গ্রন্থস্বত্ব বিধি লঙ্ঘনের দায়ে গুগলকে জরিমানা
গ্রন্থস্বত্ব বিধি লঙ্ঘনের দায়ে ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের জনপ্রিয় প্রতিষ্ঠান গুগলকে জরিমানা করল ফরাসি আদালত৷ গুগলের বিরুদ্ধে অভিযোগ, প্রকাশকের অনুমতি ছাড়াই হাজার হাজার বইকে ডিজিটাল রূপ দিয়েছে তারা৷
গুগলের বিরুদ্ধে ফরাসি প্রকাশনা প্রতিষ্ঠান লা মার্টিনিয়েরের তিন বছর আগে দায়ের করা মামলার রায়ে তিন লাখ ইউরো জরিমানা ধার্য করা হয়েছে৷ রায়ে আরো বলা হয়েছে যে, ফরাসি ৫৩০টি প্রকাশনা সংস্থাসমূহের সমিতি এসএনই এবং লেখকদের সংস্থা এসজিডিএলকে প্রতীকী জরিমানা হিসেবে আরো এক ইউরো প্রদান করতে হবে গুগলকে৷ প্রকাশনা এছাড়াও মার্কিন এই প্রতিষ্ঠানের তথ্য ভাণ্ডারে ঐসব বই কিংবা সেগুলোর কোন উদ্ধৃতি এখনও বর্তমান থাকলে প্রতিদিনের জন্য অতিরিক্ত দশ হাজার ইউরো গুনতে হবে গুগলকে৷
রায়ের বিরুদ্ধে আবেদন করবে গুগল
আর নতুন করে কোন ফরাসি বই যেন ডিজিটাল চেহারায় প্রকাশ না করা হয় সে ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই রায়ে৷ জরিমানা হিসেবে দেড় কোটি ইউরো এবং রায় কার্যকর করতে দেরি করলে প্রতিদিনের জন্য এক লাখ ইউরো করে অতিরিক্ত জরিমানা দাবি করেছিল লা মার্টিনিয়েরে৷ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায়ের বিরুদ্ধে আবেদন করার কথা জানিয়েছেন গুগলের আইনজীবী আলেক্সান্দ্রা নেরি৷ এছাড়া লা মার্টিনিয়েরে এবং ফরাসি গ্রন্থস্বত্ত্ব আইনের আওতায় প্রকাশিত অন্যান্য সকল বইয়ের স্ক্যানিং করা বন্ধ করতেও সম্মত হয়েছে গুগল৷
নেরি বলেন, ''এই রায় গ্রন্থস্বত্ত্ব আইন সংরক্ষণে কোন ইতিবাচক ভূমিকা পালন করবে না৷ বরং উল্টো এর ফলে ঐসব ইন্টারনেট ব্যবহারকারীর অধিকার খর্ব করা হয়েছে যারা অনলাইনে ফরাসি এবং অন্যান্য ভাষার বিখ্যাত বইসমূহ পেতে চায়৷'' গুগল ঐ প্রকাশনা সংস্থাটির কয়েক হাজার বইকে ডিজিটাল রূপ দিয়েছে এবং তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বলে প্রকাশ৷ সারাবিশ্বের বই নিয়ে সহজলভ্য ডিজিটাল পাঠাগার তৈরির গুগলের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে আদালতের এই রায় এমন আশঙ্কা বিশ্লেষকদের৷ এমন একটি ডিজিটাল বই ভাণ্ডার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০০৫ সাল থেকে কাজ শুরু করে গুগল৷
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




