কবিতা নিয়া খুব কথা চলতেছে। ব্লগটাকে এখন মোটামুটি দুইভাগে ভাগ কইরা ফেলা চলে। একভাগে আছেন কবিতা পোস্ট করতে চান এমন ব্লগাররা আর আরেকভাগে আছেন কবিতা পোস্ট করার বিরোধী ব্লগাররা। কবিতা নিয়া নানা অকথা-কুকথা কওয়া হইছে। কবিদের কাক-কোকিল ইত্যাদির সঙ্গেও তুলনা করা হইছে। আবার কবিদের প্রকাশভঙ্গির মোহনীয়তা নিয়াও প্রশংসা করা হইতেছে। কয়েকদিনে যে পোস্টগুলা পড়লাম তাতে বেশ মজাই লাগলো। বেশ তো কথা হইতেছে।
ব্লগে বহু মানুষ বহু রকম কবিতা লেখতেছেন শুরু থেকে। এই নিয়া জোরালো কোনো কথা উঠে নাই। বরং ব্লগে কিছু সার্কাস দেখা গেছে। এইখানে সেরা কবি নির্বাচনও হইছে। যে নির্বাচনে অপাঠ্য, অশ্রাব্য কবিদের কবিতা সেরা বইলা গণ্য হইছে। অথচ বাংলা ভাষার সাম্প্রতিক কালের সেরা কয়েকজন কবি এইখানে তখন ব্লগিং করতেছিলেন। অবস্থা দেইখা মনে হইতেছিল কবিদের মাৎস্যান্যায় কায়েম হইছে। যেইখানে ছোট কবিরা দল বাইন্ধা বড় কবিদের খাইতে উদ্যত। বড় ও ভাল কবিরা এখনও এইখানে ব্লগিং করেন। তারা নীরবে কবিতা দেন। বড় জোর ৫০-৮০ জন পাঠক পড়ে। আমরা নীরবতা দিয়া তাদেরকে এড়ায়ে যাই। অন্যদিকে ছোট কবিদের কবিতায় ঝাঁকে ঝাঁকে কমেন্ট পড়ে। সরবতা দিয়া আমরা ছোটরে বড় কইরা তুলছি।
ব্যাপার এমন দাঁড়াইছে যে, বাংলাভাষার অনলাইন মাধ্যমের প্রতিনিধিত্বশীল একটা জায়গায় কবিতা বলতে যা পোস্ট করা হইতেছে, তার অধিকাংশই কবিতা পদবাচ্য হইতেছে না। ব্লগের কবিতারে কবিতা হইতেই হবে এমন তো কথা আছিল না, কেউ হয়তো কইতে পারেন।
হ কথা সত্য। ব্লগের লেখার স্টাইলই আলাদা। ব্লগে দেখলাম, লোকে ডায়রিও কবিতার মতো কইরা লেখে। প্রেমপত্রও ইনায়ে বিনায়ে কবিতা হয়া যায়। মন খারাপ হইলে কি মন ভাল হইলেও লোকে সেইটা কবিতা আকারে প্রকাশ করে। বাঙালির এলানো স্বভাবের কারণে স্বাভাবিকভাবে তার প্রতিদিনের বাক্যগুলাও এলায়ে যায়। সাধারণ কথা কবিতা হয়া উঠতে চায়। এখন সেই কথা/কবিতাগুলারে কবিতা হিসাবে না পড়লেই হয়। কিছু ব্যক্তিগত অনুভুতি হিসাবে পাঠ করি না কেন আমরা।
এইখানকার
কোনো কবি তো কয় নাই যে,
ভাইটি, দেখেন আমি একজন মহাকবি হইছি
আমারে আপনেরা স্বীকৃতি দেন।
অমুক তমুক।
তাই না?
লোকে মনে আনন্দে কথা লেখতেছে।
কিছু কথা কবিতার মতো কইরা
সাজায়ে পরিবেশন করতেছে।
আমি এইটার মধ্যে কোনো দোষ দেখি না।
আমি চাই কবিতা লেখা চলতে থাকুক।
এখন বিষয় হইলো, ব্লগে যারা ভাল কবিতা পড়তে চান, তারা কবিতা লিখার বিরোধিতা করতে পারেন কি না। আমার মতে পারেন না। আপনেরা ভাল কবিতা নিয়া আলোচনা করেন। ভাল কবিতা কোনটা দেখায়ে দেন। ভাল কবিতা কেমনে হয় সেইটা কন। যারা লেখতে পারলো না, তারা কি লেখবে না আর? লেখবে। অবশ্যই লেখবে। ব্লগের হাজার কবির মধ্য থিকা একজন যদি ভাল কবি হবার বাসনা পোষণ করে ভালো লেখে তাইলেই তো ব্লগ স্বার্থক হয়া গেল। কিন্তু কোনো একটা ফর্মে মতপ্রকাশ করা যাবে অন্য ফর্মে যাবে না। এইটা আমি মানতে পারলাম না।
তবে খারাপ কবিদের জানতে হবে যে কবিতা লিখা শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়। কবিতার ইতিহাসের মধ্যে থাকতে হয়। স্বতস্ফূর্ত আবেগই কবিতা নয়। খালি দল ভারি কইরা কমেন্ট জোগাড় করলে কবিতা ভাল হয়া যায় না। ছোট কবিদের এই মাৎস্যানায়ের বিরুদ্ধে কথা চালাইতে হবে।
সবই চলুক। লেখতে লেখতে। কথা খারাপ লাগলে ওয়াজ দিয়েন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




