কেমন যেন নদী কাঁদে খুব পুরোনো লিপির মত
শ্রাবন যেমন আধাআধি বালির বুকে নত;
বিষন্ন রাত বিষন্ন চাঁদ-তারার রাত্রি যাপন
এক সময়ে নদীর কাছে আষাঢ় যেমন আপন।
গাঢ় সবুজ কাশের গাছে কলি ফুটি ফুটি
শরৎ বুঝি এসেই পড়ে,শাদা মেঘের জুটি;
এমন কি আর কথা ছিল!বুক যে নদীর খালি
বর্ষা বিদায় কদিন পরে,পাড় শুকনো বালি।
এই মধ্য শ্রাবনে পদ্মায় পানি নেই।থই থই নদী বুঝি আর কখনো দেখা হবেনা।নদীর মত শুকিয়ে গেলে আবেগ,কবিতাও কি আর লেখা হবে কখনো!দিনের পর দিন বৃষ্টি দেখিনা,মনে রাখার মত বৃষ্টি।মুঠোফোনে শুনি দেশের আজ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে।
ভাগ্যবান মানুষগুলোকে বড় হিংসে হয়।হিংসুটে এক রমনীর মত আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে,পুরোনো বর্ষার মত আমিও ভিজতে চাই।বর্ষা কেন পুরোনো হবে!নতুন শিশুর মত চিৎকার করে কাঁদুক,নইলে আর কিভাবে কালিদাসের জন্ম হবে?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


