সন্তান দেখে
আমি বুঝতে পারলাম তার কোনো ছেলে নেই।
বিহারে পুত্র-সন্তান কামনায়
কোনো মানস নিয়ে এসেছিলো কিনা কে জানে!
ইশ্, মেয়ে মেয়ে করছি কেনো?
ও তো আমার মা। হ্যাঁ, মাই তো!
আমি তার জরায়ুতে ভ্রুণ হয়ে গোলাম--
প্রথমে পরাগ-রেণু, এরপর গোলাপ ফুল হয়ে
একসময় গাছের চারার মতো
মানব-শিশু হয়ে বেড়ে উঠলাম আমি।
একটু কষ্ট তো লেগেছিলোই--
বদ্ধ কুঠুরীতে দশমাস দশদিন
সারাক্ষণ গুঁটিসুঁটি মেরে থাকা!
এরপর ভূমিষ্ঠ হলাম...

আহ্ পুত্র-সন্তান পেয়ে আমার মায়ের
সে কী আনন্দ!
বাবা থাকতেন শহরে
তার কাছে খবর পৌঁছুলো
খুশিতে ডগমগ আর হন্তদন্ত হয়ে তিনি ছুটে এলেন,
পাড়া-পড়শীরাতো আছেই!
চারদিকে মিষ্টি উড়তে লাগলো বেলুনের মতো
শত্রু-মিত্র কেউই বাদ পড়লো না।
পুত্র-সন্তানের জন্যে মানুষের
এতো আকুতি এতো আনন্দ
আমার কাছে একটু বাড়াবাড়ি বলেই মনে হলো।
হয়তো আমি গাছ বলে;
গাছের রাজ্যে আবার মেয়েদেরই কদর
ফলবতী আর পুষ্পিতা তো হয় মেয়ে গাছেরাই।

হ্যাঁ, বলেছি না? আমি চার চারটি বোন পেয়েছি?
একটা ভাই পেয়ে ওরাও মহাখুশি!
আনন্দে লাফাতে শুরু করলো ওরা
পাখির মতো কিচির-মিচির, ঠোকরা-ঠুকরি।
মায়ের কোল থেকে কেড়ে নেয়ার জন্য
টানাটানি শুরু করে দিতো
কার আগে কে নেবে তা নিয়ে কাড়াকাড়ি।
মা, না পারতে ওদের কারো কাছে আমাকে দিয়ে
শংকিত হয়ে থাকতেন-
এ্যাই! ব্যাথা পাবে! পড়ে যাবে দেখিস!
উৎকণ্ঠা আর ওদের সতর্ক করতে করতে
মায়ের গলার পানি শুকিয়ে যেতো,
শেষের নিজের কোলে নিয়ে তবেই শান্তি।
চুমোয় চুমোয় ভরিয়ে তুলতেন আমার তুলতুলে মুখ
আমার বেশ লাগতো
মানবজনম সার্থক ভাবতাম।

আর একটা কথা।
বলতে ভুলেই গিয়েছিলাম।
গরুবাছুরদের মায়ের ওলান থেকে
আয়েশ করে দুধ খেতে দেখে
আমার ভারি লোভ হতো
মনে মনে কতোবার বাছুর হতে চেয়েছি!
মানব-শিশু দুধ খায় কিনা
আমার তখন জানা ছিলো না।
পরে মানুষ-জন্মের পর যখন আমি
ওঁয়া ওঁয়া করে কাঁদতে শুরু করি
আমাকে কোলে নিয়ে মা তার ডান স্তনের বোঁটাটি
আলতো করে আমার মুখে পুরে দিলেন।
আমি অভূতপূর্ব আস্বাদনের আনন্দে
বিস্মিত ও শিহরিত হলাম।
মাতৃস্তন এতো কোমল আর উষ্ণ! দুধও!
ওটাকে তো শালদুধ বলে, তাই না?
কী শালগাছের কথা মনে পড়ছে?
আমিও বেশ মজাই পেয়েছিলাম।
গাছেদের তো আবার দুধ খাওয়ার
ব্যাপার-স্যাপার নেই। সেকারণেও।
পরে জেনেছি শালদুধ খুবই পুষ্টিকর।
আমি, কী বলবো? পুরোটাই খেয়েছিলাম।
মা দুষ্টুমি করে বললেন, ওমা!
এ যে দেখি রাক্ষুসে হবে মা!
সাথে সাথে আমার নানী মুখে তর্জনী তুলে
বললেন, ছি! হতচ্ছাড়ি!
কী যা-তা বকছিস?
এমন অলক্ষুণে কথা মুখে আনে কেউ?
মা লজ্জায় চুপ হয়ে মাথায় হাত বুলিয়ে
আমাকে আদর করতে লাগলেন।
আমার খুব হাসি পেয়েছিল
কিন্তু, আমি তো তখনো হাসতেই শিখিনি!
তো, আমাকে দুধ ছাড়াতে মাকে
বেশ বেগ পেতে হয়েছিলো।
বোধ হয় পুরো আড়াই বছরই খেয়েছি।
আমার জিহ্বায় মায়ের দুধের সেই নোনা স্বাদ
লেগে আছে এখনো। মাংসল গন্ধটাও।

কিন্তু, আমার বারবার মনে পড়ে যায়
আমি তো আসলে শালগাছ। মানুষ নই।
কাউকে বলাও মুশকিল।
হায়! আমার মা যদি জেনে ফেলে?
আহারে বেচারি! আমাকে যা আদর করে!

আমাকে স্কুলে ভর্তি করে দেয়া হলো।
একদিন দেখলাম পড়া না পারলে শিক্ষক
ছেলেমেয়েদের কান ধরে দাঁড় করিয়ে রাখেন;
আমারো ওভাবে দাঁড়িয়ে থাকার লোভ হলো
ওই যে! পুরানো অভ্যেস!
সুযোগে মাথা ছাড়া দিয়ে উঠেছে,
বাড়ি ফিরে পেট ব্যথার নাম করে
পড়া না শিখেই ঘুমিয়ে পড়লাম।
পরদিন খুশি মনে স্কুলে গেলাম।
কিন্তু, আমার উৎফুল্ল চেহারা দেখে স্যার
আর পড়াই জিজ্ঞেস করলেন না।
ধেত্তেরি! ভাগ্যটাই মন্দ!
বের করলাম নতুন বুদ্ধি।
স্যার নাম ডাকলেন
আমি শুনেও না শোনার ভান করে
একটা উদাসীন ভাব নিয়ে বসে থাকলাম।
আর যায় কোথায়?
আকবর মাস্টার আমাকে ডেকে নিয়ে
টেবিলের ওপাশ থেকে কান ধরে টান দিতেই
আমার পা মাটি থেকে আলগা হয়ে গেলো
পট পট করে ওঠল কানের গোড়া!
ভাগ্যিস পা! শিকড় হলে কানটাই ছিঁড়ে যেতো।
রক্ত! নখ বসে গেলো কানে। আমার ছুটি...

সে বছর ছাত্র পেটানোর কারণে কোথায় জানি
বাপ-ভাই মিলে একটা মাস্টারকে
পিটিয়ে মেরে ফেলেছিলো--
শিক্ষকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকলেন
তিন মাস স্কুলে তালা...

লাগাতার বন্ধে বন-বাদাড়ে ঘুরলাম প্রচুর
কিন্তু, মনটা খারাপ হয়ে গেলো
বৃক্ষের ওপর মানুষের অবিচার দেখে।
আমার এতো বৃক্ষকাতরতা কেনো?
রবি ঠাকুরের গল্পের বলাইয়ের কথা মনে পড়ছে
আমার ভাবতে ইচ্ছে করে
আমি ও বলাই সহোদর একই বৃক্ষমাতার
বীজাণু থেকে অঙ্কুরিত হয়েছি।
আমার মাও অবশ্য খুব গাছ ভালোবাসতেন
গাছ পেটে ধরেছিলেন বলেই কিনা জানি না
তবে গাছের প্রতি ছিলো তার মমতা
জগদীশ বসু না পড়েই জানতেন
গাছেরও প্রাণ আছে, ওরাও ঘুমায়
রাতে গাছের কাছে বিনীত অনুমতি
প্রার্থনা ছাড়া একটি পাতাও ছিঁড়তে দিতেন না।
চারদিকে অকারণ বৃক্ষ হত্যা
আমাকে ব্যথিত করতো।
মায়ের আদর, বোনদের সাথে সারাদিন
খিটিমিটি হাতাহাতি আমাকে
আবার গাছজীবনের কথা ভুলিয়ে রাখলো
একদিন শুনি কি, গ্রামের বুড়ো বটগাছটি
কারা যেনো কেটে ফেলেছে
বারাউলিয়ার দরগার পাশের তেঁতুল গাছটি আর নেই
তুলাতুইল্লা মোরার বিশাল গর্জন গাছটি
বন বিভাগের লোকজনের সাথে
যোগসাজশ করেই...
আমার চোখে জল এসে যায়
কিন্তু, আমার বৃক্ষ জন্মের কথা ফাঁস
হয়ে যাওয়ায় ভয়ে প্রতিবাদ করি না।
আমি আবার গাছ হয়ে যেতে চাই
শালবনে ফেলে আসা আমার শরীর;
সেই শালগাছটার জন্য মনে বেদনা উথলে ওঠে
কিন্তু, মায়ের আদর-স্নেহ
আমাকে আবার সবকিছু ভুলিয়ে দেয়
আমি স্কুল পেরিয়ে কলেজ, ভার্সিটি...

মায়ের খুব অসুখ হলো ঘুণপোকা
তার বাকলটা ছাড়া পুরোটাই খেয়ে ফেলেছিল।
আমি শহরে। ১৭ এপ্রিল ১৯৯১।
খবর পেয়ে ছুটে পৌঁছার আগেই
দারোগা মসজিদের কবরস্থানে দাফন শেষ।
কাঁদলাম জবাই করা পশুর মতো
গর গর আওয়াজ করে। নিষ্ফল।

ক’দিন পর এলো সেই ভয়াল ২৯ এপ্রিল।
লাখ লাখ মানুষের সাথে অসংখ্য
বৃক্ষের মৃত্যু আমাকে আবার অনিবার্যভাবে
বৃক্ষ-জন্মের, জীবনের কথা মনে করিয়ে দিলো
কাউকে না জানিয়ে চলে গেলাম শালবনে
দেখি কী! আমার শরীর, সেই শাল--যার মধ্য থেকে
আমি বেরিয়ে এসেছিলাম--মর্মান্তিকভাবে
শিকড়-চাকড়সুদ্ধ উপড়ে পড়ে আছে।
আর করাত, কুঠার নিয়ে কিছু মানুষ...
নাহ্, আর বলতে পারছি না।
হায়! শ্যামাঙ্গী জননী আমার!
আজ তুই ও নেই আমারও আর
বৃক্ষ জীবনে ফিরে যাবার উপায় রইল না...

অগত্যা, ফিরে আসতে হয়, অবশ্য
আমার ও বৃক্ষজীবনের কথা কেউ জানে না।
এমনকি আমার বাবা, বোনেরাও না।
আচ্ছা, বাবা যদি জানেন?
তিনি মাঝে মধ্যে আমাকে গাছ-বাঁশের
পয়দায়েস বলে গালি দিতেন।
তিনি কি খুশি হয়ে উঠবেন
তার কথা সত্য হলো বলে?
আমরা বোনেরা? ওরা যদি জানে
তাদের আদরের ছোট ভাইটা
আসলে একটা শালগাছ, তাহলে?
তারা কি আমাকে কেটে তক্তা বানাতে চাইবে?
নাকি আমার শরীর থেকে কলম
বানিয়ে কোথাও পুঁতে দিয়ে পরীক্ষা করে
দেখতে চাইবে এরকম আরো গাছমানুষ
জন্মানো যায় কিনা?
আমার ভাগ্নে-ভাগ্নিরা?
ওরা কি আমাকে আর মামা ডাকবে না?
বন্ধুরা কি এমন বিরল ঘটনায় খুশি হবে?
নাকি কৌতুক বোধ করবে?
একটা চমৎকার ঠাট্টার বিষয় পাওয়া গেলো বলে
ইউরেকা! ইউরেকা!! বলে
সোল্লাসে চীৎকার করে উঠবে?

আচ্ছা আমি এসব ভাবছি কেনো?
আমিতো গাছ। শালগাছ। কী জানি
এতোদিন মানুষের সাথে থাকতে থাকতে
হয়তো আমি মানুষই হয়ে গেছি।
আমি কি গাছমানুষ না মানুষগাছ?
নরকল্পতরু বা তরুকল্পনর?
হয়তো বা দুটোই। নাকি কোনোটাই না!?


মাঝে মাঝে ভাবি আগে আমার শরীরে
ছিলো ক্লোরোফিন সেটা এখন
হিমোগ্লোবিন হয়ে গেছে। তেমন তফাত কী?
আবার ভাবি মিছেমিছি মানুষ
হতে চেয়েছিলাম কেনো?
আমার বৃক্ষশরীরে তবে কি
একটা মানুষ্যমন ছিলো?

যাক, বলছিলাম কী, শুলে বা বসলে
আমার ফেলে আসা শরীরটার কথা
মনে পড়ে। বুকটা চিনচিন করে ওঠে
আমি দাঁড়িয়ে যাই
সটান ঋজুতায় ফোটাতে চাই বৃক্ষজন্মের স্মৃতি।

অনুশোচনা হয় আমি একটা সপ্রাণ
জীবন ছেড়ে এসেছি বলে। আমার ডালে-ডালে
ছিলো পাখ-পাখালির কলরব, কোলাহল।
কতো কীট-পতঙ্গ। কাঠ বিড়ালীর চাঞ্চল্য।
পাখির বাসা। সাপের নিঃশব্দ চলা।
সব ছেড়ে শুধু চরাচরে চরে বেড়ানোর
লোভে আমি মানুষ হয়ে গেলাম।
আবার ভাবি, মানুষের শরীরেও তো আছে
অসংখ্য জীবাণুর আশ্রয়!
আসলে জীবন মানে তো বিচিত্র প্রাণের বর্ণিল উৎসব
ইচ্ছায় বা অনিচ্ছায় প্রাণে প্রাণে বাঁধা
অদৃশ্য সেতু--পারাপারের পার্বণ।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
তাজা কলম বলেছেন: অনুশোচনা হয় আমি একটা সপ্রাণ
জীবন ছেড়ে এসেছি বলে। আমার ডালে-ডালে
ছিলো পাখ-পাখালির কলরব, কোলাহল।
কতো কীট-পতঙ্গ। কাঠ বিড়ালীর চাঞ্চল্য।
পাখির বাসা। সাপের নিঃশব্দ চলা।
সব ছেড়ে শুধু চরাচরে চরে বেড়ানোর
লোভে আমি মানুষ হয়ে গেলাম।
আবার ভাবি, মানুষের শরীরেও তো আছে
অসংখ্য জীবাণুর আশ্রয়--
আসলে জীবন মানে তো বিচিত্র প্রাণের বর্ণিল উৎসব।
ইচ্ছায় বা অনিচ্ছায় প্রাণে প্রাণে বাঁধা
অদৃশ্য সেতু--পারাপারের পার্বণ।


+++++++++++ অসম্ভব ভাল লাগলো কবি।

Click This Link
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
সিদ্ধার্থ আনন্দ বলেছেন:
প্রাণে বিচিত্র দোলা লাগল।।

মহাত্না আহমদ ছফা'র সে প্রবীণ বটবৃক্ষকে মনে করিয়ে দিলেন।

ধন্যবাদ।
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৩৮
আহসান জামান বলেছেন: আসলে জীবন মানে তো বিচিত্র প্রাণের বর্ণিল উৎসব
ইচ্ছায় বা অনিচ্ছায় প্রাণে প্রাণে বাঁধা
অদৃশ্য সেতু--পারাপারের পার্বণ।

--------------------------------------------------------------------------
চমৎকার।
৫. ২২ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪
লীনা দিলরূবা বলেছেন: আলগোছে জীবনচরিত জানা হয়ে গেল! আপনার মানবজন্ম সার্থক। দিস্তা দিস্তা কাগজের দরকারই পড়লোনা।

১৯৯১'র ২৯ এপ্রিল অনেকের জীবনে অনেক ক্ষত রেখে গেছে, আপনার গল্পের নায়কেরতো ১৭, ২৯ লাগাতার।
৬. ২৩ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:১০
হারুন আল নাসিফ বলেছেন: লেখক বলেছেন: মানবজন্ম সার্থকতার গাছপাথর যে একেকজনের কাছে একেকরকম!
প্রীত আপনার সনদে। ধন্যবাদ টু দ্য পাওয়ার এন।
৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:৪৬
আহমদ ময়েজ বলেছেন:
এক চরম উত্তেজনায় চরিত্র খনন হতে হতে কবিতার কথা ভুলে যাই। এভাবে কবিও মাঝেমধ্যে কবিতার পথ ধরে মূল কাঠামোটাকেই ভুলিয়ে দেন।



মঙ্গলার্থে ...

 

মোট সময় লেগেছে ০.৯৭২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ব লেখকের। এখানকার কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ, ছাপানো বা অনুলিপি করা অগ্রহণযোগ্য।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই