শিরোনামহীন
সৌরশক্তির অপচয় তবু স্বচ্ছল নীলাকাশ, হাঁস, শীতকালীন ভ্রমণ
অগনণ গগনে গগনে অর্বাচীন চিল
কেননা নদীর ব্যাপ্তির কাছে সমস্তই সমর্পিত
বুদ্বুদের ধর্ম, স্ফূরিত চিন্তন, সৃষ্টিশীলতা, সঞ্চয়?
পূণ্য রয়েছে পশ্চিমে, তুমি নাই তবু কুল-কুল ধ্বনি
জল বয়ে যায়।
দূরের প্রসঙ্গে অঙ্গে-অঙ্গে লাগে ঢেউ
মঙ্গলের পথে তুমি হাঁটো শুভ আকাক্সক্ষা করে কেউ
অদৃশ্য বন্ধুর উপস্থিতি,
অনুভব,
ভুল কথা ভুল করে কই।
শুধুমাত্র একটি শব্দ ‘যাই’ আমাকে ভাবায়
প্রতিটি প্রস্থাণ..
বর্তমানে অতীতের ভীড়
আমি গুণহীন, চুনকালি মুখ
তোমার অসুখ শুনেও যেতে পারি নাই।
একশত একমণ ঘি জ্বালাল আগুন অবশেষে
দেশে-দেশে পরে গেল রব, মৌ-মৌ ঘ্রাণ
আলো জ্বালো নাই বলা হবে ভুল
তুমুল সত্যি কথাও কিছু বলি নাই।
প্রাণ নিয়ে টিকে থাকা বড় বেশি কিছু
যদিও মৃত সাগরের বুকে বীজাণু আবিষ্কৃত।
শতধা বিভক্ত তুমি
নিশ্চয়তা জেনেছো নিশ্চয়ই
মধ্যসাগরে তিমির আলোড়ন।
বিপাশা নীপার মিসিসিপি কঙ্গো রেবা কাবেরী গাঙুর
পৃথিবীর বুকে আজও আছে তোমার মতন
কত কাছাকাছি তবু কত দূর।
স্মরণ কর
কেঁদে ফেলেছিলে তুমি
অথবা স্ববেগে প্রথম আবেগে জল।
জীবিতরা মৃতদের দ্বারাই বেশি পরিচালিত
কোঁতে বলেছেন বহু সাধনার পর।
বিড়ালের ক্ষোভ, চিৎকার রাতে
গীর্জার ভেতরেও বাদুরের যাতায়াত
বাদুর কামড়ালে জলাতঙ্ক হয়।
মানুষ অভ্যাসের দাস যেতে হয় তাই প্রতি রবিবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


