দেশে প্রথমবারের মতো বিশেষ লাইনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালুর একটি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), যা লোডশেডিংয়ের আওতায় পড়বে না।
প্রাথমিকভাবে রাজধানীর অভিজাত এলাকার গ্রাহকরাই এ সেবা পাবেন। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ করতে হবে গড়ে ১৩ টাকা, যা সাধারণ হারের তুলনায় চার গুণ বেশি।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এক উম্মুক্ত সভায় এ প্রস্তাব দেওয়া হয়।
পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে, "অনেকেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চায়। তারা বলেন- টাকা দেবো, কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেন, যাতে ভোল্টেজ নিয়ে সমস্যা থাকবে না। সেই চিন্তা থেকেই বিশেষ ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরহ করার পরিকল্পনা নিয়েছি আমরা।"
বিইআরসির অনুমোদন পেলে শিগগিরই এই লাইন চালুর পদক্ষেপ নেওয়া হবে বলে পিডিবি চেয়ারম্যান জানান।
তিনি বলেন, এই বিদ্যুতের দাম সাধারণের তুলনায় বেশি হওয়ায় প্রাথমিকভাবে গুলশান-বনানীর মতো অভিজাত এলাকায় সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। এই বিশেষ ফিডার লোডশেডিয়ের আওতায় পড়বে না।
এক্ষেত্রে ৪০০ ভোল্টেজের লাইনের জন্য প্রতি ইউনিট বিদ্যুতে ১৪ টাকা ১০ পয়সা, ১১ কেভি লাইনের জন্য ১৪ টাকা, ৩৩ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৭০ পয়সা, ১৩২ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৫০ পয়সা এবং ২৩০ কেভি লাইনের জন্য ১৩ টাকা ৪০ পয়সা করে দিতে হবে।
বর্তমানে আবাসিক গ্রাহকদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম ২ টাকা ৬০ পয়সা। আর ১০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৪৬ পয়সা এবং চারশ'র বেশি ইউনিট ব্যবহারের ক্ষেত্রে ৫ টাকা ৯৩ পয়সা হারে দাম নেয় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটি।
তবে বুধবার বিইআরসির উম্মুক্ত সভায় বিদ্যুতের এই দাম গড়ে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। পাশাপাশি সব শ্রেণীর গ্রাহকের ন্যূনতম বিল চার্জ, সার্ভিস চার্জ এবং ডিমান্ড চার্জও বাড়াতে বলেছে প্রতিষ্ঠানটি।
আলমগীর কবীর বলেন, "বিদেশে বেশি দামে কোয়ালিটি পাওয়ার সরবরাহের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশেও তা চালু করতে চাই।"
বিদ্যুতের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, "এখন অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র জ্বালানি তেল নির্ভর। আর তেলের দাম বাড়ায় বিদ্যুতের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এ কারণেই বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে।"
=============================
যাক বাবা অবশেষে টাকা সামান্য বেশি গেলেও বিদ্যুৎ পাওয়া তো যাবে। ভবিষ্যতে নিশ্চয় কম দামেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। অবশেষে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পক্ষে এগিয়ে গেলাম আমরা। সেক হাসিনাকে আমার তরফ থেকে অভিনন্দন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


