বন্ধু, বন্ধুতা, সিদ্ধান্তহীনতা, অমিমাংশিত সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে
কোনো এক বালিকাকে লেখা জনৈক বালকের চিঠির চুম্বকাংশ...
আমার অপরাধের সীমা নেই। কেনো যে তোমাকে এতো ঝামেলায় ফেল্লাম। আমি অনুতপ্ত। তবে বিশ্বাস করো, কোনোটাই আমার ইচ্ছাকৃত না। শুধু আমার জন্য তোমাকে বিভিন্নভাবে নাজেহাল, অপমানিত আর আহত হতে হয়েছে। যার পুরো দায়ভার আমি স্বেচ্ছায় নিজের কাঁধে নিচ্ছি। আমি কোনো দিন কোনো ভাবেই চাইনি, আমার কারণে তোমার কোনো কষ্ট হোক, দুঃখ হোক। আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, স্নেহ করি আর ভালোবাসি। তোমার প্রতি আমার টানটা একটু আলাদাই। এ এক অন্য রকোম বিনি সুতার টান। কিছু কিছু বন্ধুত্ব আছে, যা বন্ধুত্বের বাইরেও বেশি কিছু। এ বড়ো অমিমাংশিত এক সম্পর্ক।
তোমার বা আমার কাউকে ভালো লাগতেই পারে। তার মানে এই নয় যে, তার ভালো-মন্দ সব কিছুতেই তুমি বা আমি সার্বক্ষণিকভাবে অসভ্য মানুষের মতো নাক গলাবো। বন্ধুত্বের দাবী নিয়ে আর যাই হোক, অন্যপক্ষ না চাইলে তার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলানো ঠিক নয়। তুমি আমার বন্ধু হতে পারো কিংবা ধরো আমি তোমার। তারমানে এই নয় যে, আমাদের কারো আর কোনো বন্ধু থাকতে পারবেনা। বন্ধুত্বের জন্যে বয়স, ধর্ম, বর্ণ কোনোটাই খুব জরুরি নয়। এরজন্য যা প্রয়োজন তা হলো সমমনতা। নির্ভরতা, স্বার্থহীনতা আর বিশ্বস্ততা। বন্ধু বন্ধুর প্রতি সব সময় থাকবে বিশ্বস্ত। একজন না চাইলে অন্যজন কোনোভাবেই একে অন্যের একান্ত ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না... এটাই বন্ধুত্ব আর বন্ধুতা।
বন্ধুত্বের বাইরে কেউ তোমাকে অন্যভাবে পছন্দ করে, করতেই পারে। পছন্দ করার মতো যথেষ্ঠ বিষয় আছে তোমার মধ্যে। তবে কেউ যখোন সেই পছন্দের দোহাই দিয়ে সবকিছুতে সীমা ছাড়িয়ে যায়, তখোন তা মানতে বড়ো বেশি খারাপ লাগে। মনে করো, তুমি একটু অন্যরকোম কাউকে পছন্দ করো- তারমানে এই নয় যে, তার ভালো-মন্দ- চলন-বলন-পোষাক-অচরণ সব কিছুতেই নাক গলাবে। সে অবসর সময় কোথায় যায়, কী করে, কার সাথে কথা বলে- এ সব জানতে চাওয়াটা যথেষ্ঠ বাড়াবাড়ি। বন্ধুত্বের সম্পর্কে ঈর্ষা, জ্বালা-পোড়া থাকবে, তবে সেটার একটা সীমা পরিসীমা থাকা চাই। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত জীবন থাকবে। ব্যক্তিগত ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ, ইচ্ছা, অনিচ্ছা থাকবে। পারস্পরিকভাবে একে অন্যের সে সব কিছুর প্রতি শ্রদ্ধাবোধ থাকবে। তবেই না বন্ধুত্ব বা বন্ধুতা যাই বলো- তা পোক্ত হবে। মনে রেখো, বন্ধুতার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আর নির্ভরশীলতা। বিন্দুমাত্র অবিশ্বাস দীর্ঘদিনের সম্পর্ককে ভেঙ্গে গুড়িয়ে দেয় এক নিমিষে, কিছু বুঝার আগেই।
আমি জানিনা, কেনো তোমাকে এসব লিখছি ! তবে তোমার মতো মানুষদের জীবনে অনেক দুর্ভোগ থাকে। মানুষ নামের কিছু অসভ্য প্রাণীরা বড়ো বেশি কষ্ট দেয়, তোমাদের। তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, অনেক পোড়ে। তুমি একটা বোকা মেয়ে ! সিদ্ধান্তহীনতায় ভোগো। সঠিক সিদ্ধান্ত নিতে পারো না। এমন কোনো সিদ্ধান্ত নিও না, যাতে পস্তাতে হয় তোমাকে। বরং আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিও। আমাকে ভুল বুঝোনা। আমি তোমার বন্ধূ ! বন্ধু হিসেবেই থাকতে চাই, আমৃত্যু! তোমার সুখে না হোক যে কোনে বেদনায় আমায় ডেকো, আমি আসবো। সকাল, সন্ধ্যা বা রাতে...। ভালো থেকো। ঈশ্বর তোমার সু-মতি দিক, দিক প্রশান্তি।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


