আমার প্রিয় পোস্ট

mostafizripon@gmail.com

গল্পঃ নেশা

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫০

শেয়ারঃ
0 0 0



এক

দরজায় ঠকঠক শব্দ হচ্ছে। আমি তা শুনেও না-শোনার ভান করে থাকি। মগের মুল্লুক নাকি! বুড়ো দাঁড়িয়ে থাকুক বাইরে। বৃষ্টিতে ভিজুক। আজ দশটার আগে কিছুতেই দরজা খুলব না। আমি দ্রুত-হাতে দেয়ালে 'রেসিং পোষ্ট' পত্রিকা টাঙাতে থাকি। গতকালের লটারীর নম্বরগুলো বোর্ডে লিখি। হেড অফিসে ফোন করে আজকের খেলাগুলোর 'অড' জেনে নেই। দরজায় ঠকঠক চলতেই থাকে। আমি বুড়োর দিকে তাকাই, ঘড়ির দিকে ইঙ্গিত করে ইশারায় জানাই- এখনো দোকান খুলতে অনেক সময় বাকি। কিন্তু কে শোনে কার কথা! বুড়ো হাতের লাঠি দিয়ে দরজার কাঁচে ঠকঠক করতেই থাকে; আমাকে দরজা খুলতে বাধ্য করেই ছাড়বে আরকি!

'ভাগো এখান থেকে', আমি ঝটকা মেরে দরজা খুলে বুড়োকে কুকুর-তাড়া করি। বুড়ো কিছু বুঝে ওঠার আগেই আবার ঠাস করে দরজা বন্ধ করে দেই। বুড়ো লাঠিতে ভর দিয়ে কিছুক্ষণ সেকেণ্ড-ব্রাকেট হয়ে দাঁড়িয়ে থাকে। এক পা কবরে রেখে জুয়ার দোকানের সামনে বুড়ো অপেক্ষা করে।

আবার ঠকঠক শব্দ ওঠে দরজায়। আমি দরজায় দাঁড়িয়ে থাকা অসহ্য বুড়োটিকে ভস্ম করে দেবার মতো অগ্নিদৃষ্টি নিক্ষেপ করি। অন্য যে কেউ হলে এতক্ষণে পুড়ে ছাড়খাড় হয়ে যেত। কিন্তু আমাকে জ্বালাবে বলেই বুড়ো বাইরে পিনপিনে বৃষ্টিতে ভিজতে থাকে। ঠকঠক শব্দের তালেই আমি বেটিং স্লিপ আর নীল বামনাকৃতির বলপয়েন্ট কলম টেবিলে সাজাতে শুরু করি। সব কাজ শেষ হলে দোকানের টিভিপ্যানেল অন করে কফিতে চুমুক দেই; বাইরে তাকাই। মানুষের মাথায় ছাতা, হাতের দড়িতে বেঁধে রাখা কুকুর, তরুনীর মাথায় হুড তোলা জ্যাকেট, পাশের মদের দোকানের কারাওকির বিজ্ঞাপন, আর আমার নাছোড় বুড়ো বৃষ্টিতে ভিজছে। লণ্ডনের বৃষ্টি- বিমর্ষ আকাশের বিরক্তিকর পানি-বর্ষন।

বুড়োকে ভস্ম করে দেবার সামান্য আগে, কিংবা ঠিক দশটায় আমি দোকানের দরজা খুলে দেই। বুড়ো দোকানে ঢোকে, বৃষ্টির সাথে যৌন-সম্পর্কিত একটা গালি দেয়। এ শহরের সবাই এ ভাবেই কথা বলে। খুব ভাল, কিংবা খুব খারাপ, অথবা ভাল-খারাপ কিছুই না- এমন কিছু বোঝাতে, যৌনকার্য কথাটির কোন বিকল্প নেই। শুধু বিশেষণ আর ক্রিয়াপদ হিসেবেই না, অব্যয় হিসেবেও এটিকে ব্যবহার করা যেতে পারে।

'শুকরিয়া', বুড়ো আমাকে সুপ্রভাত জানায়। আমি খেকিয়ে উঠি, বলি, 'আমি ইণ্ডিয়ান না।'
- 'তোমরা কি বল তাহলে?'
- 'তা জেনে তোমার কি! জুয়ার দোকানে ভাষা-সাহিত্য বিষয়ক আলোচনা না করলেই প্রীত হব। আর আমার সামনে শুকরিয়া শব্দটা উচ্চারণ করবে না। মনে থাকবে?'
- 'গুড মর্নিং-কে তোমাদের ভাষায় শুকরিয়া বলেনা!'
- 'না, বলেনা।'
- 'তাহলে কি বলে?'
- 'আমরা কি বলি সেটি তোমার জানার দরকার নেই। এই দোকান দশটায় খোলে, প্রতিদিন দরজায় গুতিয়ে বিরক্ত করবার মানে কি? আর তোমার গায়ের দুর্গন্ধে মানুষ মারা যাবে; তোমার মতো হেলথ হ্যাজার্ড কাস্টমার আমি চাইনা। আমি কি বলতে চাইছি বুঝতে পারছ?'
- 'কি আশ্চর্য, তোমরা শুকরিয়া বলোনা!'
- 'দেখো, কথা ঘুরাবে না। এরপর যদি অসময়ে বিরক্ত কর, তোমাকে দোকানে ঢুকতে দেয়া হবেনা। কথাটা মনে রেখো।'

বুড়োকে কোন কথা বলার সুযোগ না দিয়ে আমি নিজের ডেস্কে ফিরে আসি। মাস খানেক হলো বুড়োকে আমি দেখছি। আগে কোন বেটিং শপে সময় কাটাত কে জানে! নাকি জুয়া খেলার নেশাটা মাথায় নতুন চেপেছে বুড়োর?

প্রথম দিন বুড়োর মুখে 'শুকরিয়া' শব্দটি শুনে অবাক হয়েছিলাম। পূর্ব লন্ডনে ছোটখাট বাংলা শব্দ অনেকেই জানে। 'ভাইছাব, পাউন্ডে দুই বক্স', 'আফা, হালাল চিকেন'- লণ্ডনের বাঙ্গালী পাড়ায় ফুটপাথের বাজারে ইংরেজরা দোকানে খদ্দের টানতে বাংলা শব্দের তুবড়ি ফোটায়। এমন কি হাসপাতালের লিফটে মৃদু নারী কণ্ঠের রেকর্ড সিলেটের আঞ্চলিক ভাষায় বলে, 'দোতালায় উঠুনের লাগি দুই নম্বর বাটনে চাপ দিউক্কা।' আমি ভেবেছিলাম, বুড়োর শুকরিয়া শব্দটি পূর্ব লণ্ডনজাত এবং আমাকে খুশি করবার জন্য নিঃসৃত। প্রথম কয়েকদিন খুশি হলেও, বুড়োর জ্বালাতনে আমার বিরক্ত হয়ে উঠতে সময় লাগেনা। আমার ধারনা ছিল, বুড়ো হয়ত আরো দু' চারটে বাংলা কি হিন্দী শব্দ বলে আমাকে বিমোহিত করার চেষ্টা করবে। আমার কপাল ভাল ছিল যে, সে শুধু শুকরিয়া শব্দটির মধ্যেই আটকা ছিল।

লণ্ডন শহরের অলিতে-গলিতে মদ আর জুয়ার দোকান। মদ খেয়ে মাতাল হওয়ার আগে জুয়ার দোকানে ঢোক, আর জুয়ায় হারার দুঃখ ভুলতে খিস্তি করতে করতে মদের দোকানে চালান হও। সারাদিন-রাত কিছু মানুষ আছে এটা নিয়ে। আবার কেউ কেউ, যারা হালাল মাংশ ছাড়া জীবনকে অচল ভাবে, আর মদখোরদের দু'বেলা নরকে পাঠায়, তারাও আসে জুয়া খেলতে। ঘোড়া দৌড়ায়; কুকুর দৌড়ায়; চেলসি আর আর্সেনালের বাইশজন খেলোয়ার একটা বল নিয়ে কামড়া-কামড়ি করে; রজার ফেদেরার টেনিস খেলার ফাঁকে তোয়ালেতে মুখ মোছে; আমার হাতে বেটিং স্লিপ জমা হয়, বাক্সে টাকার স্তুপ বাড়ে; আর শ্বাসের রোগীদের মতো বুড়ো জুয়াড়ীরা 'কাম অন মাই বয়, কাম অন মাই বয়' করতে করতে সর্বশান্ত হয়।

দোকানে জুয়ারিরা আসতে শুরু করেছে। 'প্রথম রেসের ফেভারিট কে?' কে যেন জানতে চায়। আমি উত্তর দেবার আগেই পাশ থেকে কেউ একজন জানায়, 'ডেজার্ট রোজ।' প্রথমজন আবার জিজ্ঞেস করে, 'অড কত?' এক টাকা বাজি ধরলে কতটাকা জেতা যাবে, আমি তাকে জানাই। মরু গোলাপ, শেয়াল নারী, ঘোড়ামাছ, সুলতান, কালা জাদু- এইসব হেজিপেজি কিংবা কিমাশ্চর্যম নামের ঘোড়াগুলোর ওপর লোকজন বাজি ধরতে থাকে।

'তোমার মনে হয় কোন ঘোড়াটা জিতবে?' কে যেন আমাকে প্রশ্ন করে। আমি কাউণ্টারের জুয়াড়ী-জটলায় চোখ রাখি। অসময়ে এসে দরজা-গুতানো বুড়ো আমার দিকে তাকিয়ে আছে, প্রশ্নের উত্তর চাইছে। আমি বুড়োর দিকে আঙ্গুল দিয়ে দু'বার দেখাই, তারপর বলি, 'দৌড়াতে পারলে তুমিই জিততে।' জুয়াড়ীদের ভিড়ে হাসি ওঠে। সাতসকালেই যাদের গায়ের কম দামী মদের গন্ধে এলাহী অবস্থা, তারা হেসে কুটিপাটি হয়। বুড়োও শব্দ করে হেসে ওঠে, যেন এমন মজার কথা সে আর শোনে নি।

একসময় বাজি ধরার শেষ সময়ের সংকেত বাজে। ঘোড়দৌড় শুরুর অপেক্ষায় জুয়াড়ীরা হাত কচলায়, আঙ্গুল মটকে কেউ কেউ আড়মোড়া ভাঙ্গে, যেন ঘোড়ার সাথে সাথে তাদেরও দৌড়াতে হবে এমাথা-ওমাথা।

'আমি কুইনের নামে বাজি ধরতে চাই', বুড়ো কোন ঘোড়ার নামে কত টাকার বাজি খেলবে একটা কাগজে লিখে আমার দিকে বাড়িয়ে দেয়।
- 'বাজি ধরার সময় শেষ হয়ে গেছে।'
- 'তাই নাকি!'
- আমি লক্ষ্য করেছি, সময় শেষ হওয়ার পরে তুমি বাজি ধরতে আস। জ্বালাতন করার জন্যই তুমি এসব কর নাকি?'

আমার কথা শুনে বুড়ো একটু অপ্রস্তুত হয়। তারপর শেষ হয়ে যাওয়া সময়ের নামে বিড়বিড় করে গালি দেয়। আর একটু পরেই রেসের ঘোড়াগুলো দৌড়াতে শুরু করে। ব্লাক ম্যাজিক নামের ঘোড়াটা শুরুতেই সবাইকে ছেড়ে এগিয়ে যায়। যারা কালো এই ঘোড়াটার নামে বাজি ধরেছে, তারা 'কাম অন মাই বয়, কাম অন' বলে চিৎকার করতে থাকে। অন্য জুয়াড়ীরা টেবিলে দমাদম ঘুষি মেরে তাদের বাজির প্রাণীগুলোকে তাড়া করে; যেন ছোট এই জুয়ার দোকান থেকে ইয়র্কশায়ারে দৌড়ানো ঘোড়াগুলো উৎসাহ পাচ্ছে দৌড়ে। আমাকে শুনিয়ে শুনিয়ে বুড়ো বলে, 'ব্লাক ম্যাজিক পারবেনা আজ; ও শুরুতেই সব শক্তি নষ্ট করে ফেলেছে।' আমি না শোনার ভান করে টেলিভিশনে ঘোড়ার দৌড় দেখি। যে ঘোড়াই জিতুক, আমার কিছু এসে যায় না।

সত্যি সত্যি ব্লাক ম্যাজিক পিছিয়ে পড়ে, ডেজার্ট রোজ এগিয়ে যায়। ব্লাক ম্যাজিকের বাজিকররা গলা ফাটায়। ডেজার্ট রোজের জুয়ারিদের চোয়াল শক্ত হয়ে ওঠে। হাতে ধরে রাখা বেটিং স্লিপের কোমর টিপে ধরে সি-হর্সের জুয়াড়ীরা গলার রগ ফুলিয়ে, 'সি-হর্স, সি-হর্স' শ্লোগান তুলে। জুয়াড়ীদের দিকে তাকিয়ে বুড়ো বলে, 'ডেজার্ট রোজও পারবে না।' আমার মেজাজ খারাপ হয়ে যায়, বুড়োকে ধমক দেই, 'তাতে তোমার কি? তুমি তো আর খেলছো না!' বুড়োর মধ্যে কোন প্রতিক্রিয়া দেখা যায়না।

দেখতে দেখতে সি-হর্স নামের ঘোড়াটাকে পেছনে ফেলে দেয় কুইন নামের ঘোটকী। সি-হর্স আর ডেজার্ট রোজ গলায় গলায় দৌড়ে চলে। আমি বুড়োর দিকে তাকাই। বুড়ো আমার দিকে তাকিয়ে চোখ নাচায়, 'কি, বলেছিলাম না!' বুড়ো পাত্তা পাবে ভেবে আমি অন্যদিকে তাকিয়ে থাকি। দৌড় জমে উঠেছে। সি-হর্স, ডেজার্ট রোজ আর কুইন সমানে সমানে দৌড়াচ্ছে। ঘোড়ার পিঠে বসে থাকা জকিরা যেন পঙ্খীরাজে উড়ছে। জুয়াড়ীদের চিৎকার দ্বিগুন হয়ে রাস্তার মানুষদেরও দোকানে টেনে আনে। উত্তেজনায় কেউ কেউ বসে পড়ে; মাথার চুল খামচে ধরে কেউ বাকরুদ্ধ হয়; কেউ একজন কোনো এক ঘোড়ার নামে অশ্লীল গালি দেয়; এক বৃদ্ধ এক তরুনের কাঁধ খামচে ধরে; কেউ একজন জুয়ার ঘরে বেমানান স্বরে ঈশ্বরকে ডাকে; একবৃদ্ধা কাকে যেন বেজন্মা বলে গালি দিয়ে বাইরে বেড়িয়ে যায়; সি-হর্স দৌড়ায়, দৌড়ায় আরো পাঁচটি ঘোড়া, অদ্ভুত অদ্ভুত নামে যারা বাজিকরদের হৃৎপিণ্ড নাচায়।

দৌড় শেষ হয়। সবাইকে অবাক করে দিয়ে নতুন দৌড়াতে আসা ফক্সি-লেডি নামের ঘোড়াটি জিতে যায়। দোকানের সিলিং-এ বেটিং স্লিপ ওড়ে, মেঝেতে জমে ছেঁড়া কাগজের পাহাড়। বাজিতে হারা বাজিকরদের শেষ আক্রোশ জমে জুয়ার খেলার কাগজে।

আমি বুড়োর দিকে তাকাই, এবার আমি চোখ নাচাই। বুড়ো আমার দিকে তাকিয়ে হাসে, বলে, 'একটু কফি খাওয়াও।' আমি চোখ সরু করে বৃদ্ধ মানুষটির দিকে তাকিয়ে থাকি।


দুই

কয়েকদিন হলো আমি বুড়োকে দোকানের ভেতর ঢুকতে দিচ্ছিনা। বুড়োর গায়ের বিকট দুর্গন্ধে শুধু আমারই না, মাতাল খদ্দেরদেরও ত্রাহি অবস্থা। বুড়ো তারপরও আসে; আগের মতো দোকান খোলার আগেই এসে হাজির হয়; আমাকে শুকরিয়া বলে সুপ্রভাত জানায়। দরজা খোলার সময়টুকু আমি দম আটকে রাখি। লণ্ডনের প্যাঁচপ্যাচে বৃষ্টি মাথায় নিয়ে বুড়ো দরজার বাইরে দাঁড়িয়ে থাকে, দরজার ফাঁকে চোখ রেখে ভেতরের মানুষদের দেখে। যারা বুড়োর পরিচিত তারা তাকে বাড়ীতে থাকার পরামর্শ দেয়। আর যারা তাকে চেনে না, তাদের কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে- বুড়োকে কেন ভেতরে ঢুকতে দেয়া হচ্ছেনা। আমি বুড়োর ভয়াবহ দুর্গন্ধ আর ঘাড়ত্যাড়া বদ-খাসলতের বিশদ বিবরণ দেই; লোকজন মাথা ঝাঁকায়, আর চেহারায় 'এ ছাড়া আর কি করার আছে' ভাব ফুটিয়ে রাখে। ঘোড়া কি কুকুরের দৌড় শুরু হলে সবাই হয়ত বুড়োকে ভুলে যায়। আমার ডেস্কের উল্টো দিকে দোকানের দরজাটা বলে- বুড়োকে আমি ভুলতে পারিনা; আমাকে জ্বালানোর জন্যই যেন বুড়ো সেখানে দাঁড়িয়ে থাকে।

দরজায় খট খট শব্দ ওঠে। আমি বিরক্ত হয়ে বাইরে তাকাই, দোকানের ভেতরের লোকগুলোও তাকায়- বুড়ো লাঠি দিয়ে দরজা গুতাচ্ছে। চোখের দিকে তাকাতেই বুড়ো হাত দিয়ে চা খাওয়ার ভঙ্গি করে। কেউ একজন বলে, 'বুড়ো চা-টা কিছু চাইছে।' লণ্ডনের সব জুয়ার দোকানেই জুয়াড়ীদের মাগনা কফি খাওয়ানোর ব্যবস্থা থাকে। কিন্তু তা নিতান্তই বাছাই করা খদ্দেরদের জন্য। আমি অনিচ্ছা সত্বেও বুড়োর জন্য কফি বানাই। ঠাণ্ডা পানিতে দুধ-চিনি ছাড়া তিতকূটে কিছু একটা বানিয়ে বুড়োর হাতে ধরিয়ে দেই। বুড়ো বলে, 'শুকরিয়া।' আমি ঝাঁঝিয়ে উঠি, 'তোমাকে না শুকরিয়া বলতে বারণ করেছি?' বুড়ো কফিতে ছোট একটা চুমুক দেয়। আমি তার দিকে তাকিয়ে থাকি।

- 'কফির জন্য ধন্যবাদ।'
- 'বৃষ্টিতে না ভিজে, বাড়ীতে থাকলেইতো পারো!'
- 'বাড়ীতে থাকলে কেমন যেন অস্থির লাগে; ভাল লাগেনা।'
- 'তোমার সাথে আমি বাজে ব্যবহার করি, যাতে তুমি এখানে আর না আস। এই সামান্য বিষয়টা কি তুমি বুঝতে পারো?'
- 'কে বলল তুমি বাজে ব্যবহার কর? এইতো কফি দিলে! আচ্ছা, থ্যাংক ইউ-কে তোমরা কি বল?'

এই বৃদ্ধের মতো এমন বেশরম মানুষ আমি আর দেখিনি। আমি একদৃষ্টে বুড়োকে দেখি, চোয়াল শক্ত করে রাখি। বৃদ্ধের কোন ভাবান্তর নেই।

'এর আগে এক জুয়ার দোকানে আমাকে মেরেছিল। তোমরা তো আমাকে মারো-নি, শুধু দোকানে ঢুকতে নিষেধ করেছ।' বুড়োর একথার কি জবাব হতে পারে আমি খুঁজে পাইনা; বলি, 'কাল থেকে দোকানে আগে আগে এসে যদি ঝামেলা না কর, আর গায়ের দুর্গন্ধ যদি না থাকে, তবে ভেতরে আসতে দেব। এখন বাড়ী যাও।' বুড়ো আমার কথা শুনে আকর্ণ হাসি ছড়ায়। তার ফোকলা মাড়িতে ক্ষয়ে যাওয়া কয়েকটি দাঁত কোন রকমে ঝুলে আছে। বুড়ো আমাকে বলে, 'শুকরিয়া।' আমি কটমট করে তার দিকে তাকিয়ে থাকি। ভেতরে জুয়াড়ীদের চিৎকার শুরু হয়। বুড়ো হাতের লাঠি শক্ত করে ধরে, কাগজের কাপ উল্টে বুড়োর গায়ে কফি ছলকে পড়ে। কিন্তু বৃদ্ধ বিকারহীন, ভেতরে কি হচ্ছে তা দেখায় ব্যস্ত।

'গিভ মি সেভেন, গেভ মি সেভেন' বলে কে যেন চেচায়। আজকের লটারীর বিজয়ী নম্বর ঘোষনা হচ্ছে টিভিতে। ইশারায় একজন ক্রস আঁকে শরীরে; মহিলাদের কেউ কেউ আঙ্গুলের মধ্যমাকে তর্জনী দিয়ে পেঁচিয়ে সৌভাগ্য চিহ্ন বানায়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বুড়ো দরজার ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেয় জুয়ার ঘরে। আমি দেখি, বুড়ো স্থির তাকিয়ে আছে ভেতরের বাজিকরদের মুখের দিকে।


তিন

এরপর থেকে বুড়োর আর দেখা নেই। আমি হাঁফ ছেড়ে বাঁচি। কিন্তু বুড়োকে মাথা থেকে তাড়াতে পারিনা। দরজা খুলে কেউ ঢুকলেই আমি তাকাই। কোথাও খুঁট করে শব্দ হলেও আমার চোখ দরজায় আটকে যায়।


আমার পরিচিত এক রোগীর খোঁজ নিতে যেদিন রয়েল লণ্ডন হসপিটালে গেলাম, সেদিন আবার বুড়োর সাথে দেখা হাসপাতালের গেটে। সে হুইল চেয়ারে বসে আছে। আমাকে দেখেই বুড়ো হাসে। আকর্ণ বিস্তৃত হাসি। তারপর ফ্যাসফেসে গলায় বলে, 'শুকরিয়া।' আমিও হাসি, বলি, 'মনে আছে, শুকরিয়া বলা যাবেনা!'
'আমি কিন্তু তোমার কাস্টমার না এখন', বুড়ো জোরে হেসে ওঠে, যেন খুব মজার কথা বলেছে।
'কি হয়েছে তোমার, হুইল চেয়ারে এমন হাড়গোড় হয়ে বসে আছো কেন?' আমিও বুড়োর সাথে মজা করি।
'বুড়ো হলে যা হয় আরকি!' বুড়ো রগওঠা হাতের তালুতে বুক ঘষে। তার হাসি থামেনা। হাসপাতালে আসলে হাসির ব্যারাম হয় না-কি! বুড়োকে দেখে আমার ভাল লাগে।
'আমি ভাবলাম তোমার অভিমান হয়েছে, তাই জুয়া খেলা বাদ দিয়ে সন্ন্যাস নিয়েছ।' আমার কথা শুনে বুড়ো হাহহা করে হেসে ওঠে; বলে,
'আমি জুয়া খেলতাম নাকি? মাঝে মাঝে যে দুই-এক পাউণ্ডের বাজি ধরতাম, তা তোমাকে ভোলানোর জন্যই; যাতে ঘাড় ধাক্কা দিয়ে দোকান থেকে বের না করে দাও।' খুব চালাকি করা হয়েছে, এমন ভাবে আড়চোখে বুড়ো আমার দিকে তাকায়।
'জুয়াড়ী হতে হলে কিপ্টেমি চলেনা, তা জানতো?' আমি বুড়োকে খোটা দেই। যে জুয়াড়ী জুয়া খেলতে এসে দিনে মাত্র দুই পাউণ্ড খরচ করে তাকে পছন্দ করার কোন কারণ নেই আমার। এদের পয়সা থেকেই আমার বেতন হয়, আমার বিগ বসদের মার্সিডিস চলে। বুড়ো আমার কথার উত্তর দেয়না। রাস্তার দিকে তাকিয়ে থাকে, এর-ওর আসা-যাওয়া দেখে; তারপর বলে, 'জুয়াড়ীদের কথা খুব মনে পড়ে।' আমি বুড়োর দিকে তাকাই, তার কথা বুঝতে পারিনি। যতদূর মনে পড়ে, বুড়োর কোন বন্ধু ছিলনা। বৃদ্ধ সাদা হয়ে যাওয়া বুকের-রোমে আবার হাত ঘষে।

- 'তুমি কি রেসের সময় জুয়াড়ীদের মুখের দিকে তাকিয়ে দেখেছ কখনো? ওদের হাতের আঙ্গুলের দিকে তাকিয়ে দেখেছ?'
- 'আধ্যাত্মিক আলোচনা শুরু করবে না-কি?'
- 'দীর্ঘদিন আমি কোন নেশা করিনি। কিন্তু এখন মনে হয়, আমি সবসময়ই প্রচণ্ড নেশাগ্রস্ত একজন মানুষ।'
বুড়োর কথা শুনে কী মন্তব্য করা উচিত আমি বুঝিনা, তার দিকে তাকিয়ে থাকি। বুড়ো থামে; দম নেয়; রাস্তার মানুষ দেখে। তারপর আবার শুরু করে, 'তোমাদের জুয়ার দোকানগুলোতে যাই জুয়ার নেশা থেকে নয়। অন্যকোন নেশার জন্য। এই হাসপাতালে এসে আমি টের পেয়েছি, তাড়িয়ে দেবার পরেও কেন তোমার দোকানের সামনে আমি দাঁড়িয়ে থাকতাম। বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হলেও, কেন আমি হ্যাংলা কুকুরের মতো দরজার দিকে তাকিয়ে থাকতাম। কেন জান?' আমি চুপ করে থাকি। বুড়ো আমার দিকে তাকিয়ে থাকে; তারপর বলে, 'নেশা।'

নেশা শব্দটি দীর্ঘ এক বাক্য হয়ে বুড়োর চোখে ঝুলে থাকে। চিতল মাছের আঁশটের মতো তার চোখ জ্বলজ্বল করে। তারপর আবার শুরু করে, 'জুয়াড়ীদের চিৎকারে যখন গলার রগ ফুলে ওঠে, হাতের আঙ্গুলগুলো যখন তালু কেটে বসে যায়, বেটিং স্লিপগুলো যখন বাতাসে ভাসে, দপ করে নিভে যাওয়া চোখে যখন হঠাৎ আগুন জ্বলে উঠে, মানুষগুলো যখন ভাসতে ভাসতে টুপ করে তলিয়ে যায়- তখন প্রাণের প্রকট নিরুত্তাপ আর প্রচণ্ড আগুন আমাকে মাতাল করে। কেউ দূর দূর করে তাড়ালেই আমার নেশা কাটে না।' বুড়ো থামে। হাপায়। আমি চুপ করে বুড়োর কথা শুনে যাই। এরপর কথা না-বলা-সময় দীর্ঘতর মনে হলে, আমি বলি, 'সুস্থ হলে দোকানে এসো।' আমার কথায় বুড়ো হাসে, মাথা ঝাঁকায়, বলে, 'তুমি না বললেও যাব।' আমি বুড়োর দিকে দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করি, বলি, 'নাছোড় বান্দা!' বুড়ো তাড়াতাড়ি আমাকে শুধরে দেয়, বলে, 'নেশাগ্রস্ত।' তারপর অপ্রাসঙ্গিক ভাবে বলে, 'গুড মর্নিং-কে তোমরা কি বল? আমি অনেক চেষ্টা করেছি মনে করতে, পারিনি।'
- 'মানে বলতে চাইছো, তুমি এক সময় জানতে আমরা বাংলায় কি বলি?'
- 'তোমাদের অনেক শব্দই আমি জানতাম। মনে আছে, কাউকে পছন্দ না হলে, তাকে তোমরা শালা বলে গালি দাও।'
আমি বুড়োর কথা শুনে হো হো করে হেসে উঠি। জিজ্ঞেস করি, 'বাংলা শিখলে কোথায়?' 'আমি তোমাদের দেশে মাসখানেক ছিলাম। রেডক্রস থেকে আমাকে ওখানে পাঠিয়ে ছিল', বুড়ো উত্তর দেয়। আমি অবাক হই; এ কারনেই বুড়ো এত শুকরিয়া শুকরিয়া করে! বুড়ো আমার মুখের দিকে তাকিয়ে থাকে একমূহুর্ত, বলে, 'তোমাদের দেশের একটি ছেলেকে আমি দত্তক নিয়ে ছিলাম।' দত্তক কথাটা শুনলেই আমি কুকরে যাই। আমি আমার বাবা-মাকে দেখিনি, অন্যের বাড়ীতে মানুষ হয়েছি। আমি বুড়োকে জিজ্ঞেস করি, 'তোমার সেই ছেলে কোথায়?' বুড়ো বলে, 'ছেলেটিকে এদেশে আনার বছর দুয়েক পরেই আমি এলকোহলিক হয়ে পড়ি; বউয়ের সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তখন ছেলেটিকে অন্য ফস্টার প্যারেণ্ট নিয়ে নেয়। তারপর থেকে ছেলেটি সম্পর্কে আর কিছুই জানিনা।'

বুড়ো আমার দিকে ঘোলা চোখে তাকিয়ে থাকে। কি দেখছে বুড়ো? আমার চিবুকের কাটা দাগ? আমি অস্বস্তিতে পড়ে যাই; বারবার ঘড়ি দেখি। তারপর বুড়োকে শুকরিয়া বলার সুযোগ না-দিয়েই 'উঠি' বলে পথে পা বাড়াই; পেছনে ফিরেও চাইনা। মানুষের নেশাগ্রস্ত চোখ দেখলেই আমি বিব্রত হই।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোটগল্পমোস্তাফিজ রিপননেশা ;
প্রকাশ করা হয়েছে: গল্প  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: গল্পটি কেমন লাগল জানালে প্রীত হব।

১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৩

লেখক বলেছেন: এটি কিঞ্চিৎ বামনাকৃতির। পড়েছেন গল্পটা?

৩. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০২
রুখসানা তাজীন বলেছেন: বই বের করুন। অগণিত পাঠককে বঞ্চিত করবেননা।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৬

লেখক বলেছেন: লজ্জা পাচ্ছি, আবার উৎসাহিতও হচ্ছি-- কি যে মুশকিল! :)
গল্পটি প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ কি?

৪. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:০৯
শান্তির দেবদূত বলেছেন: একটু দৌড়ের উপরে আছি ....... রাত্রে পড়বো ....... বুকমার্ক করে রাখলাম ........ প্লাস ও সালাম দুইটাই দিয়ে গেলাম :):) ......।

আমার লাস্ট গল্পে আপনার কোন সমালোচনা পাইনি :) ......... আপনার দেখা পাবার জন্য অপেক্ষায় ছিলাম গত দুই দিন :)

ধন্যবাদ :)
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৩

লেখক বলেছেন: দেবদূত, দূর থেকে সালাম দিলে হবেনা, পদধূলি দরকার। ;)

৫. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪
রুখসানা তাজীন বলেছেন: এমন মোচড় দিলেন শেষে, কোমর ব্যথা করছে।

প্রথমত আমার মনে হচ্ছিল কোন অনুবাদ পড়ছি। জানিনা আপনি লন্ডনের জীবনযাত্রা, জুয়াজীবন এসবের প্রত্যক্ষ স্বাদ পেয়েছেন কিনা। শুধু কল্পনা থেকে এরকম বর্ণনা সাজানোর কাজটা আমি ১০০ বার জন্মালেও সম্ভব না।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: আপনার মন্তব্যগুলো বেশ সরস।

আপনার কথা শুনে মনে পড়ল, নিহারঞ্জন গুপ্ত নাকি কখনো লণ্ডনে যাননি। অথচ তার লেখায় লণ্ডনের অনুপুঙ্খ বর্নণা পাওয়া যায়। লণ্ডনের কোথায় কোন ল্যাম্প পোষ্ট বাঁকা, কোন রাস্তা কোন গলিতে মিশেছে- তিনি নাকি তাও ঠিক ঠিক জানতেন।

আমি খুব বেশী কল্পনা থেকে লিখতে পারিনা। লিখতে হলে আমাকে দেখতে হয়।

৬. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: কি যে ভালো লাগলো.........
সত্যি অসাধারণ..............।

ব্লগে আসা সার্থক এমন ভালো ভালো লেখার জন্য।
শুভেচ্ছা রেখে গেলাম.......।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: সাজি আপা, আপনার মন্তব্যে খুব খুশি হয়েছি। আপনি কি জানেন, আপনার কবিতাগুলো কত অসাধারণ!

৭. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১
সুলতানা শিরীন সাজি বলেছেন: অনেক ধন্যবাদ রিপণ..........।
আমি ভালো বললাম তাই আমার পুরস্কার?:)
অনেক শুভকামনা।
আবারো ভালো লাগা জানিয়ে গেলাম।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: আপনি 'খারাপ' বললেও 'পুরস্কার' পাবেন। :) এটি আপনার নায্য পাওনা। আমি ঈর্ষা নিয়ে আপনার কবিতার মন্তব্য পাঠ করি। মুগ্ধ করার মতো অনেক কবিতাই আমি লিখেছেন, আমি সাক্ষী।

৮. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫২
রিয়াজ শাহেদ বলেছেন: পরে পড়বো রিপন ভাই; মেজাজ খারাপ অবস্থায় পড়তে চাচ্ছিনা।

তবে রুখসানা তাজীনের প্রথম মন্তব্যটি প্রবাদতুল্য।
১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: রিয়াজ, হাতের কাছে কাঁচের গ্লাস থাকলে আছাড় মারুন, রাগ কমে যাবে। আর তাতে কাজ না হলে কাঁচের জগ, কিংবা শো-কেসের কাঁচ ভেঙেও দেখতে পারেন। :)

৯. ১৫ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৬
ফয়সল নোই বলেছেন: এতোক্ষণে শেষ হলো পড়া।আপনার লেখা আজই প্রথম।অবশ্য গল্পই অনেক দিন পরে পড়লাম।:)ভাল লাগলো পড়ে।

তবে 'বুড়ো রগওঠা হাতের তালুতে বুক ঘষে।'...এটা বেশ শক্ত কাজ।বরং...'বৃদ্ধ সাদা হয়ে যাওয়া বুকের-রোমে আবার হাত ঘষে।'...এটা সহজ:)
আর,'চিতল মাছের আঁশটের মতো তার চোখ জ্বলজ্বল করে। ' কাঁচা চিতলের আঁশটে গন্ধ নাকে আসার পর দেখলাম আঁশের রঙের কথা বলছেন:)
আপনার গল্প ভাল লেগেছে।রুখসানা তাজীন যেমন বলছিলেন,প্রথমে কিছুক্ষণ বঙ্গানুবাদ-বঙ্গানুবাদ লাগছিল।তবে পড়তে ভাল লেগেছে আপনার কাহিনী বিন্যাসে দক্ষতার জন্য।জুয়ার পরিবেশ,জুয়াড়িদের আচড়ন নতুন না মনে হলেও,বৃদ্ধের চরিদ্রটা খুব ভাল লাগলো।

গল্পটি পড়ে এসব মনে আসলো।

কিছু মনে করবেন না। আগ বাড়িয়ে বলার জন্য।আপনার নতুন গল্প পড়ার আগ্রহ রইল।ধন্যবাদ।ভাল থাকবেন।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:১৪

লেখক বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগল। আপনার পর্যবেক্ষণগুলো ভাল। গল্পের শুরুর বাক্যগুলো ছোট ছোট, আর বিছিন্ন বলে 'অনুবাদ' কথাটি মনে হতে পারে। বাংলা গল্পের প্রচলিত ভাষা, বাংলা কথার মতোই সুরেলা; যা বাক্য শেষ হলেও সাধারণতঃ সমাপ্ত হয়না, রেশ থেকে যায়। আমি চেষ্টা করেছি এই রেশ থেকে বের হতে। জানিনা, কাজটি করতে পেরেছি কি-না?

আপনার জন্য শুভাশিষ রইল।

১০. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৪
ফারহান দাউদ বলেছেন: লম্বা আলোচনায় যাবার দরকার দেখছি না,এমনকি আপনার লেখার মাঝেও এই গল্পটা এখন পর্যন্ত সবচেয়ে আলাদা,ভাল বললে কম বলা হয়ে যাবে,প্রতিটা শব্দ একটা একটা করে পড়েছি। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: ফারহান, প্রাণিত হলাম আপনার মন্তব্যে। আপনার লেখা থেকে আমি শিখি, বিশ্বাস করুন।

১১. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:১০
তাসনুভা. বলেছেন: ঝরঝরে লেখা...ভাল লেগেছে...

ধন্যবাদ...পরবর্তী লেখার অপেক্ষায়...
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১২. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৬
মমমম১২ বলেছেন: খুবই ভালো লাগলো।অনেক অনেক।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।

১৩. ১৫ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:২৩
ফারহান দাউদ বলেছেন: একটা সময় ডিটেইলিং পড়তে খুব বিরক্ত লাগত,খুব সম্ভবত,বাংলাতে এই ব্যাপারটা একটু কম,আমি জানি না। ব্লগে আসার পরে অভ্যাসটা আরো খারাপ হয়েছিল ছোট ছোট লেখা পড়তে গিয়ে,কিন্তু আপনার এবং আরো ২-৩ জনের লেখা পড়ে আবারো ডিটেইলিং,আবারো ধৈর্য্য ধরে পড়ার অভ্যাসটা ফিরে পাচ্ছি,সেজন্য আপনাদের ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: আসলেই ডিটেলিং বাংলাতে খুব একটা ব্যপকতা পায়নি। আর যেটুকু ছিল, হুমায়ূন আহমেদের চাপে পড়ে তা-ও অনেকখানি বদলে গেছে। বাংলা গদ্যে হুমায়ূন আহমেদের ডায়ালোগ নির্ভর বিন্যাস অনেক জনপ্রিয়।

গল্পে বর্নণাকে আমার জরুরী মনে হয়। আমরা যেটুকু দেখি, তারও বেশী কিছু দৃষ্টির আড়ালে থাকে।

ফারহান, আপনার ছোট আর 'ক্রিস্পি' বর্নণাগুলো আমি খুব পছন্দ করি।

১৪. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হুম, পড়লাম অনেক সময় নিয়ে। একটা জিনিশ খেয়াল করলাম। আপনার আগের গল্পে কে যেন মন্তব্য করেছিলেন, আপনার গল্পে মুগ্ধতা খুব বড় শক্তি, এবং সেটা একই সাথে গল্পের দুর্বলতা। কার মন্তব্য মনে নেই। তবে আজকে পড়তে গিয়ে ভাবনাটা মাথায় উঁকি দিল যে আপনি বোধহয় আমাদের পাঠকদের কাছ থেকে সেই মুগ্ধতাবোধটা কেড়ে নিতে চাইছেন কিছুটা! বিদেশী অনুবাদের মত নিস্পৃহ বাক্যবিন্যাস কি তারই চেষ্টা?

আরেকটা জিনিস অবশ্য খুবই ভাল লেগেছে। বুড়োকে খুব জীবন্ত লেগেছে। যেকোন চরিত্র আপনার লেখায় খুবই রক্তমাংশের হয়ে ওঠে। যাদুটা কোথায় তা এখনও ধরতে পারি নাই। তবে এব্যাপারে আমি বেজায় মুগ্ধ!:)
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: মন্তব্যটি করেছিলেন রিয়াজ শাহেদ। আমি চিন্তা করেছিলাম, রেসের মাঠে যে দ্রুততা থাকে- সেটি আসুক এই গল্পে। এ কারনেই বাক্যের বিন্যাস এধরনের; ছোট আর কিছুটা ভারমুক্ত।

আপনার মন্তব্য ভাল লেগেছে।

ব্যক্তিগত প্রশ্নকরি- আপনি ভাল লিখেন, অথচ নিজের নামে লিখেন না; কেন?

১৫. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এই যে আপনি বললেন, আমি ভাল লিখি, এটা নিয়ে আমার মধ্যে প্রবল সংশয় ছিল, এতটাই প্রবল যে আমি মাঝে ৩/৪ বছর কিছুই লিখি নাই। এখানেও প্রথমে যা লিখেছি তা এই সময়টার আগে লেখা। ঐ সংকোচটা কাজ করেছিল প্রচ্ছন্নভাবে। তবে মূল কারণ নিজের ব্যাপারে নিজের নাম দিয়ে সংজ্ঞা দিতে একটু সংকুচিতবোধ করছিলাম। তবে এখন আপনাকে যে ব্যাখ্যা দিচ্ছি তাও পুরোপুরি সঠিক না। ছদ্মনাম নেয়াটা খুব স্বত:স্ফূর্ত ছিল, চিন্তাভাবনা না করেই।

আর এখন মনে হয় ব্লগে অনেকেই আমার নামটা জানে। কোন এক পোস্টে বলে দিয়েছিলাম। আপনাদের অনেক আপন মনে হয়েছে, যাদের সাথে মননে, চিন্তায়, ভাবনায় এখন মিল পাই! ভাল থাকবেন।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: সংশয়ের কিছু নেই, কথাটি সত্য জানবেন যে- আপনি চমৎকার লিখেন। চাইলে সা.ইন-কে বলে নামটা ঠিক করে নিতে পারেন। এখনকার নামটা বেঠিক তা কিন্তু বলছিনা। নিজের নামে লিখলে, আমি বিশ্বাস করি, আরো স্বতঃস্ফূর্ততা পাবেন লেখালিখিতে। আপন নামের বিস্তার কে না ধরতে চায়!

আবারো শুভেচ্ছা রইল।

১৬. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৭
শান্তির দেবদূত বলেছেন: অনেক সময় নিয়ে পড়লাম !! এ পারফেক্ট শর্ট স্টোরী !!!!! আর কিছু বলার নাই।

যখন কোন গল্প পড়ি, পড়তে পড়তেই অবচেতন মনে পরবর্তী ঘটনা কল্পনা করতে থাকি (সবাই কি এভাবেই পড়ে ?)। আমার মনে হয়, পাঠকের কল্পনার সাথে না মিললেই লেখক স্বার্থক, মানে লেখকের সাতন্ত্রতা এখানেই। সেই হিসাবে আপনি শতভাগ স্বার্থক।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: দেবদূত, নতুন কি লিখছেন?

১৭. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ২:২৯
শান্তির দেবদূত বলেছেন: নতুন একটা আইডিয়া আসছিলো জুয়া নিয়া :( !!!!!!!!! এখন আপনার এই লেখা পড়ে তো আমার লজ্জা লাগছে :| ...... যেভাবে জুয়ার পরিবেশ ফুটিয়ে তুলেছেন !!! অসাধারন !!! ........ এখন ভুলেও আমার জুয়া নিয়া লেখা দেওয়া যাবে না ....... আগ আপনার এই লেখার রেশ কাটুক :):) তারপর দিবো ........ এখন অন্য একটা গল্প দিবো দুই এক দিনের মধ্যে :):)
১৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৫

লেখক বলেছেন: দুনিয়াতে সবচেয়ে বেশী গল্প লেখা হয়েছে সম্ভবতঃ জুয়াড়ীদের নিয়ে। আপনিও লিখুন না। জুয়া আসলেই অদ্ভুত একটা বিষয়। আমি বেটিং শপে কাজ করেছি অনেকদিন। খুব কাছ থেকে জুয়াড়ীদের দেখেছি।

১৮. ১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:২৯
শফিউল আলম ইমন বলেছেন: রিপন ভাই কি লন্ডনে থাকেন??
উইলিয়াম হিলে কাজ করেছেন নাকি??? আমি ল্যাডব্রুকস এ করি।:)
এ গল্প সমপর্কে আমি আর কি বলবো। যারা বেটিং শপে কাজ কেনি কিংবা এমন পরিবেশ দেখেনি তাদের কাছে খুব আলাদা মনে হবে। কিন্তু আমার কাছে নিত্যদিনের কাহিনী মনে হলো। আসল কথা হলো এতো সুন্দর করে এতো ধৈর্য নিয়ে আমি লিখতে পারতাম না। আপনি একজন হোমলেস কে দিয়ে একটি গল্প ফুটিয়ে তুলেছেন। অনেক কিছু উঠে আসছে। পরিচিত বাস্তবকে গল্পে পেয়ে ভালো লাগল।:)
ভালো থাকুন।
কথা হবে শীঘ্রই।
১৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১৭

লেখক বলেছেন: বেটিং শপে কাজ করেন আপনি? তাহলে তো অনেক মজার অভিজ্ঞতা আছে আপনার নিশ্চয়ই। লিখুন না সেসব নিয়ে। আমি লণ্ডনে ছিলাম দীর্ঘদিন। কোরালে কাজ করেছি কিছুদিন।

১৯. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১
রিয়াজ শাহেদ বলেছেন: বাহ মনে হলো যেনো সেবা প্রকাশনীর কোনো বই পড়ছি!

গল্প তো অনবদ্য যথারীতি, কিন্তু একদম শেষ প্যারাটিতে কি গল্পকথক আর বুড়োর মাঝে প্রচ্ছন্নভাবে কোনো সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন। রিপন ভাই? পাঠক কি ধরে নিতে পারেন যে, গল্পকথকই বুড়োর হারিয়ে যাওয়া ছেলে?
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: উত্তরটা বললেই মজা নষ্ট হয়ে যাবে। ;)

২০. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২
রিয়াজ শাহেদ বলেছেন: দুঃখিত "রিপন ভাই"-এর আগের দাড়িটি ভুলে চলে এসেছে।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৮

লেখক বলেছেন:
এক ছিল দাঁড়ি মাঝি দাড়ি তার মস্ত
দাড়ি দিয়ে দাঁড়ে তারে দাড়ি খালি ঘষতো
সেই দাঁড়ে একদিন দাঁড়কাক দাঁড়াল
কাঁকড়ার দাঁড়া দিয়ে দাঁড়ি তাকে তাড়াল

রিয়াজ ভাই, যত পারুন দাড়ি লাগান; দাড়িওয়ালা আসলো বলে!

২১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২১
রিয়াজ শাহেদ বলেছেন: রিপন ভাই কি সৈয়দ সাব্বির হায়দার নামে কাউকে চিনতেন? আপনাদের ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, আপনাদের কয়েক ব্যাচ সিনিয়রই হবেন বোধহয়, এখন শিক্ষক; একটু সাহায্য করছি- তার গায়ের রঙটি ছিলো অস্বাভাবিক শাদা, কিছুটা শ্বেতী রোগীদের মতো।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: না রিয়াজ ভাই, এই নামে কোন টিচারের কথা মনে পড়ছেনা। বিশেষ কোন ঘটনা আছে নাকি তাকে নিয়ে?

২২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৩
মাজহারুলইসলাম বলেছেন: রিপন ভাই সালাম । কেমন আছেন ?
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৬

লেখক বলেছেন: আছি ভাল, তোমার খবর কি? গল্পটা কেমন লাগল?

২৩. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৪৯
অদ্ভুত আঁধার এক বলেছেন: ভাই বড় হওয়ার পরো পুরোটা পড়লাম,
এটুকুতেই বুঝুন কেমন লাগল।

শুভেচ্ছা।
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৪

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

২৪. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৭
রিয়াজ শাহেদ বলেছেন: আসলে টিচার হিসেবে আপনি তাকে চিনবেনওনা, ছাত্র হিসেবে চিনতে পারেন, আপনার কয়েক ব্যাচ সিনিয়র ছিলেন, টিচার হয়েছেন আরো অনেক পরে।

নাহ কোনো ঘটনা নেই; তিনি আমার মামা।
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৪

লেখক বলেছেন:
আমাদের মামারা
ছিল নাকি বীর,
মামা খেত কানমলা
মামী খেত ক্ষীর।

২৫. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩১
মেঘলা মানুষ বলেছেন: চমৎকার!
ভাল লিখেছেন। চালিয়ে যান উৎসাহ নিয়ে।
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: উৎসাহিত হলাম :)
প্রীতও হলাম।

২৬. ১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৪
রন্টি চৌধুরী বলেছেন: গল্প দেখে চমকৃত হচ্ছি।
পড়িনি এখ্নও :(


রিপনভাই, আপনার জন্য আমার ব্লগপেইজের কুউউ....শিরোনামের গল্পের মন্তব্যে আহমাদ মোস্তফা কামালের একটি বার্তা আছে। দয়াকরে যদি একটু দেখে আসেন, ভাল হয়।
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আমি পড়েছি বার্তাটি। শবে-বরাতে এবছর কি চাইলেন আল্লাহর কাছে?

২৭. ১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:০২
রাশেদ বলেছেন: গল্পটা পড়লাম। ভালো লাগছে। আগে যেমন প্রথম দুই প্যারাতে বিরক্ত হইতাম কিছূটা, সেইটা এইবার নাই।

তবে আপনার অন্য লেখাগুলোর সাথে মিলে না। মনে হইছে আপনার গল্প জীবনের শুরুর দিকের লেখা। সবাই প্রশংসা করছে। কিন্তু আমার কাছে মনে হইছে কাঁচা লেখকদের লেখা। আপনার লেখা বলে একদম মনে হয় নাই।

মাইন্ড খাইয়েন না, খালি আপ্নের বদনাম করি আমি। :(
১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২১

লেখক বলেছেন: এইটা কাঁচা লেখকের লেখা নয় হে, কচি পাঠকের জন্য লেখা। ;)

রাশেদ ভাই, আমি ঠিকই বলেছিলাম, প্রথম দুই প্যারা বাদ দিয়ে লেখাই উত্তম। দেখলেন, কেমন হাতে-নাতে রেজাল্ট পাওয়া গেল! :)

আসলে চা খাইতে খাইতে আপনার মন্তব্য পড়ছি বইলা, আর কিছু খাওয়ার কথা মাথায় আসে নাই। তবে, রিকোয়েষ্ট করলেন বইলা কনফার্ম করতেছি, মাইণ্ড খামু না। B-))

২৮. ১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৯
আসিফ আহমেদ বলেছেন: ভাসা ভাসা পড়েছি। ভালো লেগেছে।
১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: ডুবাইলেন ;)

২৯. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:১৭
রন্টি চৌধুরী বলেছেন: এতদিন ধরে এই গল্পটা পড়িনি। খুব ভাল একটি সিদ্ধান্ত ছিল সেটা। কেননা আমি অপেক্ষা করছিলাম উত্তম একটা মুহুর্ত যখন চিত্ত স্থীর থাকবে, আমি পড়ে সর্বোচ্চ আনন্দটি লাভ করতে পারব।

গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে একে সুচিন্তিত একটি গল্প মনে হয়েছে। বুনন নিরেট। মেদহীন। ঝড়ঝড়ে।
গল্পের শুরু হয়েছে যথার্থভাবে। সেখানে গল্পের মুল চরিত্রদুটির সাক্ষাত হয়েছে। এবং তার সাথে সাথে বুকিশপের পরিবেশ সম্পর্কে সুচারু বর্ননা এসেছে যা গল্পটির জন্য অপরিহার্য ছিল। যে বর্ননা এসেছে তা বেশ ভাল ভাবে উতরে গেছে, লেটার মার্কস সহ।
গল্পের শক্তিশালী একটি দিক হিসেবে আমার কাছে মনে হয়েছে এর সংলাপ। সংলাপের মাধ্যমে পাঠক গল্পে কথকের চরিত্রের প্রকৃতি সম্পর্কে নিজের অজান্তেই ধারনা পায়। সেজন্য লেখককে বলতে হল না যে ওই চরিত্রটি অমুক ধরনের তমুক ধরনের।
বুড়োর শুকরিয়া বলা এবং সে প্রেক্ষাপটে পুর্ব লন্ডনের পরিস্থিতি তুলে আনা গল্পের গভীরতা বাড়িয়েছে। সার্থক ছোটগল্প এভাবেই তার আবেদনের বাড়ায়।
গল্পটির বর্ননা রীতির একটি উদারন দিতে পারি যেখান থেকে এর ভাষাবিন্যাস সম্পর্কে ধারনা পাওয়া যেতে পারে।''মানুষের মাথায় ছাতা, হাতের দড়িতে বেঁধে রাখা কুকুর, তরুনীর মাথায় হুড তোলা জ্যাকেট, পাশের মদের দোকানের কারাওকির বিজ্ঞাপন, আর আমার নাছোড় বুড়ো বৃষ্টিতে ভিজছে। লণ্ডনের বৃষ্টি- বিমর্ষ আকাশের বিরক্তিকর পানি-বর্ষন।''

পুরো গল্পটি পড়লে এর পেছনে পরিকল্পনার সুস্পষ্ট ছাপ পাওয়া যায়। নিয়ন্ত্রিত কাহিনী বিন্যাস। প্রতিটা শব্দচয়নে যত্নের ছাপ ছিল। গল্পের থীমটি খুব জোড়াল করা হয়নি, এখানে পাঠকের স্বাধীনতা রেখে দেয়া হয়েছে সুকৌশলে। তবে পাঠক যেভাবেই ভাবুক এটি গল্পের সার্থক পরিসমাপ্তি।

রাশেদের মন্তব্যটির সাথে একমত নই পুরোপরিই। কেননা আমার কাছে মনে হয়েছে এটি মোস্তাফিজ রিপনের লেখা এ ব্লগে সবচেয়ে সেরা গল্পটি। এর ভাষা ব্যবহারে বাহুল্য নেই মেদবহুল নয়। লেখকের অন্যান্য লেখার সাথে এটির বৈসাদৃশ্য আছে ফলে হয়ত পাঠক রাশেদের কাছে অন্যরকম লেগেছে।

পরিশেষে বলব, জীবনে যদি এ রকম একটি গল্প লিখতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব।
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: রন্টি ভাই, আপনার মন্তব্যটি চমৎকার। ব্লগে খুব কম পাঠকই বড় মন্তব্য করেন, বা বড় মন্তব্য করার আগ্রহ দেখান। আমি ব্যতিক্রমী যে কয়েকজনকে দেখেছি, আপনি তাদের অন্যতম। রিয়াজ শাহেদের একটা লেখায় আপনার প্রমান সাইজের মন্তব্য পড়ে আমি বিস্মিত হয়েছিলাম। মঙ্গল হোক আপনার মন্তব্যের ঝুলির।

আপনি সুলেখক। 'কুউউ' গল্পটির মন্তব্য পাঠ করে আমি ঈর্ষান্বিত হয়েছি। পাঠককে ধন্য করবার মতো অনেক গল্পই আপনি লিখেছেন। শেখ মুজিবকে নিয়ে আপনার লেখাটি অনন্য। আপনি নিজেও জানেন না যে, কত মানুষ চোখে জল নিয়ে লেখাটি পাঠ করেছে।

আপনার জন্য শুভ কামনা রইল।

৩০. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৯
যীশূ বলেছেন: অসম্ভব অসাধারণ!
১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ যীশু।

৩১. ১৯ শে আগস্ট, ২০০৮ রাত ১:০৯
আলী আরাফাত শান্ত বলেছেন: এই অসাধারন গল্পটা আগে পড়ি নাই এই জন্য দুঃখিত!
রন্টীকেও ধন্যবাদ এত চমৎকার গল্পটার কথা আমাকে বলার জন্য!
ভালো থাকো ভাইয়া!:)
১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ শান্ত। খুব ভাল লাগল আপনার মন্তব্য পেয়ে।

৩২. ২০ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৯
এরশাদ বাদশা বলেছেন: নিজের উপর বিরক্ত লাগলো, এতো ভালো গল্প কেনো আমার চোখে পড়েনি। আমি গল্প পড়ি এবং লিখি। কিন্তু এই লেখাটা পড়ার পর মনে হলো, লেখার ভূবনে আমি এখনো দুগ্ধপোষ্য শিশু।

শুরু থেকে শেষ পর্যন্ত যে জিনিসটি আমার নজর কেড়েছে, তা হলো বর্ণনা। এতো নিখুঁত, যে বলার মতো নয়। রিয়াজ শাহেদ ভাই এর মতো আমিও ভিরমি খেয়ে গিয়েছিলাম, সেবা প্রকাশনীর কোনো বই পড়ছি নাতো? কিংবা সরাসরি এটাও বলতে পারি, কাজীদা(কাজী আনোয়ার হোসেন)র লেখা কোনো ছোটো গল্প পড়ছিনা তো?

আজ থেকে সা,ইনে প্রিয় লেখকদের তালিকায় আপনিও যুক্ত হলেন।
২১ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। (কি নামে বন্ধুরা আপনাকে ডাকে- এরশাদ, নাকি বাদশা?) আপনার অনেক লেখাই আমার পাঠের সৌভাগ্য হয়েছে। আপনি ভাল লিখেন। আমি আসলে কাজী আনোয়ার হোসেনের মতো লিখতে চাইনি, চাইও না। বলা বাহুল্য, আমি কাজি আনোয়ার হোসেনের লেখা পছন্দ করি। তাঁর 'পঞ্চতন্ত্র' পাঠ করে আমি বিমুগ্ধ হয়েছিলাম।

আপনার মন্তব্যে দারুন অনুপ্রাণিত হয়েছি।

আপনার মঙ্গল কামনা করছি।

৩৩. ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৩:০২
এরশাদ বাদশা বলেছেন: ব্লগের বন্ধুরা কেউ এরশাদ, কেউ বাদশা বলে ডাকেন। কেউ মজা করে এরশাদ বিদিশা বলেন।:P আপনার যা ইচ্ছে তাই ডাকতে পারেন, আপত্তি নাই। প্রিয়র তালিকায় যুক্ত হয়েছেন যে।:D
২২ শে আগস্ট, ২০০৮ ভোর ৪:১৭

লেখক বলেছেন: আপনার রসবোধ চমৎকার। ভাল লাগল আপনার সাথে পরিচয় হয়ে।

৩৪. ২৭ শে আগস্ট, ২০০৮ রাত ১১:১৯
কোলাহল বলেছেন: গল্পে বর্নণাকে আমার জরুরী মনে হয়। আমরা যেটুকু দেখি, তারও বেশী কিছু দৃষ্টির আড়ালে থাকে। কাজের কথা বলেছেন।

আপনার লেখা সেদিক থেকে স্বার্থক বলেই আমার মনে হয়।
২৮ শে আগস্ট, ২০০৮ রাত ১:৪০

লেখক বলেছেন: এটি একেবারেই আমার নিজস্ব ধারনা। অনেকেই অন্যভাবে ভাবেন, তারাও অনেক সফল।

৩৫. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৪৮
শাহারিয়ার আহমেদ বলেছেন: ভালো লাগল ভাইয়া. ভালো না অসাধারন। +
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার। শুভেচ্ছা জানবেন।

৩৬. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৬:০৬
ফাহমিম বলেছেন: মনে হলো রিপন ভাইয়ের সমকক্ষ অন্য কোন লেখকের লেখা পড়ছি।

চমৎকার লিখেছেন বস।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ফাহমিম, প্রীত হলাম আপনার মন্তব্যে।

৩৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:৩২
আকাশচুরি বলেছেন: প্রায় প্রতিটি গল্পে নতুন ভাষা রীতি!! ওয়াও!!

"চিবুকের কাটা দাগ" টা একটু খচ-খচ করলেও পুরো বুঁদ হয়ে আছি
:)
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২২

লেখক বলেছেন: ব্লগে এত অনিয়মিত কেন? ভাল্লাগেনা।

৩৮. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০
বাপ্পাদিত্য বলেছেন: এখন মনে হয়, আমি সবসময়ই প্রচণ্ড নেশাগ্রস্ত একজন মানুষ...

আপনার গল্প পড়ার নেশা হয়ে গেছে রিপণ ভাই...

রুখসানা তাজীন এর সাথে আমিও জোড়ালো দাবী জানাচ্ছি- বই বের করুন। অগণিত পাঠককে বঞ্চিত করবেননা। কম্পিউটারের স্ক্রীন এ গল্প পড়তে ভালো লাগে, আপনিই বলুন?

০৬ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: বাপ্পা, নেশা কেটে গেছে, তাইনা?

নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে...

৩৯. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৩
হাসান মাহবুব বলেছেন: আপনার ব্লগে ঢুকে কোন লেখাটা পড়ব ভাবছিলাম।এই গল্পের শিরোনামটা পছন্দ হয়ে গেল।পড়তে বসলাম।লন্ডনের খুঁটিনাটি বর্ণনা,রেসের মাঠের উত্তেজনা শেষে যখন শেষ পরিচ্ছেদে যুবক আর বৃদ্ধের সম্পর্কের নতুন রসায়ন আসল,তখন থেকেই উত্তেজনা বোধ করছিলাম,গল্প শেষ করার পরে যুবকের মত আমিও কেমন যেন অস্বস্তি বোধ করলাম।
নেশায় আচ্ছন্ন বৃদ্ধের চোখে চোখ রাখার সাহস আমার হয়না।চোখের ভাষা পড়তে আমি বড়ই অপটু,কিন্তু আমার ভয় হয় বৃদ্ধের চোখে এবার আমি এমন কিছু একটা পাঠ করব,যেটা মোটেও সুখকর কিছু হবেনা....


##আপনি বই বের করছেন না কেন???????????? X((
৪০. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০৫
মোস্তাফিজ রিপন বলেছেন: হাসান মাহবুব, আপনার মন্তব্য পেয়ে খুশি হয়েছি। বই বের করব!!?? সাহস হয়না। কসম।
৪১. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:১৭
হাসান মাহবুব বলেছেন: আগামী বইমেলায় আপনার বই দেখতে চাই।এটাই হল আমার শেষ কথা। X(
১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: আগামী বইমেলায় আপনার বইও দেখতে চাই।

৪২. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৯
হাসান মাহবুব বলেছেন: হুমম।আমার সেই পরিকল্পনা আছে।সিরিয়াসলি ভাবছি ওটার ব্যাপারে।আপনিও প্রস্তুতি শুরু করে দিন।
৪৩. ১৪ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৪১
রেজওয়ান শুভ বলেছেন: অসাধারন লিখেছেন রে ভাই

সোজা প্রিয়তে ;)
২১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: শুভেচ্ছা রইল।

 

মোট সময় লেগেছে ১.০৩৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অর্থহীন কমলালেবুর পিঠে ঘরকুনো গাছ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ