এখন বেলা গড়িয়ে দুপুর, তবু শুকাচ্ছে না শার্ট।
আমি যে আজ কথা দিয়েছি, ঠিক পাঁচটায়
দেখা হবে তার সাথে আমার।
বৈশাখের অনেক উত্তপ্ত দিন পেরিয়ে
মায়াবী রাজকন্যা অবশেষে সম্মতি দিয়েছে।
দূরালাপনীর দূরুত্ব পেরিয়ে নির্ঘুম উত্তেজনার
অবসান হবে আজ, হবে প্রথম চোখের দেখা।
কড়া ইস্ত্রি করা পরিস্কার কেতাদুরুস্ত পোশাকে
দামী সুগন্ধী মেখে আজ আমি যাবো তার কাছে।
মাস খরচার টাকা শেষ হয়েছে আগেই; ধার কর্জ করে
বুক পকেটে যত্ন করে রেখেছি কড়কড়ে পাঁচশত টাকা।
আজ এই বরষার ছায়া ছায়া মেঘলা দিনে
আষাঢ়ের কাছে অনুরোধ--
হে বিরহী আষাঢ়, অন্তত আজকের দিনে ফিরিয়ে নাও
তোমার মেঘদল; রৌদ্র খেলা করুক খোলা উঠোনে।
আমার কাপড় শুকাতে দেরি হচ্ছে...
- - -
মাইজদী, নোয়াখালী
২২ জুন, ২০০৮
* ছবি কৃতজ্ঞতা
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৮ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


