ব্লগের প্রথম পাতায় একটা কবিতা দিয়ে অপেক্ষা করছি সেটা কখন অস্ত যায়, অর্থাৎ দ্বিতীয় পাতায় চলে যায়। আরেকটা পোস্ট দিতে চাই। কিন্তু বেলা বাড়ে সূর্য ডোবে না। ফলে পোস্টও দ্বিতীয় পাতায় যাই যাই করেও যায় না। তাই গ্রুপে পোস্টটা দিতে ইচ্ছা হলো।
কাল টিভি খুলে মনটা খারাপ হয়ে গেল। গত কয়েক দিনে টিভি চ্যানেলগুলোতে অদ্ভূত কিছু বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে। ২০-২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের পর এ ধরনের কিছু বিজ্ঞাপন দেখা যেত। তবে কারা বিজ্ঞাপনটি প্রচার করেছেন তা তখন বোঝা গিয়েছিল। বিজ্ঞাপনগুলোতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রদের সমালোচনা করা হয়েছিল। বহিরাগতদের দোষারোপ করা হয়েছিল। এই সব বিজ্ঞাপনে ড. আনিসুজ্জামানের মতো মানুষ সরকারের পক্ষে যায় এমন বক্তব্য দিয়েছিলেন। তিনি সরকারের পক্ষ নিতেই পারেন। কিন্তু সরকারি প্রেসনোট ধর্মী বিজ্ঞাপনে এভাবে তাকেই কেন বলবে হবে সে প্রশ্ন নিশ্চয়ই তোলা যায়। এরপর এধরনের বিজ্ঞাপন প্রচার করা হলো তারেক রহমানের রিমান্ড নিয়ে প্রকাশিত ছবি বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার জন্য। বিজ্ঞাপনটিকে যুক্তিযুক্ত মনে হলো। এবং এটি প্রচার করে অনেকেরই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়েছে। কিন্তু ছবিটি বগুড়ার রতনের হলেও তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়নি এ কথা কিন্তু প্রমাণিত হয়নি।
যাই হোক, কাল রাতে আরেকটি বিজ্ঞাপনচিত্র দেখে রীতিমতো মন খারাপ হয়ে গেল। আবারও বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। সরকারের পুরো মেশিনারি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের গ্রেফতার করে আর হজম করতে পারছে না তখন এ ধরনের বিজ্ঞাপন সত্যি খুব কষ্ট দেয়। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাদের সহপাঠী ও শিক্ষকদের মুক্তির দাবিতে। অথচ তাদের ছবি দেখিয়ে বলা হলো, এরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী দলীয় প্রতিনিধি। জিজ্ঞেস করা হলো, এরা কারা? নাটক করছে কারা? শিক্ষকদের ছবি দেখিয়ে বলা হচ্ছে এরা দলীয় শিক্ষক। বিজ্ঞাপনটিকে আর যাই বলা হোক সুরুচিকর বলা যায় না।
দেশের সব টিভি চ্যানেলে ক্ষণে ক্ষণে এই বিজ্ঞাপনটি প্রচার করা হচ্ছে। অথচ এটি কার পক্ষ থেকে প্রচারিত হচ্ছে তা বলা হচ্ছে না। এটি কি সরকারি প্রেসনোট, এটি কি পুলিশের বক্তব্য? কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন? নাকি টিভিগুলো নিজেদের উদ্যোগে এটি প্রচার করছে? কেউ কেন এর দায়ভার নিচ্ছেন না। কোনো ক্রেডিট লাইন কেন দেখানো হচ্ছে না?
বিজ্ঞাপনটি আমার মধ্যে একটা অসহায়ত্ব তৈরি করছে। আমি বুঝতে পারছি না, কিভাবে এই বিজ্ঞাপন আমাদের 'স্বাধীন' গণমাধ্যম 'স্বেচ্ছায়' প্রচার করছে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


