সেলুনে যেখানে লেখা থাকে ‘চুল কাটানো ৩০ টাকা, শেভ করা ১৫ টাকা’, সেখানে লেখা থাকবে—চুল কাটানো ৩০ টাকা, শেভ করা ১৫ টাকা এবং শাহরুখ খানের কনসার্টের টিকিট ২০০০০ টাকা।
রাস্তার পাশের দেয়ালে কিংবা মীনা কার্টুনের ব্যানারে যেখানেই লেখা থাকে ‘আপনার সন্তানকে স্কুলে পাঠান’, সেখানে লেখা থাকবে—আপনার সন্তানকে স্কুলে পাঠান, পাশাপাশি শাহরুখ খানের কনসার্টে।
বাসের গায়ে যেখানে লেখা থাকে ‘১০০ ও ৫০০ টাকার ভাংতি নেই’, সেখানে লেখা থাকবে—১০০ ও ৫০০ টাকার ভাংতি নেই। ভাঙাতে চাইলে শাহরুখ খানের কনসার্টের টিকিট কিনুন।
বাসের পেছনে যেখানে লেখা থাকে ‘১০০ হাত দূরে থাকুন’, সেখানে লেখা থাকবে—১০০ হাত দূরে থাকুন, তবে শাহরুখ খানের কনসার্টের কাছাকাছি থাকুন।
সমাজকল্যাণমূলক ক্লাবগুলোর সাইনবোর্ডের ওপরের মাথায় লেখা থাকে ‘শিক্ষা শান্তি ঐক্য প্রগতি’। এখন লেখা থাকবে—শিক্ষা শান্তি ঐক্য প্রগতি এবং শাহরুখ খানের কনসার্ট।
ফোন কোম্পানির বিলবোর্ডে যেখানে লেখা থাকে ‘কাছে থাকুন’, সেখানে লেখা থাকবে—কাছে থাকুন, অবশ্যই শাহরুখ খানের কাছে এবং তাঁর অটোগ্রাফ নিন।
রুমালে যেখানে লেখা থাকে ‘ভুলো না আমায়’, সেখানে লেখা থাকবে—ভুলো না আমায় আর ভুলো না শাহরুখ খানের কনসার্টের ডেটটা।
স্কুলের লিফলেটে যেখানে লেখা থাকে ‘আসন সীমিত’, সেখানে লেখা থাকবে—আসন সীমিত, ঠিক শাহরুখ খানের কনসার্টের মতো অবস্থা।
ডাক্তারের চেম্বারে যেখানে ‘ডাক্তার আছেন’ কিংবা ‘ডাক্তার নেই’ লেখা থাকে, সেখানে লেখা থাকবে—ডাক্তার আছেন। তবে আগামী ১০ তারিখে থাকবেন না, শাহরুখ খানের কনসার্টে যাবেন।
রাস্তায় ট্রাফিক সাইনবোর্ডে লেখা থাকে ‘সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলুন’। এখন লেখা থাকবে—সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলুন। দুর্ঘটনা ঘটালে শাহরুখ খানের কনসার্টে যাবেন কীভাবে?
রাস্তার পাশের বড় ডাস্টবিনের গায়ে যেখানে লেখা থাকে ‘আমাকে ব্যবহার করুন’, সেখানে লেখা থাকবে—আমাকে ব্যবহার করুন। যেখানে-সেখানে ময়লা পড়ে থাকতে দেখলে শাহরুখ খান কী মনে করবেন বলুন তো!
দোকানে যেখানে লেখা থাকে ‘ধন্যবাদ আবার আসবেন’, সেখানে লেখা থাকবে—ধন্যবাদ, আবার আসবেন। হোক সেটা শাহরুখ খানের কনসার্টের আগে কিংবা পরে।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


