চে, তোমার কাছে লেখা আমার এই খোলা চিঠিটা
তোমার প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়া কিছুই নয় জানি,
তবু আমি লিখে ভারমুক্ত হতে চাই
তাতে যদি মনের খেদ কিছুটা হলেও কমে।
চে, তুমি যে স্বপ্নের ক্যানভাস এঁকে গিয়েছিলে
তা আর পূর্ণাবয়ব পায়নি কখনও
তোমার মতো আরেকজন নিপুণ শিল্পীর অভাবেই
সেই স্বপ্নের বর্ণিল ক্যানভাস বিবর্ণ হচ্ছে দিনে দিনে।
তোমার স্বপ্নের যে উষ্ণ চাদরের নিচে
আশ্রয় নিতে পারতো কোটি কোটি শীতার্ত মানুষ
আজ মুষ্টিমেয় কিছু মানুষ লুট করেছে সে চাদর, আর
তীব্র শীতে খোলা আকাশের নিচে নগ্ন গায়ে ধুকছে কোটি কোটি মানুষ।
চে, তোমার পরিচয় দিতে তুমি বলেছিলে
'আমি লাতিন আমেরিকার, এশিয়ার, আফ্রিকার, সমগ্র বিশ্বের'
তোমার মতো আরেকজন বিশ্বমানব কেন জন্মায় না
কেন সবাই জাতীয়তাবাদের সংকীর্ণ দেয়ালে আটকে যায়?
চে, তুমি বলেছিলে, 'একদিন আমেরিকায় বিপ্লব জয়যুক্ত হবে'
সমগ্র পৃথিবীর মানুষ নাকি বিপ্লবের উষ্ণ চাদরের ওম্ নেবে।
তোমার কথা সত্যি হয়নি চে, আমেরিকা আজ সাম্রাজ্যবাদের প্রভু
প্রায় সমগ্র বিশ্ব ভষ্মমাখা নগ্ন প্রভুর পিছে ছুটছে।
ভেবো না তোমার কথা সত্যি হয়নি বলে
আমার মানসপটে তোমার আসন টলে গেছে
তুমি আছো স্বগৌরবে, স্বমহিমায়, স্বসম্মানে
আমার মতো আরও কিছু মানুষের মানসপটে।
চে, তুমি হয়তো শুনে দুঃখ পবে
তবু তোমাকে সত্যি কথাটা আজ বলতেই হয়
তোমার আদর্শ প্রচারের নামে
তোমাকে নিয়েও বানিজ্য করছে সাম্রাজ্যবাদীরা।
চে, তুমি ক’জন হাড় জিরজিরে দরিদ্র মানুষ দেখেছিলে?
ক’জন নারীর ছিন্ন বস্ত্রে শরীর ঢাকবার ব্যর্থ চেষ্টা প্রত্য করেছিলে?
তাতেই তোমার সহ্য হয়নি, বুক কেঁপে উঠেছিল কষ্টে
আর এখন ঘর থেকে বেরুলেই চোখে পড়ে
হাড় জিরজিরে শীর্ণ মানুষ, ছিন্ন বস্ত্রে অর্ধ আবৃত নারীর শরীর
তবু কারো বুক একটুও কাঁপে না, এতোটাই সয়ে গেছে চোখে।
চে, রাতের পর রাত জেগে
আরও পাতার পর পাতা লিখতে পারি তোমাকে,
তুমি সব শুনে সহ্য করতে পারবে না
তোমার স্বপ্নের ক্যানভাসে কাদের নখের আঁচড় পড়েছে!
পরিশেষে একটি কথা জানাই তোমাকে
তোমার স্বপ্নের ক্যানভাস বাঁচাতে
বিপ্লবের নিপুণ তুলি হাতে
তোমারই মতো একজন সুনিপুণ শিল্পী চাই, চে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


