মনে পড়ে আমার কথা?
.
আমরা এই দেশের স্বাধীনতার জন্য নিজেদের বির্সজন দিয়েছি। শকুনের নখের আঁচরে, শ্বাপদের থাবায় ছিন্ন ভিন্ন হয়েছি আমি, তাই আজ তুমি বুক ভরে নিঃশ্বাস নিচ্ছ এই স্বাধীন মাটিতে। হায়েনার বুলেট ভেদ করে গেছে আমার শরীর, সেই রক্তের ছিটা পড়েছে সবুজ মাটির বুকে, তাই আজ এই লাল সবুজে আঁকা পতাকা। দিনের পর দিন পশুর খাঁচায় বন্দী থেকেছি, বেয়নেটের খোঁচা শরীরকে যত জর্জরিত করেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে মনের ভিতর।
ক্ষত বিক্ষত শরীর সবাই দেখেছে, দেখেনি গ্রথিত শিকড়ের অন্তঃক্ষরণ! দিনের পর দিন, মাসের পর মাস প্রতি মুহুর্তের অপমান সয়েছি, কেন জান?
তোমরা এই মাটিতে হাসবে বলে।
তোমরা স্বাধীন ভাবে নিঃশ্বাস নিবে বলে।
তোমরা এই শ্বাপদদের থেকে নিরাপদে থাকবে বলে।
তোমরা এমন অপমান সইবে না বলে।
তোমরা কেমন আছ?
এই মাটিতে ধ্বনিত হয় শিশুর নির্মল হাসি?
এই মাটিতে সবাই বুক ভরে নিচ্ছ নিঃশ্বাস?
নারীরা নিরাপদ শ্বাপদের থাবা আর শকুনের আঁচর থেকে?
কোন নারীকে আমাদের মতো অপমান সইতে হয়নাতো?
নিজের অভিমত জানালে হায়েনার দল নারীদের উপর ঝাঁপিয়ে পড়ছেনাতো?
কাউকে আঘাত করার আগে মনে রেখো, আমরা জীবন দিয়ে তোমাদের দিয়ে গেছি এই দেশ যেন সবাই থাকে নিরাপদ। শত্রুর বেয়নেটের খোঁচা আর বুলেটে ঝাঁঝরা হয়েছি যেন আমাদের পরবর্তী প্রজন্মকে কোন আঘাত স্পর্শ না করে।
কোন নারীকে অপমান করার আগে মনে করো আমাকে। আমার সম্ভ্রম বিসর্জন দিয়েছি যেন এই দেশের কোন নারীকে কখনও সইতে না হয় এমন অপমান।
দিনের পর দিন ক্ষত বিক্ষত হয়েছে শরীর, পচন ধরে দুর্গন্ধ ছুটেছে অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার পর ও প্রতি মুহুর্তে শুদ্ধ হয়েছে আমাদের আত্মা, সৌরভ ছড়িয়েছে আমাদের ভাবনা। কারণ, আমরা লালন করেছি এক পবিত্র স্বপ্ন, একটি সবুজ সুন্দর স্বাধীন দেশের স্বপ্ন। যেখানে থাকবেনা কোন হানাহানি, যেখানে থাকবেনা কোন পশুর তান্ডব, যেখানে তোমরা থাকবে দুধে ভাতে। সেই স্বপ্নের দেশে সমান হবে সকলের অধিকার। লড়বেনা একজন আরেকজনের সাথে, থাকবেনা পরষ্পরকে আঘাতের হিংস্র বাসনা। শ্বাপদের দল স্পর্শ করতে পারবেনা কোন নারীর সম্ভ্রম। সুন্দর সবুজ একটি দেশ।
মনে পড়ে আমাকে?
- বীরাঙ্গনা
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ সকাল ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


