০২.০৫.০৭
নেই প্রথম অথবা দ্বিতীয় কাঁপন
এখন অপেক্ষা তৃতীয় কিংবা চতুর্থের
আমি জানি প্রথম প্রেমের সেই দহন
তাই যাতনা আজ সীমিত মাপের।
মন খারাপের রক্তে উড়ে মাছি
আমার পেটে ভাত, মাথায় ছাদ
তবু কেনো এত অশ্রু, বৈরীতায়
প্রতিদিনের খোলামকুচি বাঁচাবাঁচি!
বেদনা সাম্পান অসিদ্ধ সম্পর্কে
পাহাড়ি ঝর্ণার গতিতে বয়
মাথার মধ্যে বিষণ্নতার আবর্তে
বনবাসি ঘুম, ঘুণ জেগে রয়।
খসে পড়া সম্বন্ধ, ধ্বসে পড়া মানুষ
আমি এক পোয়াতি কুকুর
যার স্টেশন অজানা, জন্মের ঋণে
শুধু বহন করি অমলিন অভিজ্ঞতাটুকু
নতমুখে, ভুলে মাখামাখি জট
জনারণ্য,আকাশ,পাখি জানুক
একা আস্তিনে হুঁকো সময় নিশ্চুপ
অলীক জাহাজ দেখাবে নীলাম্বরী রূপ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

