ঢাকা, রোববার, ২২ জানুয়ারি ২০১২, ৯ মাঘ ১৪১৮, ২৭ সফর ১৪৩৩
শিরোনাম:
হোম সারা বিশ্ব শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব!
শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব!
| তারিখ: ২২-০১-২০১২
প্রাণের অস্তিত্ব নিয়ে এবার খবরের শিরোনাম হয়েছে শুক্র গ্রহ। এত দিন মঙ্গল গ্রহ নিয়ে মাতামাতি থাকলেও এই প্রথম রাশিয়ার বিজ্ঞানীরা আভাস দিয়েছেন, শুক্রে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। সম্ভাবনার প্রমাণ হিসেবে কিছু আলোকচিত্রও হাজির করেছেন বিজ্ঞানীরা।
সোলার সিস্টেম রিসার্চ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রবন্ধে শুক্রে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার কথা জানানো হয়েছে। প্রবন্ধে বলা হয়েছে, ১৯৮২ সালে শুক্র মিশনে রাশিয়ান ল্যান্ডিং প্রোব (অনুসন্ধানী যান) থেকে তোলা ছবিতে এমন বেশ কিছু বস্তু ধরা পড়েছে, যার সঙ্গে জীবিত সত্তার মিল আছে।
রাশিয়ার একাডেমি অব সায়েন্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী লিওনিদ কাসানফোমালিতি গবেষণা প্রবন্ধটি প্রকাশ করেছেন। এতে শুক্র মিশনে সোভিয়েত ল্যান্ডিং প্রোব থেকে তোলা আলোকচিত্রের ব্যাখ্যা দেওয়া হয়েছে।
কাসানফোমালিতি বলেন, ‘এসব আলোকচিত্রে অনেকগুলো বিষয় ধরা পড়েছে, যার সঙ্গে “ডিস্ক” (সমতল থালার মতো বস্তু), “কালো লেজ” এবং “বিচ্ছু”র মিল আছে।’ তিনি বলেন, স্থান এবং ভূমির অবস্থান পরিবর্তনের কারণে বিভিন্ন আলোকচিত্রে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ধরা পড়েছে।
এর আগে বিজ্ঞানীদের কোনো গবেষণায়ই শুক্র গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনার কথা জানানো হয়নি। এখন পর্যন্ত শুক্র গ্রহ সম্পর্কে যেসব তথ্য পাওয়া গেছে সেসব তথ্যের কোনোটাই শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার বিষয়টি সমর্থন করে না। সেখানে তাপমাত্রা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রায় প্রাণের অস্তিত্ব টিকে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করেন বিজ্ঞানীরা। পিটিআই অনলাইন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




