বিবি খদিজা
ফরহাদ মজহার ।
বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি;
বিসমিল্লাহ কহিবনা, শুধু খদিজার নাম নেবো ।
প্রভু, অনুমতি দাও । গোস্বা করিও না, একবার
শুধু তাঁর নামে এই পদ্যখানি লিখিব মা'বুদ ।
নবীজীর নাম? উঁহু, তাঁর নামও নেবো না মালিক
শুধু খদিজার নামে - অপরূপ খদিজার নামে
একবার দুনিয়ায় আমি সব ভুলে যাবো
তোমাকেও ভুলে যাবো ভুলে যাবো নবীকে আমার ।
একমাত্র তিনি, প্রভু, একমাত্র তাঁর চাকুরিতে
উট ও ব্যবসা লয়ে ছিল মোর নবীজী বহাল ।
তুমি ডাঁট মারিওনা - নবী ছিল তোমার হাবীব
কিন্তু খদিজার ছিল বেতনের বাঁধা কর্মচারী -
সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে
তোমার খাতিরে তবু তা প্রকাশ্যে জাহির করেনা ।
'এবাদতনামা'
৯ ফাল্গুন, ১৩৯৬
২১ ফেব্রুয়ারি, ১৯৯০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


