উদাস দুপুর কখন গেছে এখন বিকেল যায়
ঘুম জড়ানো গুমতি নদীর ঘুমুর পরা পায়..
হ্যাঁ,উদাস দুপুর ধীরে বয়ে গেছে । ঔদাসিন্যের আঁচড়টা গভীর করে দিয়ে গেছে কেবল। আমার জানালায় ঝুলে আছে এক চিলতে স্বচ্ছ নীলাকাশ। ঠিক এই মুহূর্তে এ-আকাশটা আমার প্রিয় ভুবন । আকাশপানে তাকিয়ে আছি । কি জানি কি খুঁজছি । বিফ্ বিফ্ শব্দে এসএমএস টোন বেজে ওঠল। ইনবক্স খুললাম। ছলাত্ শব্দে বুকের রক্তে ঢেউ খেলে গেল হঠাত্ত ! নিশুর ম্যাসেজ -
'হায় চিল,সোনালী ডানার চিল
এই ভেজা মেঘের দুপুরে
তুমি আর কেঁদনা'ক উড়ে উড়ে...
আবার তাহারে কেন ডেকে আনো ?
কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালবাসে !!'
বিস্ময়ের ঘোর কাটতে সময় লাগে আমার । কতোদিন পর..কতোগুলো দিন আর রাত্রির পর নিশুর এসএমএস পেলাম আজ । যখন খুব করে চাচ্ছিলাম ওকে । যখন ওর জন্য হু হু করছে প্রাণটা..!
খানিকটা থিতু হয়ে মোবাইল কি-প্যাডে আঙ্গুল চালাতে শুরু করি- ' সোনালী ডানার চিল হতেতো আমি চাইনি। কেঁদে ফিরতেও চাইনি..বন্ধুতাও পাইনি..!' সেন্ড বাটন টিপে দেই ।
খানিকবাদে আবার লিখে নিশু। একটি মাত্র লাইন -
'আমাকে খুন করতে ইচ্ছে হয়না তোমার,বলো ?'
প্রশ্ন দিয়েই রিপ্লাই দেই- 'কেন,তুমি কি আমার শত্রু ?'
জবাব আসে,-'না,তা নয়..কিন্তু তোমার জীবনটা এলোমেলো করেছি আমি । তোমার স্বপ্নগুলো ধূসর করেছি আমি । আমাকে তুমি ক্ষমা করো না... !'
আমি হাসি । হাসতে হাসতে লিখে দেই-'কারো জন্য কারো জীবন থেমে থাকেনা, নীশু ! কোনো কোনো উদাস দুপুরে হয়তো কষ্টরা দলা পাকিয়ে গলা পর্যন্ত উঠে যায়..! হয়তো চোখেরা ভিজে যায়..এ-ই যা !'
ঘন্টা দুই পেরিয়ে যায়। নিশুর দিক থেকে জবাব আসেনা আর। আহা বেচারি ! আমার কথাগুলো ওকে আরো বেশী দুঃখী করেছে হয়তো,..ভাবি !
অন্ধকারের চাদর পৃথিবীর গায়ে লেপ্টে বসে ধীরে ।
মন খারাপ করা সময়ের রং আরো গাঢ় হয় ।
নিশুর রিপ্লাইয়ের দেখা মেলে এবার।-
'দূর আকাশের ওই দূরের একলা তারাটিকে দ্যাখো ! কেমন একাকী। তার সাথে আমার খুব মিল ! তার মত আমিও একা ! ভীষণ একা !'
আমার বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস জলীয় বাস্প হয়ে হাওয়ায় মিশে যায়। দীর্ঘশ্বাস উড়ে উড়ে চলে যায় বহুদূর..! হায় ! সব মানুষ বুঝি তার নিজস্ব জগতে একা । বড্ড একা... !
অবশেষে জেনেছি মানুষ একা
মানুষ তার চিবুকের কাছেও ভীষণ অচেনা ও একা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

