কখনো মেঘ, আকাশভরা আলো
কখনো শুধু শুধুই লাগে ভালো
কখনো চুল চুঁয়ে চুঁয়ে পড়ে
নীরব জল অবাক হয়ে ঝরে।
যখনি তুমি দিচ্ছো একটু ডাক
তখনি এই হৃদয় পুড়ে খাক
এখনো শুধু তোমার কথাই ভাবি
যদিও নেই সাহস, কোনো দাবি।
তোমার মুখ দেবীর মতো ম্লান
ওখানে আজ বিপুল শোকের গান
তোমার সুরে ওঠে নীরব সুর
কাছেই আছো তবু অনেক দূর।
তোমার ভেতর জাগছে নতুন নারী
সঙ্গোপনে ভক্ত আমি তারি
তুমি আমার স্বপ্নে আসো আজ
আকাশ জোড়া মেঘের নানা ভাঁজ।
মেঘগুলোকে বৃষ্টিবন্দি করো
বাড়িয়ে রাখা হাত দুখানা ধরো।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


