২০০৬ এর ডিসেম্বরে যখন দেশে গেলাম, ছোটআপার বাসায় গেলাম এক দুপুরে। আপা গরুর মাংস রাঁধছিল। হঠাৎ আপার কাজের মহিলাটি একটা বাটি বাড়িয়ে দিয়ে বলেছিল, "আপা, কয়টুকরা মাংস দেন। পুলাটারে মনে হয় এক বছরের বেশী হইছে একটুকরা মাংস খাওয়াইতে পারিনাই।" আপা চোখ ছলছল করে আমাকে বলেছিল, "দেখলি, দেশটা কই যাচ্ছে? চাল-ডাল কিনতেই ওর সব টাকা শেষ!" এখন হয়ত কাজের মহিলারা বাটি বাড়িয়ে মাংস চাইবেনা, ডাল পেলেই বর্তে যাবে।
এখন প্রশ্ন হলো, কেন এই অবস্থা?
সবাই একাধারে বর্তমান তত্বাবধায়ক সরকারকে দোষ দিচ্ছে, যেন এরা বিদেয় হলেই সব ঠিক হয়ে যাবে!!
কিন্তু এখনও দেখতে পাচ্ছিনা কোন বিশ্লেষণ, কেন এরকম দেড় দুইগুন বেড়ে যাবে জিনিসপত্রের দাম, মাত্র একবছরে!! প্রশ্ন হলো, দোষ দেয়া যায়, কিন্তু প্রতিকারের কথাটা কিন্তু কেউ বলতে পারছেনা।
কারণ জানতে চাইলে, কেউ বলছে সিন্ডিকেটিং, কেউ বলছে সরকারের সাথে বিশ্বব্যাংকের সখ্যতা, কেউ দুষছে ভারতক কেউ বলে সিডরের ক্ষয়ক্ষতি।
প্রতিকার জানতে চাইলে অধিকাংশ লোকেই চুপ হয়ে যায়, কেউ বলে এই সরকার গিয়ে গণতান্ত্রিক সরকার আসলেই ঠিক হয়ে যাবে? কেউ বলে ভারতের সাথে ঠিকমতো কূটনীতি করতে পারলেই হবে। কিন্তু কিভাবে? আরেকটু উদাহরণসহ জানতে চাই।
মনে রাখবেন, আমরা যারা এখানে ব্লগিং করি তাদের প্রায় সবারই ইন্টারনেটের মতো বিলাসিতার পেছনে খরচ করার সামর্থ্য আছে, অর্থাৎ, খাবারের দামের এই ঊর্ধগতি আমাদের সেরকম দুশ্চিন্তায় ফেলছেনা। তাই একটু সমালোচনা করে তারপর কফিকাপ হাতে টিভির সুইচ অন করে সহজেই আমরা আত্মতৃপ্তি পেতে পারি। কাউকে বকাঝকা করাটা বেশ আনন্দের, বিশেষ করে সরকারকে।
কিন্তু এতে কোন পরিবর্তনই আসবেনা, অবস্থার উন্নতি হবেনা সামান্যও।
আসুন, আলোচনা করুন, সমাধানের পথ বের করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

