ছোটবেলায় ছোটখাট লেখালেখির অভ্যেস ছিল, মনে হয় জিনগত কারণে। আমার বাবার (আমি ডাকি 'বাজান') লেখার হাত ভাল, এক সময় তার লেখা না না কাগজ়ে ছাপা হত। সেই সুবাদে আমরা সব ভাই-বোনও লেখার চেষ্টা চালিয়ে স্কুলের সাময়িকীতে দেখার জন্য ব্যাকুল হতাম। কলেজের ম্যাগাজিনও আমার লেখা ছাপিয়ে আমাকে আহ্লাদিত করেছিল। কিন্তু তারপরেই ঘটল বিপত্তি, বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে সনদপত্র নিয়ে বের হওয়ার পর আমার হঠাৎ ই একদিন বোধ হল- গত সাত বছরে আমি একটি অক্ষরও লিখি নি যাকে সৃজনশীল লেখা বলা যেতে পারে। অদ্ভুত এক দুঃখে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। প্রকৌশল বিশ্ববিদ্যালয় কি আমাকে যন্ত্রমানব বানিয়ে রেখেছিল! কিন্তু না, তা কেন হবে? স্থাপত্যবিদ্যা তো বিজ্ঞানের পাশাপাশি আমাকে স্বাদ দিয়েছে নন্দন তত্বের। তাহলে কেন এতদিন দূরে আছি লেখালেখির ভূবন থেকে? এর ও কারণ খুজেঁ পেলাম- পারিবারিক। ইদানীং আমার বাজান আর লেখেন না, অনেক দিন থেকেই লেখেন না- অথচ আমি জানি তিনি কলম ধরলেই কাগজে যা লেখা হয়, তার নাম সাহিত্য- আমার মতো এলেবেলে লেখা নয়। তার মত লেখক যদি লেখালেখি থেকে দূরে থাকে, সেখানে আমি তো কোন ছার! এসব ই আসলে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা। কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়! তাই নিজেকে প্রকাশের যে অপারগতা আমার তার জন্য দায়ী আমি একা ই, আর কাউকে এর দায়ভার দেয়া যায় না
(এর পর দুটি অনুচ্ছেদ লিখে সংরক্ষণ করতে গিয়ে দেখে জাল ছিড়েঁ গেছে, অসংলগ্ন মনে হবে এখনকার কথা- আমি নতুন ব্লগার, প্রথমে মাইক্রসফট ওয়ার্ড ব্যবহার করার কথা মাথায় আসে নি।
অনেক কথা আকুলি বিকুলি করে মনের মাঝে, তার যন্ত্রণা থেকে বাচাঁর জন্য মাস ছয়েক আগে ব্লগিং শুরু করার কথা ভাবি। কিন্তু হায়! অনেক দিনের অনভ্যাসে তাতে মরচে ধরে গেছে, তাই শুরু করেও কোন কিছু না লিখে কয়েকটা ছবি ছাপিয়ে তাকে কবর দিতে হয়। গতকাল এক ছোট ভাই এর ব্লগ দেখে ছাই-চাপা আগুন আবার জ্বলে উঠল। কিন্তু কী লিখব! মাথায় গিজ গিজ করছে অনেক কিছু- কোনটা ছেড়ে কোনটা লিখি! লিখতে গিয়ে দেখি মাথা ধু ধু বালুচর হয়ে গেছে। কলেজ বা স্কুল ম্যাগাজিনে ছাপা লেখাগুলোর কোন কপি ও নেই আমার কাছে (ভেবে দেখেন আমি কী পরিমাণ callous!) যে তা টাইপ করে দিব! তাই ভাবলাম আমার ব্লগে লেখার শানে নুযুল দিয়ে ই শুরু হোক- তাতে যদি মরিচাতে একটু ক্ষয় হয়।
অনেক কথা ই মনে হবে পুনারাবৃত্তি হয়েছে বা নিরর্থক চিউইংগাম এর মত টেনে লম্বা করা হয়েছে বলে মনে হবে - এ এক আনাড়ি লেখকের নেহায়েৎ আত্মকথন (আত্মবিলাপ বলা মনে হয় ভাল)। সবার ক্ষমাসুন্দর দৃষ্টি আমার সামনে চলার পথে প্রেরণা হবে এই যাচনা মনে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



