সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি আজ বুধবার। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার হরতালের দিন এ মামলা শুনানির জন্য কার্য তালিকায়
থাকলেও প্রধান বিচারপতি পরক্ষণে তা বাতিল করেন। তবে মামলার শুনানিতে অংশ না নেয়ার সিদ্বান্ত নিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। ফলে আদালত অবমাননা মামলার শুনানি নিয়ে সংশয় রয়ে গেছে।
বাড়ির বিষয়ে উচ্চ আদালতে নিস্পত্তি না হওয়ার আগে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে এমন অভিযোগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়া সরকারের ৩ সচিবসহ ৮ জনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেন। আপিল বিভাগে দায়ের করা ওই মামলা শুনানির জন্য ২৯ নভেম্বর ধার্য্য করা হয়। কিন্তু গত ২৯ নভেম্বর বাড়ি নিয়ে লিভ টু আপিলের শুনানি থাকায় এই মামলাটি কার্যতালিকায় দ্বিতীয় নম্বরে রাখা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা লিভ টু আপিলের শুনানি মুলতবী করে এই মামলা শুনানির জন্য বললে আদালত এই মামলা পরদিন মঙ্গলবার শুনানির জন্য রেখে লিভ টু আপিল শুনানি করতে বলেন। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা লিভ টু আপিলের শুনানি না করায় আদালত উত্থাপিত হয়নি মর্মে তা খারিজ করে দেন।
খালেদা জিয়া যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা হলেন- প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


