গান
আমার সুর আর আমারই গান
তোমার জন্যে গাওয়া
হৃদয়ে জোড়া আশার এ পাল
তোমার জন্যে ছাওয়া ।
ক্লান্ত রাতে বা অলস দুপুরে
মৌনতা আর নিরবতার অগোচরে
আমি আছি তোমার হয়ে
তোমার জন্য যাব গান গেয়ে ।
বাদল দিন, বর্ষাতে লীন, তোমার অবুঝ মনে
ভেজা হাওয়া, ধরবে গাওয়া, নবীন সুরের গানে ।
আমি তখন খুলব আমার-
বর্ষাজলের ঝাপি ।
ভিজে ভিজে হও একাকার
দেখবো চুপি চুপি ।
কাশের বন, মাতাল মন , তুলোটে মেঘের ফাকে
দেখব চেয়ে, মেঘলা মেয়ে, উড়বে ঝাকে ঝাকে ।
রেশমি চুড়ি, আলতা পায়ে
তোমার ছুটে যাওয়া,
শারদ সকাল রঙিন হয়ে
নেবে তোমার ছোয়া ।
গল্প
ভালবাসার গোলকধাধায়, অনেক ধেধেছি আমি
পথ পানে হেটে গেছি একা, একা।
কত কি হল দেখা ;
কত কিবা ছিল বাকি-
দিনান্তের গল্প শুনবে নাকি
শোনাব আজ, বন্ধু শুনবে কী তুমি ?
দিন গুলো আজ শিরোনামহীন
আমার পথচলা সে, অন্তবিহীন ।
কোথায় হারাল প্রিয় কবিতাগুলো
স্মৃতির ডায়েরিতে জমেছে ধুলো ।
ভাবনাগুলো বিরহ নিয়ে আমায় রাখে ঘিরে
যত চাই সে হারিয়ে যাক, আসে ফিরে ফিরে ।
আমার গল্পেরা লেখা নোনা জলে
দলে যাওয়া ঘাসেরা তার কথা বলে ।
বিবর্ন আমার অবুঝ ভালবাসা
ঝরে গেছে ধূসর হতাশা
বুকের মধ্যে করে ;
স্বপ্ন গুলো মরে গেছে না বলা কথা হয়ে
হারিয়ে গেলে অভিমানে, কিছু বলতে না দিয়ে ।
জীবন মানে
আজকে আহা মাতুক না মন, ভোলা দিনের আগুনে গানে !
শুকিয়ে মরা গাঙের জলে, আসুক জোয়ার ঘোর তুফানে ।
দম দেড়ে সব জীবন নায়ে, ছোটরে সবাই ব্যাকুল ধেয়ে ;
পূর্ণ যে প্রাণ যৌবণেতে, তাই খুঁজে যাই, জীবন মানে ।
জীবন মানে রোদে পুড়ে, ক্ষেত খামারে
জীবনেরই ছবি আকা ।
জীবন মানে বানের জলে লড়াই করে
বেচে থাকার স্বপ্ন দেখা ।
জীবন মানে, ভাঙা মনকে গানের সুরে
নতুন করে বাধতে শেখা ।
জীবন মানে,উচ্চে উঠে ওই পাহাড়ে
জীবনের গান গাওয়া
জীবন মানে, ফুলে ওঠা মাঝ সাগরে
নাওয়ের মাঝি হওয়া
জীবন মানে, সৃষ্টি নেশার মত্ত ঘোরে
নিজেকে নিয়ে যাওয়া ।
জীবন মানে, আমার মুখে, আমার সুরে
আমারই কথা কওয়া ।
জীবন মানে, স্বপ্নটাকে নিজের করে
নিজের গড়ে নেওয়া ।
উৎসর্গ : ব্লগে ঢোকার কিছু দিন পরে আমি শায়মা আপুর একটা পোস্ট পরে জানতে পারি, আজ তোমার মন খারাপ মেয়ে- এই গানের গীতিকার রানা (নস্টালজিক) ভাইয়ার কথা । এর পরেও অনেক অনেক গান উনি লিখেছেন । সত্যি চমৎকার সব কবিতা তিনি লিখেছেন যে গুলো একই সাথে গান । তাকেই এই পোস্ট উৎসর্গ করলাম ।
বি.দ্র : কদিন ধরে আমার ব্লগটা খুব ভারি ভারি পোস্টের ভারে ভারাক্রান্ত হয়ে উঠেছে । আজকে তাই লিরিক পোস্ট । এই লিরিক গুলো লেখবার সময় চেয়েছি খুব সহজ করে লিখতে । জানি না আপনাদের কেমন লাগল ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১১ রাত ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


