বৃষ্টি হচ্ছে। কখনো ঘুমানি, কখনো ঝিরঝির, কখনো ঝরঝর। কখনো মাতাল বৃষ্টি, কখনো তালে ঠিক। হাজার রকমে ঝরছে পানি এই ঘোর কলির বর্ষায়। আবার এসেছে আষাঢ়, গান করছি। গতবছর যেন আসোনি ভুলে। এইবার এসে গেছো। অর্থাৎ, ঠিক ঠাক বৃষ্টি হচ্ছে। মানে রাস্তায় কাদা হচ্ছে, মাথায় ছাতা হচ্ছে। রিকশায় ঝাপটা লাগছে। ভিজে যাচ্ছে, যা ভেজার। কাদা এড়িয়ে, গা বাঁচিয়ে চলছি এই ঘনঘোর কলির বর্ষা। ফ্লু হচ্ছে, এন্টিবায়োটিক হচ্ছে, ভাইরাল ফিভার হচ্ছে। তার মানে ঠিকঠাক পুরো বাংলা জুড়ে এসেছে নতুন ঋতু। স্থান ছেড়ে দিতে হবে না। ও এমনেই এসে চলে যাবে। সব মাথায় ওপর দিয়ে চলে যাবে, বৃষ্টিবাতাস। কিছু বুঝবোই না। মাথায় ওপর দিয়ে শরতের মেঘের মতো হাইথট বর্ষাকাল দেখতে দেখতেই চলে যাবে।
ভাবছি। অবাক হচ্ছি। সন্দেহ করছি, আসলেই যেমন বলা হচ্ছে সেভাবেই হচ্ছে, নাকি একটু আলাদাভাবে ঝরছে জল। ফোন করে, মেইল করে, এসএমএস করে খবর নিচ্ছি। তোমাদের ওখানে ঠিকঠাক ঝরছে তো? এইভাবে হঠাৎ জেনে যাচ্ছি, তুমি স্বেচ্ছায় বৃষ্টিতে ভিজছো। খুব রোমান্টিক আইডিয়া। আহা কতদিন ভিজি না। আমাদের সবার পক্ষ থেকে তুমি ভিজছো। এই ভাল। কিন্তু তোমার ফোনের কী হলো?
ফোন বাঁচিয়ে ঠিকঠাক ভিজতে পারলে তো? এই বর্ষায়?
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


