বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে শুক্রবার সকালে নয়াদিল্লির একটি গোপন জায়গায় নিয়ে গেছে ভারত সরকার। এর আগে ভারত থেকে তসলিমাকে বহিষ্কারের দাবিতে কলকাতায় সহিংস বিক্ষোভ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে জয়পুরে নিয়ে যাওয়া হয়।
রাজস্থানের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকারের অনুমতি না থাকায় তসলিমাকে জয়পুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজস্থান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, তসলিমা ব্যক্তিগত সফরে জয়পুরে এসেছিল। এ ব্যাপারে তারা আগে থেকে কিছু জানতেন না।
রাজস্থানের নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর জেনারেল মেঘচাঁদ মীনা বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশের অনুরোধে রাজস্থান কর্তৃপক্ষ তসলিমাকে 'ওয়াই গ্রেড' নিরাপত্তা দিয়েছে।"
জয়পুরে তসলিমা 'হোটেল শিখায়' অবস্থান করেছিলেন বলে জানিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। তার অবস্থানের সময় পুলিশ হোটেলের প্রবেশদ্বারে পাহারা বসায় এবং হোটেলের চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে। ওই এলাকার সড়কেও যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।
ভারত থেকে তসলিমার প্রস্থানের দাবিতে কলকাতার বিক্ষোভের দৃশ্য টেলিভিশনগুলোয় প্রচারিত হওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্যসরকার বেকায়দায় পড়ে যায়।
বিক্ষোভ সামাল দিতে পশ্চিবঙ্গ সরকার কোনো ঝুঁকি না নিয়ে গোপনে তসলিমাকে রাজস্থানের জয়পুরে পাঠিয়ে দেয়। বিষয়টি এতটাই গোপন ছিল যে, তসলিমার বিমান জয়পুরে নামার পর তার আগমন খবর রাজস্থানের পুলিশকে জানানো হয়।
এবছরের মার্চে উত্তর প্রদেশের একটি উগ্রপন্থী মুসলিম দল তসলিমাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে। আগস্টে হাযদ্রাবাদে তার ওপর আক্রমণ হয়।
'ইসলাম বিদ্বেষী' লেখালেখিরর অভিযোগে বিতর্কিত তসলিমাকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
লেখা সূত্রঃ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

