আমার প্রিয় পোস্ট

তুমি আমার স্বপ্ন হাজার...

০৮ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৩৬

শেয়ারঃ
0 0 0

বেশ কয়েক বছর আগে শিকাগো শহরের ডাউন টাউনের চমৎকার কিছু নিদর্শন ও দর্শনীয় স্থান দেখেছিলাম। শিকাগো নেভী পিয়ারের অসাধারন সৌন্দর্য্য, লেক মিশিগানে অগুনিত বকের মতো ভেসে বেড়ানো শতশত বোটের দৃশ্য, ১৫০ ফুট উঁচু "ফেরিস হুইলে" বসে ডাউন টাউনের স্কাইলাইন দেখে, আরো অন্যান্য সব মজার রাইড ও ইভেন্ট উপভোগ শেষে ক্লান্ত। দুপুরের খাবারের পর সবাই ঘরে ফিরতে উৎসুক। তবে সব আনন্দই অপূর্ণ থেকে যাবে যদি "সিয়ার্স টাওয়ার" দেখা না হয়।

সিয়ার্স টাওয়ারের প্রবেশ পথে লম্বা লাইন, ইংরেজী "S" অক্ষরের পর ও আরো কয়েকটি প্যাঁচ! সেখানে যখন অপেক্ষা করছি, চোখ পড়লো অদুরে দাঁড়িয়ে থাকা এক ভদ্রমহিলার দিকে। বেশ ভীত চোখে দেখছেন মনে হলো। আমি নিজেও মাঝে মাঝে কিছু বেপারে একটু বেশি ঘাবড়ে যাই, তাই অন্যকেউ অকারনে ভয় পেলে বুঝতে পারি। বেচারীর দোষ দেয়া যায়না, তখন মাঝে মাঝেই লাল, কমলা এলার্টের খবর আসছে, তার উপর এসব আতংকের শুরু এর চেয়েও উঁচু দুটি দালানের ধ্বংস থেকে। আর আমার গ্রুপটির সবাই বেশ লম্বা আর সমবয়সী, ভয় তো পেতেই পারে। বেশ কিছু সময় পরও ওনার শংকা কাটছেনা দেখে মনে হলো, এগিয়ে গিয়ে বলি," ভয়ের কিছু নেই, এই যে পয়সা খরচ করে ১৪৫৪ ফুট উঁচু সিয়ার্স টাওয়ার দেখতে এসেছেন, এই টাওয়ারের প্রধান স্থপতি আর আমি এক সুত্রে গাঁথা, সেই সুত্রটির নাম বাংলাদেশ"।

অপেক্ষার পালা শেষ হলো, এক সময় আমরা টাওয়ারের ১০৩ তলার স্কাই ডেকে পৌঁছে যাই। এই অবজারভেশন ডেকটি ক্লোজড, কাঁচের দেয়ালে ঘেড়া, বাইরে বেরুনোর উপায় নেই। কাঁচের ভিতর দিয়ে যেটুকু দেখা যায়। বাইরের দৃশ্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে এমন সব স্থান বুঝেই এধরনের টাওয়ারগুলো সাধারনত বানানো হয়। নতুন করে শিকাগো দেখা, লেক মিশিগানের সৌন্দর্য্য আর শহরটির স্কাই লাইন দেখা, প্রতোটি এ্যঙ্গেল থেকে নিজস্ব সৌন্দর্য্য।

টাওয়ার থেকে নেমে বেড়িয়ে যাওয়ার পথে থমকে যেতে হলো। ছোট্ট একটি করিডোরের দেয়ালে ব্রোন্জের ম্যুরালের মতো আর সামনে একটি ব্রোন্জের আবক্ষ ভাস্কর্য। বড় বড় অক্ষরে লেখা "এফ আর খান", দেয়ালে তাঁর প্রতি সন্মান ও স্বীকৃতি জানিয়ে কয়েকটি লাইন। The Structural Engineers Associaion of Illinois Recognizes Fazlur Rahman Khan as one of The great Structural Engineers of Our Time.আনন্দে চিৎকার করে সবাইকে ডেকে দেখাতে ইচ্ছে করছিলো!! অন্যরকম এক ভালোলাগায় মন ভরে গেছে, শিকাগো শহরে এর চেয়ে সুন্দর, এর চেয়ে আনন্দদায়ক আর কিছু নেই মনে হলো।

সেখানে কতোক্ষন দাঁড়িয়ে ছিলাম জানিনা, অন্যদের ডাকে যখন সম্বিৎ ফিরে, সেই ভাস্কর্য্যের ছবি তুলতে যেয়ে লক্ষ্য করি চোখ ঝাপসা হয়ে এসেছে। সেখান থেকে বেড়িয়েও কেমন ঘোরের মধ্যে ছিলাম, এমন কিছু আশা করে টাওয়ারে যাইনি বলেই হয়তো। এভাবে চোখ ভিজিয়ে দেয়া Pleasant surprise পেতে কার না ভালো লাগে! আমার সৌভাগ্য, এফ আর খানের ব্রোন্জ মুর্তি দেখার অনুভূতির মতো আরো কিছু অভিজ্ঞতা হয়েছে। যেদিন ডঃ ইউনুসের নোবেল জয়ের খবর পেলাম, যেদিন নিউ ইয়র্কের সেই বাংলাদেশী ক্যাব চালকের খবর(যিনি তাঁর ক্যাবে রেখে যাওয়া যাত্রীর হাজার ডলারের হীরা ফেরত দিতে অন্য একটি এলাকা থেকে গাড়ি ঘুরিয়ে আগের গন্তব্যে ফিরে সেই যাত্রীকে খুঁজে বের করেছিলেন) আমেরিকার কয়েকটি প্রধান সংবাদ মাধ্যমে জানালো, সেসব দিন শিকাগোর মতো চোখ ভিজে উঠেছিলো। ঝাপসা চোখের সামনে শুধু ভেসে উঠে লাল সবুজে আঁকা পতাকা, হাজার হাজার মাইল দুরের ছোট্ট একটি দেশ.. মনে মনে বলি...

"তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজীর কোন তাস"

আমাদের সময়

 

সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১০ ভোর ৪:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৮
অভিযাত্রী বলেছেন: প্যারায় প্যারায় দারুন আকর্ষন.......।
৩. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:১৯
কালপুরুষ বলেছেন: অপূর্ব সুন্দর বর্ণনায় বলে যাওয়া মনের কথাগুলো হৃদয় ছুঁয়ে গেল। দেশের জন্য ব্যকুল অনুভূতির এমন প্রকাশ সবার মনকেই নাড়া দেয়। ভাল থাকুন। এ দেশের জন্য যা গর্বের তা শেয়ার করার জন্য অজস্র ধন্যবাদ।
৫. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ১২:২৪
কালপুরুষ বলেছেন: সকাল সকাল ষষ্ঠ ইন্দ্রিয় যথেষ্ট সক্রিয় বিধায়, লেখায় উপস্থিত পঞ্চব্যঞ্জনের পুরো আস্বাদনটা পাওয়া গেল। তাই ৫ না দিয়ে পারলাম না।
৭. ০৮ ই জুলাই, ২০০৭ দুপুর ২:৫৭
মানবী বলেছেন: ধন্যবাদ ভাস্কর চৌধুরী।
ভালো লাগলো জেনে, ধন্যবাদ অভিযাত্রী।

কাঁচা হাতের লেখার এমন প্রশংসার জন্য ধন্যবাদ কালপুরুষ।

মন্তব্যের জন্য ধন্যবাদ হাবিব ফটিকজল, সন্ধ্যাবাতি।
৯. ১০ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০৫
রোবট রাজকন্যা বলেছেন: সত্যিই তাই,

"তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজীর কোন তাস"




আমারও চোখ ঝাপসা হয়ে এলো, এই দেশ - এই দেশের মানুষের জন্য সত্যিকার অর্থেই যদি worthy কিছু করে যেতে পারতাম ! ! !
১০. ১০ ই জুলাই, ২০০৭ রাত ১১:৫৯
কালপুরুষ বলেছেন: তোমার হাত অমন কাঁচাই থাকুক চিরকাল,
কাঁচা বাঁশ কী কখনো ভাবে কঞ্চির কী হাল?
১১. ১১ ই জুলাই, ২০০৭ সকাল ১১:০০
এহেছান লেনিন বলেছেন: আপনার দেশপ্রেম আমায় ছুঁয়ে গেল। নম্বর দিয়ে এই লেখাকে খাটো করা ঠিক হবে না। এটা তারও উর্ধ্বে।
১২. ১১ ই জুলাই, ২০০৭ সকাল ১১:১৫
অভিযাত্রী বলেছেন: শুধু কি স্বপ্ন?
প্রথম সকাল
একাকী বিকেল
ক্লান্ত দুপুর .................অারো
১৩. ১১ ই জুলাই, ২০০৭ রাত ৯:৪৬
কালপুরুষ বলেছেন: কোথায় আপনি? গত দু'দিন থেকে লা পাত্তা। অনেক পোষ্ট যে এতিম হয়ে বসে আছে আপনার মন্তব্যের অপেক্ষায়। জলদি আসুন।
১৪. ১২ ই জুলাই, ২০০৭ রাত ৩:৫৬
নির্বাসিত বলেছেন: একমাত্র বিদেশে থাকলেই বোধহয় এমন করে দেখতে পারা যায়, এমন করে লিখতে পারা যায়। আহা- যদি প্রতিদিনই কিছু না কিছু ভাল খবর পেতাম দেশের আর দেশের মানুষের। লিখুন, আরো লিখুন।
১৫. ১২ ই জুলাই, ২০০৭ ভোর ৬:৪৭
মানবী বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ @মাহবুব সুমন, অভিযাত্রী

নিজের দেশকে সবাই ভালোবাসে শুধু প্রকাশ ভিন্ন রকম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ এহেছান লেনিন

ধন্যবাদ স্বভাবকবি কালপুরুষ।

এই ধরনের ভালো খবরের সংখ্যা আশা করি আরো বাড়বে, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ নির্বাসিত।
১৬. ১২ ই জুলাই, ২০০৭ ভোর ৬:৫৩
মানবী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অমানুষ।

অপ্রাসঙ্গিক প্রশ্ন, কেউ জানালে কৃতজ্ঞ হবো,
"কথপোকথন" এর সঠিক বানানটি কি হবে বুঝতে পারছিনা :(
১৯. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:১৮
ত্রিভুজ বলেছেন: "তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজীর কোন তাস"


এটা কি আপনার লেখা?
২০. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৩০
কালপুরুষ বলেছেন: "কথোপকথন" এটাই সঠিক মনে হয়।
২১. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৩৪
কালপুরুষ বলেছেন: কথা + উপকথন (উপকথা) = কথোপকথন
২২. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৩৬
মানবী বলেছেন: ধন্যবাদ মেজভাবী।

জ্বিনা আমার লেখা নয়, কে লিখেছেন জানিনা। এখানে শুনতে পারেন, মন্তব্যের জন্যবাদ ত্রিভুজ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কালপুরুষ।
২৩. ১২ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৩৭
মানবী বলেছেন: জন্যবাদ= জন্য ধন্যবাদ (ভুলের জন্য দুঃখিত)
২৫. ১২ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:২৮
সময়ের প্রান্তরে বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পেলাম এবং লেখাটি ছিল চমতকার। আমাদের দেশ নিয়ে আসলেই গর্ব করা যায়। গর্ব করা যায় আমার দেশের মানুষের সততা, সাহসিকতা, মেধা নিয়ে। সেই সব বাংলাদেশীর প্রতি রইলো আমার শ্রদ্ধা। আশা করবো আমরা যারা বাংলাদেশী তারা বার বার প্রমাণ করবেন বাঙ্গালীরা পেরেছে এবং পারবে
২৬. ১২ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩৪
বৃষ্টি মানব বলেছেন: সকল দেশের রানী সেযে...... আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
২৭. ১৩ ই জুলাই, ২০০৭ সকাল ৭:৪৩
মানবী বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ সময়ের প্রান্তরে, আপনার আশা পুরণ হোক।

ভালো বলেছেন, ধন্যবাদ বৃষ্টি মানব।
২৯. ২৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:০৪
সুমি বলেছেন: বলবো রাগ করবেন না তো--?
৩১. ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৩
কালপুরুষ বলেছেন: শরীর মন ভাল তো?
বর্ষার রাতে আকাশের তারা মেঘে ঢাকা পড়ে যায়। দিনের বেলা খুঁজেও লাভ হয়না।
৩২. ০৫ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৬
মানবী বলেছেন: আল্লাহ্'র রহমতে ভালো, ধন্যবাদ কালপুরুষ।
৩৩. ০৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:২৭
বকলম বলেছেন: আরে! এত ভাল একটা লেখা এতদিন চোখ এড়িয়ে ছিল!

কিছু মানুষের দূর্নীতি আর অসততার কারনে আমরা আজ পিছিয়ে আছি। আমরা চাই একজন সৎ দেশপ্রেমিক মানুষ যে আমাদের দেশকে একটি মালেশিয়া বা সিঙ্গাপুর করার জন্য নেতৃত্ব দেবে। আমি চাই আমি বিশ্বের যে প্রান্তেই যাই না কেন, আমার বুক যেন এই দেশের জন্য গর্বে ফুলে ফুলে উঠে, আমার চোখ যেন বার বার আবেগে ঝাপসা হয়ে যায়। আমি অন্তত: এই আনন্দটুকু নিয়ে মরতে চাই।

মানবী, আপনাকে ধন্যবাদ এই সুন্দর অভিব্যক্তির জন্য।

[প্রথম কমেন্টটি দয়া করে মুছে দেবেন]
৩৪. ০৯ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২২
কালপুরুষ বলেছেন: ব্লগ মানবীশুন্য হলে মানবকুল যে দানবে রূপান্তরিত হবে। জলদি আসুন। মানবীয় পরিবেশ যেন ভারসাম্যহীন হয়ে না পরে।
৩৫. ১৩ ই আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৯
মানবী বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ বকলম।

ধন্যবাদ কালপুরুষ।
৩৭. ১৩ ই আগস্ট, ২০০৭ রাত ১০:৪১
এরশাদ বাদশা বলেছেন: প্রশংসার পংক্তিমালায় ভরে গেছে আঙ্গিনা। স্বাভাবিক; লেখাটাই এমন। ইউনুসের নোবেল জয়, আমেরিকা প্রবাসী বাঙালির ইউরোপ জয়, বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস রচনা...., এরকম সাফল্যগুলো আমাদের মতো প্রবাসী বাঙালিদের মস্তক উঁচু করে। প্রেরণা পাই এগিয়ে যাবার, বেঁচে থাকার। ধন্যবাদ মানবী।
৩৮. ০১ লা সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯
নীলাঞ্জনা বলেছেন: চমতকার মানবী
অনেক শুভকামনা
৩৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪৮
তানভীর বলেছেন: মানবী, প্রিয় পোস্টে এড করলাম ৫+
৪০. ২৬ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:৫৩
সোনার বাংলা বলেছেন: "তুমি আমার স্বপ্ন হাজার
বুকেরই নিঃশ্বাস
তোমায় নিয়ে যায় কি ধরা
বাজীর কোন তাস"
৪১. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:০৯
মানবী বলেছেন: যীশূ, ধন্যবাদ।

এরশাদ বাদশা, সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

নীলাঞ্জনা, আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা।

তানভীর, অনেক ধন্যবাদ।

সোনার বাংলা, ধন্যবাদ ভাইয়া।
৪২. ০২ রা জুলাই, ২০০৮ সকাল ১১:২২
ফয়সল নোই বলেছেন: খুব ভালো লাগলো পড়ে।ধন্যবাদ আপনাকে।

+:)
৪৩. ২৮ শে জুলাই, ২০১০ ভোর ৫:৩১
মানবী বলেছেন: গানটি শুনতে ইচ্ছে করছিলো তাই দীর্ঘদনি পর পুরনো পোস্টের পাতা উল্টে দেখা...এখন জবাব না দেয়া মন্তবটি চোখে পড়লো...!

পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, আন্তরিক ধন্যবাদ আপনাকে।

দেরীতে জবাব দেবার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!! খুব খুব দুঃখিত!

ভালো থাকুন :-)

 

মোট সময় লেগেছে ১.০০৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই