আমাকে তুমি -১
বাসায় শিকড়, আমার মস্তিষ্কে জট
আমার মাঝে শূন্যতার অনুভূতি হয় মাঝে মাঝে
তার ও হয় হয়তো!
মানুষ সারাজীবন নিজের প্রতিবিম্ব খোঁজে :
খুব অল্পকিছু ঈর্ষনীয় অপ্রতিদ্বন্দ্বী মানুষ পায়,
শুনেছি। দেখিনি। তুমি?
তোমাকে আমি - ১
আমি প্রতিবিম্ব খুঁজি না, খুঁজি আয়না
যেখানে ঝট করে মানুষ নিজেকে দেখে
চট করে গুছিয়ে নিতে পারে;
শূন্যতা পূর্ণ হবে এই আশায় মানুষ
যুতে থাকে সংসারে
আমার একমাত্র প্রতিদ্বন্দ্বী আমারই বিবশ ছায়া
যাকে ঘৃণা করেও ছাড়তে পারি না।
আমার হাত সংসারে থেকেও শূন্যে। তোমার?
আমাকে তুমি - ২
আমার বড় অভাব প্রতিদ্বন্দ্বীর!
নিজের সাথেই যুদ্ধ,
মান-অভিমান-তর্ক-শান্তিচুক্তি
কেউ ভাবে এত অহমিকা!
মনের ঠোঁটে একটুকরো হাসি ঝুলিয়ে
চোখ ফিরিয়ে নেই।
দিনের শেষে আমি আবার মগ্ন হই
একাকীত্বের চৈতন্যে...
তোমাকে আমি -২
গেয়ে যাই তুমিহীনা গান, লিখে যাই তুমিহীনা কবিতা
আকাশের গায়ে ছড়ানো তোমাদের ফ্ল্যাটবাড়ি
দূর থেকে দেখে ভাবি সেখানে সুখ ছড়ানো বেলোয়ারি
কাছে গিয়ে দেখি 'একাকীত্ব' ঐখানে ও ঘুমিয়ে
বুকের উপর রেখে হাত আড়াআড়ি
এসো তবে আবার মগ্ন চৈতন্যে নিজেকে খুঁজে ফিরি
অবসরে তোমার ঠোঁটের কোণে ঝোলানো
হাসি নিয়ে খেলা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

