সূর্যটা যদি আবার পূবে চলে যেতো
অন্ধকার ভেঙে দিনটা যদি আবার শুরু হতো
নতুন ভাবে-
ঘুম ঘুম চোখে আড়মোরা ভেঙে
পাশে শুয়ে থাকা নারীর কাঁধ ছুঁয়ে বলতে
ক্যাথরিন, ওঠো, দেরি হয়ে যাবে
আমাদের শূটিং স্পট দেখতে যেতে হবে
মানিকগঞ্জ।
কিংবা দিনটি যদি মুছে যেতো
পৃথিবীর দিনপঞ্জি থেকে
খুব কি ক্ষতি হতো-
লক্ষ-কোটি দিনের ভিড়ে
একটি বিষন্ন কালো দিন মুছে গেলে!
আবার যদি চায়ের কাপে উঠতো ঝড়!
বিষয় চলচিত্র। এই নিয়ে কতো তর্ক-বিতর্ক
সবকিছু থেমে না গিয়ে
বদলে যেত টেলিভিশনের খবর!
তুমি কি জান, তোমাকে হারিয়ে
কতোটা বিষন্ন মাটির ময়না, শাখের চর!
জানি এসব কিছুই হবে না
সূর্যটা আবার কাল ভোরে উঠবে
প্রতিদিনের মতো-
ততক্ষণে তুমি ইতিহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



