আমরা দুজনেই দুইদেশের ম্যাগাজিন,বই,গানের ক্যাসেট, ভিউকার্ড ইত্যাদি আদান-প্রদান করতাম।সেই জন্যই ঢাকা জিপিও আমার নিয়মিত যাতায়তের স্থান হয়ে উঠে।আমি লাইনে দাঁড়িয়ে গিফটগুলি পার্শ্বেল করতাম আর পিওন যাতে দেরি না করে তাই সেখান থেকেই আমার নিকট আসা চিঠি ও গিফট গুলি নিয়ে আসতাম।
তখন বাংলাদেশের বই,গানের ক্যাসেট বা পত্রিকা কলকাতায় পাওয়া যেতনা।তাই আমার আমার পাঠানো হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন,সামসুর রাহমান,নির্মালেন্দু গুণ প্রমুখের বইসহ নানা কবি সাহিত্যিকের বই তাকে পড়িয়েছি।বিনিময়ে আমিও পেয়েছি অনেক অনেক বিখ্যাত লেখকদের বইয়ের স্বাধ।তখন আমি ছিলাম মাসুদ রানা পাগল,সেই আমিই পত্রমিতার পাঠানো বই পড়তে শুরু করলাম মৈত্রেয়ী দেবীর ন হন্যতে, মির্চা এলিয়াদের লা লুই বেঙ্গলী বা সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস কালবেলা।কালবেলার তিনটি পর্বই অনেক প্রতীক্ষার অবসানে হাতে পেতাম,কারন সবগুলি পর্ব একত্রে প্রকাশ হয়নি।আমরা এর চরিত্রগুলো নিয়েও মত প্রকাশ করতাম! এখনো আমি সেই ছাত্রনেতা অনিমেষের কাহিনীটা মনে করে কষ্ট পাই।আর মৈত্রেয় দেবীর জীবন কাহিনী “ন হন্যতে” বা তার বিদেশী প্রেমিক মির্চা এলিয়াদের সত্য কাহিনী পড়ে বলেই ফেলেছিলাম ওদের মতো আমরাও শেষ জীবনে দেখা করবো!!
আর গানের কথা কি বলবো।বাংলাদেশে তখনো ব্যান্ডের গান ততটা জনপ্রিয় নয়।আমরা কিশোর কুমার জাতীয় ভারতীয় গান শুনতাম।রেজোয়ানা চৌধুরী বন্যা তখনো ভারতে পপুলার হয়নি তাই তার ও পাপিয়ার রবীন্দ্র সঙ্গীতের ক্যাসেট পাঠিয়ে বসে থাকতাম।কিন্তু এই পত্র মিতা আমাকে ভারতের বিপুল ভান্ডার থেকে তার সিলেক্টেড গানের ক্যাসেট পাঠিয়ে গান শুনিয়েছে!
আমার আফসোস হয় এখনকার গানের বা সাহিত্যের মতো ভাল অবস্থান তখন আমাদের ছিলনা!
আমি সৌদি আরব এসেও আমাদের মিতালী চালিয়ে যাই।কিন্তু এদেশের কড়াকড়ি আইনের জন্য চিঠি ছাড়া অন্যান্য গিফট আদান-প্রদান বন্ধ হয়ে যায়।কারন এখানে যে কোন চিঠিই পোষ্টাল কর্তৃপক্ষ প্রাপক বা প্রেরকের বিনা অনুমতিতে খুলে পড়ার এবং ছিড়ে ফেলার অধিকার রাখেন!? তাই তার পাঠানো ছবিগুলি প্রায়ই আমি পেতামনা,আর বই জাতীয় প্যাকেটতো দুরঅস্ত!!!
আর এরও কিছুদিন পর আমি বিয়ে করি।এবং বেশ মজা করেই স্ত্রীকে অন্য সব ঘটনার সঙ্গে পত্রমিতালীর বিষয়টিও খুলে বলি।আমার কথা শুনে তার পটলচেরা বড় বড় চোখ দুটো আরো বড় হয়ে যায়। সে অবাক হয়ে দেখতে থাকে বুক সেলফে থাকা সব বই, ক্যাসেট র্যা কে থাকা সব গান,এলবামে রাখা বিভিন্ন ছবি আর ড্র্য়ারে রাখা সব চিঠিগুলি,যা ছিল আমার পত্রমিতাদের পাঠানো!
ঘটনার পরিসমাপ্তি হলো পত্রবন্ধুত্ব বা পত্রমিতালীর ইতিটেনে আর সব চিঠি ও ছবিগুলো ধ্বংস করা যেমনটি দেখি র্যা ব বা পুলিশ মাদকদ্রব্য ধ্বংস করে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


