মুক্তোর মত এক পশলা বৃষ্টির পর-
যে মাটি থেকে ভেজা একটা সুভাস ভেসে আসে
সেই ভেজা ভেজা নরম মাটি কখনো ছোঁয়েছো?
আমি ছুঁয়ে দেখেছি!
একদিন কলাপাতা ভেঙ্গে বৃষ্টি নেমেছিলো
একদিন আমার আসমানী ওড়না হয়েছিলো প্রজাপতি
বুকের উপর দুহাত জড়িয়ে আমি, মাটিতে মিশে যেতে চেয়েছিলাম।
কাঁদামাটি যেদিন আমার পাদুকা দুটো খেয়ে ফেললো-
নগ্নপায়ে আমার এতটুকুও লজ্জাবোধ হলো না!
শুধু চেয়েছিলাম, আমার বুকের উপর প্রজাপতিটা ফিরে আসুক
শুধু একবার ফিরে আসুক।
আমি বুকের উপর দুবাহু জড়িয়ে মুখ লুকিয়ে বসেছিলাম
আমি ভীষনভাবে চেয়েছিলাম মাটিতে মিশে যেতে
আমার উষ্ণতায় পায়ের তলায় জন্ম হয় একটি লজ্জাবতী গাছের
লজ্জাবতী গাছ জানতো-আমি মৃত্তিকা হয়েছিলাম
কলাপাতার বুকে যেই জলকনা জমেছিলো, তারাও জানতো সেই খবর
শুধু আমি জানতাম না
আমি আমার বুকের উপর প্রজাপতির দুটো ডানা জড়াতে চেয়েছিলাম।
তবে আমি আজ সে খবর জেনে গেছি
নগ্ন বুকের পরে লজ্জাবতী জন্মাতে পারে
আসমানী ওড়না প্রজাপতি হলেও আমি মৃত্তিকা হয়েছি
আমার নগ্ন শরীর জুড়ে আজ বৃষ্টি নামে
আমার বুকের জমিনে অজস্র ব্যাঙের ছাতা বিছিয়ে রাখে তার অস্তিত্ব
তবুও সেখানে বৃষ্টি শেষে লজ্জাবতী গাছের জন্ম হয়
কারন আজ আমি মৃত্তিকা।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


