নীল আকাশ আর সাদা মেঘের উলঙ্গ কোলাকুলি
ধনাঢ্য যুবকের মনে লাগায় ব্যর্থ প্রেমের কালি;
মসৃণ ক্যানভাসে আঁকা ময়ূরীর বাঁকা পায়ের ছাপ,
যেনো দিয়ে যায় তার হৃদয়ে তরবারির আঘাত।
ওদিকে মাথায় বোঝা নিয়ে হাঁটছে সমবয়সী যুবক,
চেহারায় ফুটেছে তার দারিদ্র্যের নির্মম চাবুক;
নেই প্রেম, নেই ভালবাসা, আছে শুধু যন্ত্রণা,
গাড়ির হর্ন জানিয়ে দেয় তার জীবনের সব বঞ্চনা।
সবাই লড়েছি ভাষার জন্য, সবাই গিয়েছি স্বাধীনতাযুদ্ধে,
তবে কেনো এই পাহাড়সম বিভেদ আজ আমাদের মাঝে?
রাজনীতি সুবিধাবাদীকে দিয়েছে সম্পদ আর অট্টালিকা;
বাকীদের দিয়েছে ধোঁকা, করেছে অনেক মায়ের কোল ফাঁকা।
আ-লীগ, বিএনপি মেতেছে অধমের প্রতিযোগিতায়
অসহায় জনতা তাই ভুগছে দারুণ শঙ্কা আর হতাশায়,
এই কি ছিলো আমাদের স্বাধীনতার লক্ষ্য?
একথা ভেবে ফেটে যায় সকল দেশপ্রেমিকের বক্ষ।
আ-লীগ বলে বিএনপি এখন জামাত-প্রেমিক,
বিএনপি বলে ছিয়ানব্বইয়ে আ-লীগ ছিল জামাতের শরীক?
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ নিয়ে সদাই চলে অহেতুক তর্ক,
সাধারণ মানুষ বলে দুটি দলই নিরেট মূর্খ।
বস্তাপচা এই রাজনীতি থেকে কবে পাবো পরিত্রাণ,
কবে আসবে সেই নেতা বাজিয়ে মুক্তির গান?
জেগে ওঠো বাঙালি, ঘুমিয়েছো চল্লিশ বছর;
তোমার দেশ, তোমার ভবিষ্যত নাও তোমার হাতের ওপর।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


