তখন আমাদের একমাত্র বিনোদনের মাধ্যম ছিল বিটিভি। তখন তো স্যাটেলাইট চ্যানেলও ছিল না। আর সেই বিটিভির ছবি দেখতে হলে এন্টেনার সাথে কত যে কসরত করতে হতো সেটা না হয় আরেকদিন বলা যাবে। বিকালেই এন্টিনা চেক করে আসতাম ছাদে গিয়ে। ভাল করে বেঁধে দিতাম বাঁশটা।
এই ইংরেজী সিরিয়াল গুলো আমাদের মনে বেশ প্রভাব পড়তো। সিক্স মিলিয়ন ডলার ম্যান, ব্যাটল ষ্টার গ্যালাকটিকা, দি এ টিম, নাইট রাইডার ইত্যাদি ইত্যাদি।
ম্যাকগাইভারের প্রতিটি পর্বই আমাদের বেশ মুগ্ধ করতো। নিজেকে নায়ক মনে করতাম, সপ্ন দেখতাম তার মত দুঃসাহসিক কাজ করার। ফলো করার চেষ্টা করতাম তার চালচলন।
স্কুলে আমাদের একটা গ্রুপ ছিল। তো আমরা কয়েক বন্ধু ঠিক করলাম ম্যাকগাইভারের মত আমরাও চুল কাটাবো। যে কথা সেই কাজ। ম্যাকগাইভারের মত চুলের কালার হালকা লালও করলাম। স্কুলে গেলাম মহা হিরোর ভাব নিয়ে। আমরা সাতজন সব সময় একসাথে থাকতাম। কষ্ট করে ঠেসেঠুসে দুই ব্রেঞ্চে বসলাম। আমাদের একজন স্যার ছিলেন। নাম মজিবর স্যার। পুরো স্কুলে ওনার বেশ নাম ডাক ছিল ছাত্র পিটানোর ব্যাপারে। একজন জাতীয় ফুটবলারকে ছাত্র অবস্থায় পিটিয়ে পেশাব করিয়ে দিয়েছিলেন, একথা উনি গর্ব করে সবাইকে বলতেন। উনি আমাদের ইংরেজী নিতেন।
ক্লাশে আসার পর স্যার আমাদের ডাকলেন। আমরা সবাই গেলাম। উনি বললেন, "সবগুলা টেবিলের নীচে মাথা ঢুকা"।
কি আর করা? মাথা ঢুকালাম। তারপর পাছার উপর দিয়ে ঝড় বয়ে গেল। বেত দিয়ে সিরিয়ালি দিয়ে যাচ্ছেন স্যার যা দেবার। ওহ! সে কি কষ্ট। কি লজ্জা! প্রেজটিজ পাংচার।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৮ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



