চীনা জাতির পুরনো রাজনীতি এবং পুরনো অর্থনীতি কি? এবং তার পুরনো সংস্কৃতিই বা কি?
চৌ ও ছিন রাজবংশের আমল থেকেই চীনা সমাজ ছিল সামন্ততান্ত্রিক। তার রাজনীতি ও অর্থনীতির চরিত্র সেইমতো ছিল সামন্ততান্ত্রিক। ঐ রাজনীতি ও অর্থনীতির প্রতিফলন হিসেবে প্রভুত্বকারী সংস্কৃতি ছিল সামন্ততান্ত্রিক সংস্কৃতি।
চীন দেশের উপর বিদেশী পুজিবাদের আক্রমণ এবং চীনের সমাজে ধীরে ধীরে পুজিবাদী উপাদানের জন্ম ও বিকাশের পরিণতিতে চীনের সমাজ ক্রমান্বয়ে একটি ঔপনিবেশিক, আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রিক সমাজে পরিবর্তিত হয়েছে। বর্তমান চীনে জাপানীদের অধিকৃত এলাকার সমাজ ঔপনিবেশিক; কুওমিনতাঙ শাসিত এলকায় সেটা মূলতঃ আধা-ঔপনিবেশিক; এবং উভয় অঞ্চলের সমাজে সান্ততান্ত্রিক ও আধা-সামন্ততান্ত্রিক ব্যবস্থারই প্রাধান্য রয়েছে। এটাই হল বর্তমান চীনের সমাজের চরিত্র, এটাই হল চীন দেশের বর্তমান অবস্থা। প্রভুত্বকারী উপাদান হিসেবে এই ধরনের সমাজের রাজনীতি ও অর্থনীতি হচ্ছে ঔপনিবেশিক, আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রি; আর তাদের প্রতিফলন হিসেবে প্রভুত্বকারী সংস্কৃতিও হলো ঔপনিবেশিক, আধা-ঔপনিবেশিক এবং আধা-সামন্ততান্ত্রিক।
এই প্রভূত্বকারী রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিই আমাদের বিপ্লবের আক্রমণের লক্ষ্যবস্তু। এ ধরনের ঔপনিবেশিক, আধা-ঔপনিবেশিক ও আধা-সামন্ততান্ত্রিক পুরনো রাজনীতি, পুরনো অর্থনীতি এবং সেগুলির সেবায় নিয়োজিত পুরনো সংস্কৃতিকে আমরা নির্মূল করতে চাই; প্রতিষ্ঠা করতে চাই সেগুলির ঠিক বিপরীত, অর্থাৎ চীনা জাতির এক নতুন রাজনীতি, নতুন অর্থনীতি ও এক নতুন সংস্কৃতি।
তা'হলে, চীনা জাতির নতুন রাজনীতি ও নতুন অর্থনীতি কি? এবং চীনা জাতির নতুন সংস্কৃতিই বা কি?
চীন বিপ্লবের ঐতিহাসিক ধারাকে দুইটি পর্বে ভাগ করতে হবে; প্রথমে গণতান্ত্রিক বিপ্লব এবং তারপরে সমাজতান্ত্রিক বিপ্লব। এই দুই বিপ্লবী প্রক্রিয়ার চরিত্র ভিন্ন। এখানে উল্লিখিত গণতন্ত্র পুরনো রকমের গণতন্ত্রের অন্তর্ভূক্ত নয়, এটা পুরনো গণতন্ত্র নয়, বরং এটা নূতন ধরণের গণতন্ত্রের অন্তর্ভূক্ত-- এটা হচ্ছে নয়া গণতন্ত্র।
সুতরাং একথা নির্দিষ্ট করে বলা চলে যে, চীনা জাতির নতুন রাজনীতি নয়া গণতন্ত্রের রাজনীতি; তার নতুন অর্থনীতি নয়া গণতন্ত্রের অর্থনীতি এবং নতুন সংস্কৃতি নয়া গণহন্ত্রের সংস্কৃতি।
এই হল বর্তমান চীন বিপ্লবের ঐতিহাসিক বৈশিষ্ট্য। চীনে বিপ্লবী কাজে নিযুক্ত যে কোন রাজনৈতিক পার্টি, গ্রুপ বা ব্যক্তি যদি এই ঐতিহাসিক বৈশিষ্ট্য বুঝতে না পারে, তাহ'লে তারা বিপ্লব পরিচালনা করতে পারবে না, পারবে না বিপ্লবকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে। বরং তারা জনসাধারণ কর্তৃক পরিত্যক্ত হবে এবং শেষ পর্যন্ত অরণ্যে রোদন ক'রে নিজের ভাগ্য সম্বন্ধে হাহুতাশ করবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

