ধ্বংসোত্তর মনস্তাপ
--------------------------
ভেলায় নীলবিষশরীর দেখে মনসার চোখে কি জল আসেনি
ছোবল ক্ষনে কি জাগেনি ভালবাসা?
ধ্বংসপূর্বে পাশেইতো শুয়ে থাকতে দেখি নশ্বর সুন্দরকে
এযে বিষম সুন্দর
আমার পরশ্রীকাতর লোমকূপে হা করে থাকে যে অসুর
শরীর
আহা অসুর শরীর! যৌবনের সবুজবিষাদ
থাবা তুলে হঠাৎ দাঁড়িয়ে ওঠে সবুজবাঘ
ঝলসে উঠে ধারালো নখর কি আশ্চর্য্য প্রতিদ্বন্দ্বী অভিমানে
ধ্বংসোত্তর সেও মনস্তাপের রুগী সারামাস।
অথবা প্রশান্ত অথচ মন্ত্রভ্রষ্ট কামমোহিত পূজারী
দেবীর উরুতে মুখ গুঁজে সেও ডুব দেয় গঙ্গায়।
মনসা;
তোমার ঘরে কেউ বীন বাজাবার আগেই
আমি বেদে সর্দারের শিষ্যত্ব গ্রহন করেছি
যদি ইতিহাস পালটাতে পারি
এবার বীন হাতে লক্ষিন্দর হবো
ছোবলে নীল হবো
একটি ধ্বংসের প'র
চোখের জলে ইতিহাস লেখো তুমি।
------------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০০৯ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



