১
ছাইচাপা ইচ্ছেগুলো ডানা মেলতে শুরু করেছিল
উড়বে বলে......
ওদের কাছ থেকে আকাশটাকে কেড়ে নেয়া হলো!
মুখ থুবড়ে পরার আগে ওরা শব্দের কাছে আশ্রয় চেয়েছিল
শব্দগুলো তখন অনেক দূরে, অন্য কারো কাছে......
আর আমি নিশ্চুপ!
আমি ওদের ভুল আকাশের ঠিকানা দিয়েছিলাম
যে আকাশটা আর আমার নেই......
ড্রাফটঃ ১৪/১১/২০১১
২
মাঝে মাঝে মৃত্যুটাকে বড্ড বেশী আপন মনে হয়...
মনে হয় বড্ড কাছের কেউ
যে আমায় মুক্তি দিবে, দিবে বন্ধনহীনতার আস্বাদ!
মর্ত্যের দেহশূণ্য হয়ে ভেসে বেড়াব নির্ভার
কোন না কোন আকাশে.........
আর এ ধরা! আমি বিনে হবে জঞ্জালমুক্ত...
কেবল ব্লগের একটা খোরা-পাতা নিশ্চুপ হয়ে রবে!
নৈঃশব্দ্য! সে তো হিরণ্ময়!!
ড্রাফটঃ ১৪/১১/২০১১
৩
যদি ফিরে আসি কখনো
হতে চাই আমি পাখী-ডাকা শীতের ভোর...
শিশির ভেজা ঘাসে নরম দুটো পায়ের আলতো ছোঁয়া
হয়তো বা মক্তব থেকে ভেসে আসা
জবুথবু চাদরে মোড়া শিশুর কচি-কন্ঠের আমপারা-র সুর!
স্কুলে না যাওয়ার অযথা অজুহাতে
কিংবা এক-টাকার নারকোলের আইসক্রিমে লাগা সর্দিতে
হতে চাই মায়ের আদর-মাখা শাসন
আর বাবা-র ভালোবাসাময় উৎকন্ঠা!
পাশের বাড়ীর ছেলেটার ঘোরলাগা দৃষ্টিতে
আমি হতে চাই কিশোরীর বুকের কাঁপন
ভরদুপুরের কাঠ-ফাটা রোদে
টলটলে জলে হবো আমি কিশোরের ঝাঁপ!
বিকেলে মাঠে খেলতে যাওয়ার অস্থিরতায়
মায়ের বারণ হবো না আমি, হবো না বাবার শাসন
সন্ধ্যের আলো-জ্বালা ব্যাডমিন্টন কোর্টে
তরুণের চোখের তারায় হবো বাঁধন-হারা নাচন
ঝিঁঝি ডাকা সাঁঝ হবো আমি
হারকেনের নিভু নিভু আলোতে হবো শিশুর উঁচুস্বরের পাঠ
দাদুর কোল-ঘেঁষে শোনা ভূতের গল্প
হবো হুতোম প্যাঁচার ডাকে ভয় পেয়ে ঘুমিয়ে যাওয়া রাত!
বুকে পুষে রাখা অভিমান নিয়ে যদি চলেও যাই
যা কিছু সুন্দর, যা কিছু অপার্থিব
তার সবটুকু হয়ে তোমাদের মাঝে আমি
ফিরে আসব! বার বার!
ড্রাফটঃ ১৭/১১/২০১১
আলোকচিত্রঃ গত শীতে তোলা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

