কোন এক উদাস করা হেমন্তের রাতে,
আলো মাখা প্রথম তুষার বিন্দুটি
যখন আমার চোখের পাঁপড়ি ছুয়েছিলো,
তখন নিজের অজান্তেই, নিজেকে হারিয়েছিলাম একবার।
সেই একবারই, তারপর কত পথ
হেঁটেছি ; দেউরী থেকে দেউরীতে
কড়া নেড়েছি; তবু আজও আমার
যাযাবর নামটি ঘুচলো না ।
কোন মায়াতে আমার চোখ দুটি
কেড়ে নিয়েছিলে প্রীতিকণা?
সেই তোমাকেই আমার প্রথম দেখা, আবার
শেষ দেখাও তুমি ।
জানি কোনদিনও জানবে না
নদী কতটা পেয়েছিলো আকাশের থেকে,
কত বিন্দু বিন্দু ভালবাসা দিয়ে
আকাশ ভরিয়ে দিয়েছিলো নদীর আঁচল ।
তোমার কি মনে আছে কণা?
তেমনি ধূষর কোন রাতে তুমি বলেছিলে,
নদীর বুকেও চর পড়ে, সেখানেও আগাছা জন্মে,
সেদিন বিশ্বাস করার মত সাহস ছিলনা ।
আজ শুধু একটু দেখে যাও
কতটা রক্তাতো ক্ষত বিক্ষত
আজ আকাশের বুক,
সেই আগাছা আর কাঁটাগাছে ।
আকাশের বুক ফাটা সব বৃষ্টিতে
নদীর সৃষ্টি হয়না,
সেই বৃষ্টিকে ভালোবেসে
নদীকে নদী হতে হয় ।
নিজের সবটুকু দিয়েও
আকাশ নদীকে পায়নি কোনদিন
তবু অবুঝ ভালবাসায় আজও
আকাশের সবটুকু নদীর জন্য।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





