শুধুই তোমার জন্য –
জীবনের প্রথম প্রেমপত্র
লেখার কত যে ব্যর্থ চেষ্টা করেছি!
এরপর সেই চিঠিটাই কেমন করে যেন একদিন,
হয়ে গেল আমার প্রথম কবিতা।
অপরিণত হাতে লেখা সেই কবিতাটি,
আমার কিশোরী মনের রঙ্গিন স্বপ্নগুলো নিয়ে
প্রজাপতির ডানায় ভর করে ঘুরে ঘুরে
উড়ে গিয়েছিল তোমার কাছে।
তখন সেই কবিতা পড়ে
তুমি অনেক হেসেছিলে।
সেটা আমি জানি।।
তবুও,সেই কবিতায় মুগ্ধ হবার ভান করে
তুমি আমায় শুনিয়েছিলে
তোমার হেঁড়ে কণ্ঠের বেসুরো অনেক গান!
আমিও অবাক বিস্ময়ে
কত যে মুগ্ধ হবার ভান করেছি,
তুমি বুঝতেও পার নি।
কি সুন্দর মধুময় স্মৃতি!
মনে পড়ে তোমার?
কি অদ্ভুত সুন্দর ছিল সেই দিনগুলি!
তাই না?
এমন কত শত অজানা অপছন্দকে
আমরা কতবার পরিণত করেছি ভালবাসায়।
কত স্মৃতিময় মুহূর্ত একসাথে দিয়েছি পাড়ি-
কখনো বা ডিজুস প্রেমের আড্ডায়,
আবার কখনো বা একটেল জয়ের ভালবাসায়।
আর, সেই জি,পি’র রোমান্টিক শ্লোগানটা-
“দূরত্ব যতই থাক,কাছে থাকুন”,
তুমি তো রীতিমত গর্ব করেই বলতে যে,
এটা আমাদের জন্যই লেখা।
এমন কত ছোট বড় খুনসুটি...
মনে পড়ে তোমার?
আর এরপর...
যেদিন আমাদের প্রথম দেখা হল!
কত মধুর স্মৃতিময় দিন।
সেই প্রথম দৃষ্টি বিনিময়,
আর কিছুক্ষণ পাশাপাশি হাঁটা...
উফ!! কি অদ্ভুত ভাললাগা!
আমিতো অনেকক্ষণ ইচ্ছা করেই
তোমার দিকে তাকাই নি।
কিছুটা ভয়,কিছুটা উৎকণ্ঠা আর কিছুটা লজ্জায়।
আমার তখন কি মনে হয়েছিলো, জানো?
মনে হয়েছিলো-থাক না আর কিছুক্ষণ অচেনা,
আমার পাশে থাকা সেই না দেখা চির আপন মানুষটি।
ভালবাসা আর পরম নির্ভরতায়
কি সুন্দর ছিল সেই দিনগুলি!
তাই না?
আজ আবার কতদিন পরে আমরা দুজন পাশাপাশি।
আর চুপ করে থেকো না।
কথা বল প্লিজ...
আচ্ছা! তোমার কি সেই কথাগুলো মনে আছে?
ঐ যে,আমি যখন অনেক কথা বলতাম!
আর তুমি বেচারা,মুখ বুজে কথাগুলো হজম করতে!
ঐ যে! আমি কথা বলতেই থাকতাম, বলতেই থাকতাম,
আর তুমি শুনতে শুনতে ঘুমিয়ে যেতে।
আমার তখন কি যে রাগ হতো! তুমি জানো না।
এরপর হঠাৎ ঘুম ভাঙ্গার পরে
তুমি যখন “সরি” বলতে..., বিশ্বাস কর!
আমার রাগগুলো সাথে সাথে ভালবাসা হয়ে যেত।
এখনো কথা বলবে না?
তবে আজ আবার কেন এসেছ?
কি শুনতে চাও আজ আমার মুখে?
আমার হারিয়ে যাওয়া স্বপ্নের গল্প?
একটা সমস্যা কি জানো?
আমি এখন আর আগের মতো বলতে পারি না।।
তেমন করে আর ভাবতেও পারিনা।
এখন শুধু নিজের জন্যই আমার যত কথা।
আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি-
বলতে পার? কেন আজ আমাদের মাঝে এত দূরত্ব?
কেন আজ এত নিঃসঙ্গতা?
হাহ্!
একটা মজার কথা জানো?
আমার নিজের কাছেও এই উত্তরটা নেই।
আজ তাই এটা জানতে প্রশ্ন করলাম তোমাকে।
আর একটা ব্যপার কি জানো!
যখন তুমি অনেক দূরে ছিলে,
তখন তোমায় ভেবে আমার মনে
এক অন্যরকম প্রশান্তি ছিল।
আমার ভাবতেও ভাল লাগত যে এই বিশাল পৃথিবীতে-
কোথাও না কোথাও একটি মানুষ আছে,
যে শুধু আমাকে ভালবাসে।
যে মানুষটি শুধুই আমার।
অথচ দেখ!ভাগ্যের কি নির্মম পরিহাস!
আজ তুমি আমার কত কাছে দাঁড়িয়ে আছো।
তবুও আজ আমার মনে প্রশ্ন জাগে,
কেন আজ আমি এত একা???
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


