একদিন এ শহর নিজেই নিজের ভীড়ে দাঁড়িয়ে যাবে।
মানুষের ভীড়ে মানুষ গাড়ির ভীড়ে গাড়ি রাস্তার ভীড়ে রাস্তা
এক পা আগাতে পারবে না।
নিজেই নিজের স্থবিরতায় টাশকি খেয়ে যাবে এ শহর।
হয়তো
খুব ভাংচুর হবে, হয়তো হরতাল হবে,
হয়তো কিছুই হবে না।
মানুষ মালসামান নিয়ে নীরবে চলে যাবে, দূরে, গ্রামে।
হয়তো কিছুই হবে না খুব হর্ন বাজবে,
সাইরেন বাজবে, সেনাবাহিনী নামবে রাস্তায়,
সিটি বাজবে, ফায়ারব্রিগেড এসে পানি ছিটাবে।
মন্ত্রী আসবেন, বিশ্বব্যাংক আসবে, আসবেন জর্জ বুশের নাতনি।
হয়তো আমেরিকান নৌবহর থেকে বাংলার অমোচনীয় জ্যাম মোচনের চেষ্টা হবে।
অনেকদিন ধরে একটু একটু করে জ্যাম ছুটবে। একটা একটা করে গাড়ি,
একটা একটা করে মানুষ হয়তো ঘরে ফিরবে।
তারা দেখবে ডিজিটাল বাংলার স্বপ্ন যেখানে জ্যাম নেই, জেলি নেই। রাস্তা নেই।
শুধু থাকবে এক ভার্চুয়াল জীবন। তারা ফোনে কথা বলবে।
ইমেইল চালাচালি করবে। ফেসবুকে দিন কাটাবে।
কাজ করবে অনলাইনে বসে।
আবার ঘর থেকে বের হয়ে কোথাও যাবার কথা উঠলে
নিজের ভাগ্যের কথা ভেবে তারা কেঁদে উঠবে।
হয়তো এসবের কিছুই হবে না।
'খুব শীঘ্রই সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




