কর্মব্যস্ত বিবাহিত পুরুষ যেমন
দিন শেষে শ্রান্ত দেহে
ফিরে আসে নারীর কাছে।
তেমনি আমিও ফিরে আসি
গল্প, উপন্যাস, প্রবন্ধ ছেড়ে
দর্শনের জটিল তত্ত্বের বাইরে,
ইতিহাসের পাতা থেকে চোখ তুলে
ফিরে আসি কবিতার কাছে।
চৈত্রের দাবদাহে তৃষিত বৃক্ষ যেমন
এক পশলা বৃষ্টিতে ফিরে পায় সজীবতা,
কাব্যরস আস্বাদনে তেমনি আমারও
ফিরে আসে মানসিক তৃপ্ততা।
নৃত্যপটিয়সী ছন্দময়ী কবিতা
কখনও কখনও আমার ওপর অভিমান করে
মধ্যরাতে অভিমানী স্ত্রীর মতো।
আমিও বাকপটু স্বামীর মতো
বাক্যরসে অভিমান ভাঙানোর চেষ্টা করি।
কবিতা এমন মায়াবী
কবিতার বুকে এত ভালবাসার আদ্রতা
সহজেই অভিমান ভেঙে
তার বুকে টেনে নেয় আমাকে, আর
আমি কবিতার উল্লোল বুকের ঘ্রান নিই।
যত দূরেই থাকি, রাত্রির পর্দা নামলে
কবিতার বুকের ঘ্রান নিতে
ফিরে আসি কবিতার কাছে।
২৫/০২/০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

