পুলিশের আবাসন প্রকল্পের জন্য গঠিত সমবায় সমিতিকে সর্বাত্মক সহায়তা করবে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের সঙ্গে বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। পুলিশ সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, 'আশা করি আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারব। এ চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের একটি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। ভবিষ্যতে আমরা পরস্পরের সহযোগী হিসেবে কাজ করতে পারব বলে আশাবাদী।'
পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তিসই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন, কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান, ডেইলি সানের সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রধান সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নঈম নিজাম প্রমুখ।
পুলিশের আবাসন প্রকল্প ও সমিতির নেতাদের কর্মকাণ্ডের প্রশংসা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, 'পুলিশের প্রকল্পের পাশেই রয়েছে বসুন্ধরা গ্রুপের প্রকল্প। প্রতিবেশী হিসেবে বসুন্ধরা গ্রুপ আপনাদের সব ধরনের সাহায্য করবে। বসুন্ধরা গ্রুপের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সুবিধা পাবেন। দুই পক্ষের এ চুক্তি সই আমাদের সবার জন্য আনন্দের।'
অনুষ্ঠানে পুলিশ সমবায় সমিতির সভাপতি অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, 'পুলিশ সমবায় সমিতির প্রথম প্রকল্প এ হাউজিং। এ প্রকল্পের ব্যাপারে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শুরু থেকেই অত্যন্ত আন্তরিক ছিলেন। চুক্তি সইয়ের মধ্য দিয়ে রচিত হলো আমাদের শুভযাত্রা। একদিন এ যাত্রা আমাদের মিলন মেলায় পরিণত হবে। যেকোনো প্রয়োজনে আমরা বসুন্ধরার সঙ্গে থাকব। প্রতিবেশী হিসেবে তাদের বিপদ-আপদে এগিয়ে যাব।' বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তিনি বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক আবেদ খান বলেন, 'সমাজে বেঁচে থাকতে হলে পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্য জরুরি। সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে। কেউ যদি নিজেকে প্রাচীরের ভেতর আবদ্ধ করে রাখে, সে একসময় সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সমাজে একে অন্যের সঙ্গে সমঝোতার সেতু তৈরি করলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব। আমরা বিশ্বাসের ও বন্ধুত্বের সেই সেতু দিয়ে বাংলাদেশটাকেই এগিয়ে নিতে চাই।'
ইংরেজি দৈনিক ডেইলি সানের সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, 'আমাদের যাপিত জীবনে পারস্পরিক দ্বন্দ্ব থাকতে পারে। এ দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে সমঝোতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। বসুন্ধরা গ্রুপের সঙ্গে পুলিশের যে সমঝোতা চুক্তি হলো, এটি সর্বক্ষেত্রে অনুকরণীয় হতে পারে।
বসুন্ধরা গ্রুপের পক্ষে চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বাংলাদেশ পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক যুগ্ম পুলিশ কমিশনার শাহাবুদ্দিন কোরেশী, সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক হাসান-উল হায়দার ও দপ্তর সম্পাদক উপপুলিশ কমিশনার গাজী মো. মোজাম্মেল হক সমঝোতা চুক্তিতে সই করেন। এ সময় বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



