আগামীকাল মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভের লটারি ‘ডিভি-২০১২’ এর আবেদন করা যাবে। ওইদিন বাংলাদেশ সময় রাত ১০টার পর ডিভি লাটারি-২০১২ এর আবেদন করা যাবে। চলবে ৩ নভেম্বর রাত ১০টা পর্যন্ত। গতকাল রোববার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। নগরীর কারওয়ানবাজার এলাকায় অবস্থিত যাত্রী মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সান্ড্রা ইনগ্রাম বলেন, গতবারের মতো এবারো অনলাইনে ডিভি লটারির আবেদন করতে হবে। এ জন্য কোনো ফি দিতে হবে না। আবেদনের সঙ্গে অবশ্যই স¤প্রতি তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি দিতে হবে। পুরনো ছবি দিয়ে আবেদনকারীকে শনাক্ত করা যায় না বলে তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক ব্যক্তি একাধিকবার আবেদন করলে সবগুলোই বাতিল করা হবে। ডিভি লটারির যাবতীয় তথ্য ইংরেজিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট http://www.dvlottery.state.gov এবং বাংলায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইট http://www.dhaka.usembassy.gov এই ঠিকানায় পাওয়া যাবে। ২০১১ সালের ১ মে থেকে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে লটারির ফলাফল দেখা যাবে।
ইনগ্রাম জানান, স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানের নামও আবেদনে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি এমন হয় যে, তারা ভিসা পেলেও যুক্তরাষ্ট্রে যাবেন না তারপরও তাদের নাম দিতে হবে। আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পাস অথবা পেশাগত যোগ্যতা প্রমাণ করতে হবে। তবে পেশাগত যোগ্যতা দিয়ে ভিসা পাওয়া খুব কঠিন।
তিনি বলেন, এবারের ডিভি লটারিতে বাংলাদেশসহ অন্য কোনো দেশের জন্যই কোটা নেই। তবে একটি দেশ থেকে সর্বোচ্চ ছয় হাজার ডিভি ভিসা ইস্যু করা হবে। গত পাঁচ বছরে ৫০ হাজারের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে যাওয়ায় এ অঞ্চল থেকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা এবার ডিভি আবেদন করতে পারবেন না বলেও তিনি জানান। এ সময় দূতাবাসের তথ্য বিভাগের প্রধান প্যাট্রিসিয়া হিল উপস্থিত ছিলেন।
ডিভি লটারি চালুর পর বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ৩৯ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছেন জানিয়ে তিনি বলেন, ২০১০ সালের ডিভিতে এখন পর্যন্ত ২ হাজার ৮৯৬ জনকে ভিসা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এ বছর কাউকে চিঠি বা ই-মেইলের মাধ্যমে ডিভি লটারি বিজয়ের খবর জানানো হবে না। অনলাইনে আবেদন করার সময় যে প্রাপ্তি স্বীকারপত্র দেয়া হবে আবেদনকারীকে তা প্রিন্ট করে রাখতে হবে। পরে এই প্রাপ্তি স্বীকারপত্রে থাকা নম্বর ব্যবহার করেই ডিভি লটারির ফলসহ যে কোনো তথ্য জানা যাবে।
এ জন্য যথাসম্ভব নিজস্ব ই-মেইল একাউন্ট থেকেই ডিভি লটারির আবেদন পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাইবার ক্যাফে বা কোনো এজেন্টের মাধ্যমে আবেদন পূরণ করালে তারা অনেক সময় আবেদনকারীর তথ্য বিকৃত করে। তাছাড়া ভবিষ্যতে ডিভি সংক্রান্ত যে কোনো যোগাযোগ আবেদনের সঙ্গে দেয়া ই-মেইলের মাধ্যমে করা হবে। ফলে আবেদনকারী ডিভি সংক্রান্ত তথ্য নাও পেতে পারেন। এজেন্ট বা সাইবার ক্যাফে কর্তৃপক্ষ ওই তথ্য ব্যবহার করে আবেদনকারীর কাছ থেকে অর্থ আদায় করে।
আগ্রহীদের যথাসম্ভব দ্রুত আবেদন জমা দেয়ার আহ্বান জানিয়ে ইনগ্রাম বলেন, শেষ দিকে অসংখ্য মানুষ একযোগে আবেদন প্রক্রিয়া শুরু করে। ফলে অনলাইনে জট লেগে যায়। এ জন্য অনেকের আবেদন পৌঁছায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



