যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

নির্বাসিতের আপনজন। পর্ব-৫।

১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৫৮

শেয়ার করুন:                   Facebook

"তার চুলে ছিল জমাট বাঁধা কালবোশেখীর মেঘ।"
চন্চলকে যেদিন আমি প্রথম দেখি সেদিন উপরের কথাটি মনে হয়েছিল। এই লাইনটি আমি কি কোথাও পড়েছিলাম, নাকি নিজের মাথা থেকে বেরিয়েছিল,তা ঠিক মনে নেই।

চঞ্চলের শারিরীক গড়ন ছিল হালকা পাতলা। খুব লম্বা বা বেঁটে ছিল না সে। তার ছিল মাথা-ভরতি একরাশ কোঁকড়া চুল। খুব বেশী লম্বা নয়, জাস্ট কাঁধ ছুঁই-ছুঁই করছে। তাকে দেখতে অনেকটা মাইকেল জ্যাকসনের মতো লাগতো। বর্তমানের মাইকেল নয়, প্লাস্টিক সার্জারীর আগেকার আসল মাইকেল জ্যাকসন। তবে চঞ্চলের গায়ের রং অবশ্য মাইকেলের চাইতে আরো ফর্সা ছিল।

চঞ্চল ঢাকার ছেলে। সে থাকতো বেইলি রোডের আশপাশের কোন এক জায়গায়। আমি ঢাকার বাইরের ছেলে হওয়াতে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের বছর গুলোতে চঞ্চলের সাথে তেমন বেশী একটা অন্তরঙ্গতা হয়নি। তখন পরীক্ষা আর ল্যাব-রিপোর্ট নিয়েই নাকানি-চুবানি খাচ্ছি। গায়ে মফস্বলের সিল থাকায় ঢাকার পোলাপান বেশী পাত্তা দেয়না।

তার সাথে কিভাবে বন্ধুত্ব গড়ে উঠলো, সেটা মনে নেই। তবে অনার্সের শেষ দিকে অথবা মাস্টার্সের প্রথম দিকে আস্তে আস্তে কথাবার্তা চালু হোল। ততদিনে 'ভাল ছাত্র'র তকমা উঠেছে গায়ে। ঢাকার পোলাপানেরা অত বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করে না।
একসময় খেয়াল করলাম যে চঞ্চলকে সকাল বেলার কোন ক্লাশে দেখা যায়না। তাকে দুপুর তিনটের পরে ক্যাম্পাসে দেখি।
একদিন জিজ্ঞেস করলাম, "তোমার কেইসটা কি ভাই? আমরা নিয়মিত ক্লাশ করেও দুশ্চিন্তায় থাকি পরীক্ষা নিয়ে, আর তুমি ক্লাশে দেখা না দিয়েও দিব্যি ঘুরে বেড়াচ্ছো।"
চঞ্চল হেসে বলে,"চল, চায়ের দোকানে যাই। তুই পয়সা দিবি।"
জ্ঞান আহরণের জন্য কড়ি তো ফেলতেই হবে। গেলাম।
চায়ের কাপে চুমুক দিয়ে চঞ্চল বললো,"ব্যাপারটা গোপনীয়। কাউকে বলবি না স্পেশালি আমার মাকে।" (অ্যাজ ইফ ওর মায়ের সাথে আমার প্রায়ই দেখা হচ্ছে)।
"আচ্ছা-বলবো না।"
"বাসায় বলিনি এখনো, বললে ভেজাল আছে। আমি পড়াশুনা বাদ দিয়েছি। অনার্সটাতো পাশ করেইছি, আর লেখাপড়ার দরকার নাই আমার। অলরেডী চাকরি করা শুরু করেছি। শুধু খাতায় নাম রাখার জন্য আর তোদের সাথে দেখা করার জন্য ক্যাম্পাসে আসি।"
আমি তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। পোলার বুকের পাটা আছে। "কি চাকরি?"
"একটা ইংরেজী স্কুলে পড়াই।"

আস্তে আস্তে আরো অন্তরঙ্গতা বাড়লো। জানলাম সে লেখে। ইংরেজীতে, এবং বাচ্চাদের জন্য। তখন "অবজারভার" সংবাদপত্রে বাচ্চাদের একটা সেকশন থাকতো, নাম "ইয়ং অবজারভার", সেখানেই সে নিয়মিত গল্প-কবিতা লেখে। তখন আমিও টুকটাক লেখা শুরু করেছি বাচ্চাদের জন্য। 'শিশু', 'ধান-শালিকের দেশ' টাইপের পত্রিকায় ছাপা হয়েছে বেশ কয়েকটা লেখা, তার জন্যে পারিশ্রমিকও পেয়েছি (সেই গর্বে আমার পা আজও মাটিতে পড়েনা)। কিন্তু ইংরেজীতে লেখা? সেতো মহা কঠিন ব্যাপার। চঞ্চলের প্রতি শ্রদ্ধা জন্মালো।

কিছুদিন পর জানলাম যে তার পারিবারিক জীবনে মহা-অশান্তি। বাবা-মায়ের মিল না থাকায়, বাড়ির পরিবেশ থমথমে থাকে সর্বক্ষণ। অতএব যতটা কম সময় বাড়িতে থাকা যায়, তার চেয়ে বেশী সময় সে বাড়িতে থাকেনা। আমাদের হলে চলে আসে, বা পরে আমি যখন ছোট একটি এক কামরার ঘর সাবলেট নিলাম সেখানেই কাটায় বেশীর ভাগ সময়। রাতে যখন সে বাসায় ফেরে, তখন তার ঘুম আসেনা। এক সময় ঘুমের ট্যাবলেট খাওয়া শুরু করে দিলো সে।

আমরা দুই লেখক তখন হরিহর আত্মা, শাহবাগের কোণার ছোট্ট দোকানে বসে চা-সিংগাড়া ধ্বংস করে তারপর রমনার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। ততদিনে আমিও রোজগার করি (মানে শাকুরকে পড়াই, পর্ব-৪)। পকেটে সদ্য পাওয়া ছ'শো টাকা কড়কড় করে। জীবনে নিজেকে এত সুখী আর কখনো মোনে হয়নি। রমনার ঝরাপাতায় ঢাকা পথে দুই কবি পথ হাঁটি। সবকিছু ভুলে 'বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এইতো জীবন' লাইনটির প্রকৃত অর্থ নিয়ে আলোচনা করি।

তাকে বলি,"তুই বাংলায় লিখিস না কেন? ইংরেজী ক'জন পড়ে?"
সে হাসে। "আমার বাংলা দেখলে তুই হার্টফেল করবি। এত বানান ভুল। আচ্ছা শোন- তুই আমাকে নিয়ে বাংলায় কিছু একটা লেখ্‌। আমার দুঃখ, আমার নিদ্রাহীনতার কথা। আর আমি তোকে নিয়ে ইংরেজীতে লিখবো। তুই কিভাবে ঢাকায় এলি আর সেখানে সারভাইভ করলি।"
"ধুর-আমাদের কথা নিয়ে লেখার কি আছে? আমাদের জীবনতো বোরিং, আমাদের অবিচুয়ারী পড়ে লোকে বমি করে দেবে। এতো বোরিং।"
"দ্যাটস্‌ আ গুড আইডিয়া। মরে গেলে তুই আমার অবিচুয়ারী লিখবি, আর আমি তোর। তুই বাংলায়, আমি ইংরেজীতে।"
পাগলকে থামানো মুশকিল। "আচ্ছা -ঠিক আছে।"
"আমরা প্রমিস করলাম কিন্তু।"
"এই জীবনে কত প্রমিস করলাম তার কি কোন ইয়ত্বা আছে। গুনতে গেলে বছর গড়িয়ে যাবে।"

একদিন বললাম,"তুই কি তোর বাসায় বলেছিস তোর চাকরির কথা।"
"এখনো বলিনি, তবে মনে হয় খুবই শিগগীরই বলতে হবে। মা মনে হয় কিছু একটা আন্দাজ করতে পারছে।"

সপ্তাহ দুয়েক পর শাকুরকে পড়ানো ইস্তফা দিলাম। আমি আবার ব্যাক টু দ্য মিসকিন স্ট্যাটাস। চঞ্চল শুনে বললো,"তুই শালা কপাল নিয়ে জন্মেছিস। তোকে দেখলেই রাগ লাগে।"
আমি এ কথায় সাত হাত পানির নীচে। "আমি তো এখন অফিসিয়ালি মিসকিন, গ্রামীন ব্যাংকের লোনের জন্য কোয়ালিফাই করি। এটাকে তুই কপাল বলছিস কিভাবে?"
"এর উত্তর এখন দেবো না। দেবো দুদিন পর।"

দুদিন পর বললো,"তোর জন্য চাকরি ফিট করেছি। না বলতে পারবি না।
"কি চাকরি?"
"কিসের আবার? তোর যোগ্যতা তো একটাই। মাস্টারী।"
"আবার মাস্টারী?" আমি ঘাবড়ে যাই। শাকুর পর্বের (পর্ব-৪) পর আমি ঘরপোড়া গরুর মতো হয়ে গেছি। "একটু খুলে বল দেখি।"

ঘটনা জটীল। সার সংক্ষেপ হচ্ছে যে ঘটনাচক্রে কয়েকদিন আগে চঞ্চল তার বাসায় বলেছে তার লেখাপড়া ছেড়ে স্কুলে পড়ানোর কথা। প্রাথমিক চেঁচামেচির পর তার বাবা লেখাপড়া বাদ দেওয়াটা মানতে পারলেও স্কুলে চাকরি করাটা মানতে পারছেন না। এই অবস্থায় তিনি তার এক বন্ধুকে ধরে চঞ্চলের জন্য আরো ভাল একটি চাকরি যোগাড় করেছেন। সেটি হচ্ছে ফাইজারে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এর চাকরি। ইনিশিয়াল বেতনই স্কুলের বেতনের প্রায় তিনগুণ। এখন চঞ্চলকে স্কুলের চাকরি ছাড়তে হবে। সে স্কুলে গিয়ে তার চাকরিটি আমাকে দেবার জন্য সুপারিশ করেছে, এবং তার সুপারিশের ("আমি নাকি ইংরেজীর জাহাজ") জোরে আমার জন্য ওই চাকরি মোটামুটি পাক্কা। শুধু একটা লোক দেখানো দরখাস্ত আর ইন্টারভিউ ফেস করতে হবে।
"এখন বুঝলি তো তোর কপাল কিরকম ভাল। লোকে চাকরি পায়না আর সেখানে চাকরি তোর জন্যে অপেক্ষা করছে।"

ক্ষুধার্ত মানুষের বিচারবুদ্ধি লোপ পায়। গেলাম স্কুলে। (স্কুলটি ভয়ানক নামকরা বলে নামটি গোপন রাখলাম।) প্রিন্সিপাল আমার সার্টিফিকেট ইত্যাদি দেখে বেঁকে বসলেন।
"আপনার তো রেজাল্ট ভাল, আপনিতো বিশ্ববিদ্যালয়েই পড়ানোর চাকরি পেয়ে যাবেন শিগগীরই। তখন আমাদের কি হবে?"
তাকে কথা দিলাম যে যদি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর চাকরি পাই তাহলেও এই স্কুলে অন্ততঃ পার্ট-টাইম হলেও পড়াবো। (সে কথা পরে রেখেছিলাম আমি)।
ব্যাস-হয়ে গেল চাকরি। পরদিন থেকেই পড়াতে হবে। প্রিন্সিপাল শুধু একটু সতর্কবাণী দিলেন,"এখানকার ছেলেমেয়েরা ভয়ানক পরিমানে বদ। আপনি নরম হলে কিন্তু এরা আপনার মাথায় উঠবে।"
চাকরির প্রথম দিনেই একটা জিনিস পরিস্কার ভাবে বুঝে গেলাম। চঞ্চল তার স্টুডেন্টদের কাছে ভয়ানক প্রিয় শিক্ষক ছিল। তারা চঞ্চলের জায়গায় আমাকে দেখে যারপর নাই ক্ষিপ্ত এবং রাগান্নিত। কোনমতে দিনটা পার করলাম।
সন্ধ্যায় চঞ্চল এলো। "কিরে। কেমন লাগলো?"
"এরাতো সব বন্য ঘোড়া রে। কিছুই মানেনা।"
চঞ্চল হাসে। "এইজন্যেই তো এদেরকে পোষ মানানোটা এত একসাইটিং।"

স্কুলের চাকরি চলতে থাকে। বন্য ঘোড়ারা ক্রমে ক্রমে পোষ মেনে আসে। স্কুলের কাহিনী বলতে গেলে আর একটা মহাভারত হয়ে যাবে। সে কথা আরেক পর্বে হবে।

মাসদুয়েক পর একদিন সন্ধ্যেবেলা চঞ্চলের আগমন। "জরুরী কথা আছে।"
"বল্‌।"
"আমি আমার চাকরি ফেরত চাই। তুই প্রিন্সিপালকে বল।"
"তোর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ এর চাকরির কি হবে তাহলে?"
"লাথ্‌থি মার ওই চাকরির পিছে। আমার পড়াতে ভাল লাগে। বাচ্চাদের মিস করছি খুব।"
"কোন অসুবিধা নাই। আমি কালই কথা বলবো।"

আমার কথা শুনে প্রিন্সিপালের সদা গোমড়া মুখ আরো গোমড়া হোল। "একটা সমস্যা আছে। চঞ্চলকে ফেরত নিতে আমাদের কোন অসুবিধা নাই, কিন্তু আপনাকে ছাড়তে চাইনা।"
"তাহলে উপায়?"
শেষমেশ উপায় হোল এই যে আমরা দুজনেই থাকবো। একজনের চাকরিকে ভেঙ্গে দুভাগ করা হোল। আমাদের প্রত্যেকের বেতন কমলো কিছুটা। তাতে আমাদের কোন দুঃখ নেই। মাসখানেক পরে আমি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে জয়েন করলাম এবং স্কুলে পার্ট-টাইম হয়ে গেলাম।

চঞ্চল আর আমি একইসাথে স্কুলে চাকরি করেছিলাম সাত-আট মাসের মতো। মাস গেলে এগারোশ টাকা পাই। বাসা ভাড়া, খাওয়া, সিগারেট, রিক্সা সব কিছু মিলিয়ে আট-ন' শো টাকা লাগে। মাসের শেষে হাত থাকে দু-আড়াই শ'র মতো। নিজেকে এত ধনী আর কোনদিন মনে হয়নি। পরে যখন এর উপর বিশ্ববিদ্যালয়ের বেতনও পাওয়া শুরু করলাম, তখন তো আমি রীতিমত মাউন্ট এভারেস্টের চূড়ায় বসে থাকা বিল গেট্‌স্‌। ইচ্ছেমত খাই-দাই, বই কিনি। কি চমত্কার সরল এবং সুন্দর ছিল জীবনটা। এখন হাজার মাইল পিছনে হেঁটে গেলেও তার দেখা পাবোনা।

যাই হোক, চঞ্চলের কথা বলছিলাম। স্কুলের চাকরির ফাঁকে লেখালিখি নিয়ে তর্কাতর্কি হয়। একদিন চঞ্চল প্রস্তাব করলো,"এইসব লুকিয়ে লুকিয়ে লেখালিখি আর ভাল্লাগছে না। চল-এবার একুশে ফেব্রুয়ারীতে বাংলা একাডেমীতে কবিতা পড়ি।"
"তোর কি মাথা খারাপ?"
"আরে চল-দুজনে দুটো কবিতা পড়ি।"
"আচ্ছা আমি নাহয় কোন মতে একটা কবিতা তৈরী করলাম। তুই কি করবি? শহীদ দিবসে ইংরেজী কবিতা পড়বি?
"আমার কবিতা অলরেডী কমপ্লিট। বাংলায় লেখা। খুব ছোট্ট কবিতা। শুনবি?"
"পড় শুনি।"
পকেট থেকে কাগজ বের করে সে আবৃত্তি করে,
"হে কাক, তুমি বসে থাকো টেলিফোনের তারে,
কত কথা যাওয়া-আসা করে,
এ প্রান্ত থেকে ও প্রান্তে,
তুমি তার কিস্‌সু বোঝনা।"

কিছুদিনের মধ্যে বাইরে পড়তে চলে গেলাম। স্কুলের বাচ্চারা ততদিনে আমাকেও পছন্দ করা শুরু করে দিয়েছিল। ফেয়ারওয়েল-এর দিনে অনেককেই কাঁদতে দেখেছি। চঞ্চলকে বললাম, "এদেরকে দেখে রাখিস। কোনমতে ডিগ্রিটা শেষ হলেই ফিরে আসছি।"

বিদেশে আসার পর দেশের বন্ধুদের সাথে যোগাযোগ কমে যায়। সে আমলে ই-মেল বা ফোন করারও সুবিধে ছিলনা। মাঝে মাঝে দু একটা চিঠি পাই এর ওর কাছ থেকে। ভালই আছে সবাই।

এর মধ্যে একদিন হীরা এক লম্বা চিঠি পাঠালো। তাতে তার এনগেজমেন্টের বিস্তারিত বর্ণনা, ভাবী স্ত্রীর সাথে কয়েকখানা ছবি এবং তার বিয়ের দাওয়াত। আমি রাগে দাঁত কিড়মিড় করতে করতে চিঠিটা পড়ি। এখানে থার্মোডাইনামিক্স পড়তে পড়তে আমার জান শেষ, আর তুই শালা তোর হবু বৌয়ের গল্পে মশগুল। একবার হাতের কাছে তোকে পেলে হয়।

চিঠির শেষ পাতায় হীরা লিখেছে,"তোকে একটা খবর না দিয়ে পারছিনা। চঞ্চল দুদিন আগে মারা গেছে। ব্লাড ক্যান্সার। রোগ ধরা পড়ার দু সপ্তাহের মধ্যেই সে মারা যায়। আমাদের তেমন কিছুই করার ছিলনা। তুই দোয়া করিস ওর জন্য। খুব দুঃখী একজন মানুষ ছিল সে।"

চিঠি হাতে বজ্রাহত মানুষের মত বসে থাকি। এ আমি কি পড়লাম?

জীবন বহতা নদীর মতো আপন গতিতে এগিয়ে যায়। আমিও আস্তে আস্তে উঠি এক সময়। রবার্ট ফ্রস্ট-এর কবিতার লাইন মনে পড়ে, "আই হ্যাভ প্রমিসেস টু কিপ।"

টেবিলে কাগজ কলম নিয়ে বসি। আমার সারা জীবনের সবচেয়ে কষ্টের লেখাটি এখন আমাকে লিখতে হবে। "আই হ্যাভ প্রমিসেস টু কিপ।" চোখের পানিতে অস্পস্ট হয়ে যায় কাগজের লাইনগুলো, আঙুলে হাজার বছরের জরা এসে ভর করে। তবুও আমাকে লিখতে হবে। "আই হ্যাভ প্রমিসেস টু কিপ।"

কাঁপা কাঁপা আঙুলে আমি লিখি,"তার চুলে ছিল জমাট বাঁধা কালবোশেখীর মেঘ।"


পর্ব-৫(ফুটনোট) পড়তে ক্লিক করুন।

পর্ব-৬(ক) পড়তে ক্লিক করুন।

 

 

  • ১৬ টি মন্তব্য
  • ৫০৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:০৬
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনি তো ভয়াবহ রকমের ভালো লিখেন !!!!
আপনাকে ৫ দিলে অন্যায় হবে ........জেনেশুনেও অন্যায় করতে হবে ।
২. ১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:১৮
comment by: নরাধম বলেছেন: আপনি এটা কি করলেন দাদা? মজা করে পড়তেছিলাম, কিন্তু শেষে এসে কাঁদিয়ে দিলেন? প্লিজ নেক্সট টাইম, হ্যাপি এন্ডিং না হলে সেটা শিরোনামেই বলে দিবেন।
চঞ্চল ভাইয়ের প্রতি শ্রদ্ধা/শোকস্বরুপ কোন রেটিং দেয়া থেকে বিরত থাকলাম।
৩. ১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:২৮
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ। অসাধারণ।
৪. ১৭ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৫১
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: অসাধারন। আপনি প্রচন্ড ভাল লেখেন।
আশা করছি পরবর্তী পর্বতে আপনার বন্ধুর উপর লেখা "অবিচুয়ারী" পাব।
শ্রদ্ধা রইল আপনার বন্ধুর প্রতি,৫।
৫. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৪৩
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করি ।
৬. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:৫১
comment by: অলৌকিক হাসান বলেছেন: আমি আপনার প্রমিস খুব ভালোভাবেই রাখলেন। চঞ্চলের জন্য খারাপ লাগছে।
৭. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ৮:৫৯
comment by: সর্বদাবেলায়েত বলেছেন: ছবিতে যে টাইম ম্যাগাজিনটা দেখছি, সেটা কোন সংখ্যা। টাইম কি সাপ্তাহিক না দৈনিক? কবে বের হয়? বাংলাদেশে অফিস আছে?
৮. ১৭ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৪
comment by: তানজিব বলেছেন: চোখ ভিজে যায় জলে।
৯. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৯
comment by: কন্ঠস্বর চট্টগ্রাম বলেছেন: ........প্প্ব্নপ্প্ম
১০. ১৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫০
comment by: কন্ঠস্বর চট্টগ্রাম বলেছেন: ..জীবনের প্রতিচ্ছবি....
১১. ১৯ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
comment by: ।। আদনান ।। বলেছেন: এই ব্লগে আমার পড়া অন্যতম সেরা লেখা। আপনার লেখার হাত অসাধারণ! আর আপনার বন্ধুর বন্ধুভাগ্য দেখে ঈর্ষা হয়। প্লিজ থামবেন না, চালিয়ে যান...
১২. ১৯ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৫
comment by: নির্বাসিত বলেছেন: সবার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
সৌরভ-চন্চলের স্মরণে আমি দুটি লেখা লিখেছিলাম যা পরে প্রকাশিত হয়। লেখা দুটি আমি পর্ব-৫ এর ফুটনোট হিসেবে দিয়ে দিচ্ছি (খানিক পরে)।
সর্বদাবেলায়েত-টাইম পত্রিকার এটি আশির দশকে প্রকাশিত একটি সংখ্যা। সংখ্যাটি চন্চলের হাতে দেখেছি অনেকদিন।
আদনান-আপনার কথাটি সত্য নয়। আমার নিজের বন্ধুভাগ্য ঈর্ষা করার মতো। যে কথাগুলো তাদেরকে বলতে পারিনি, সেগুলোই লিখছি এখানে।

১৩. ২১ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:২৪
comment by: ভাইটামিন বদি বলেছেন: লেখার ক্ষমতাটা বোধ হয় জন্ম থেকেই পেতে হয়...
আপনি সেই ভগ্যবানদের একজন...
কত কষ্ট, আনন্দ-বেদনার কথা....লেখা তো দুরে থাক...ঠিক মতো বলেও বোঝাতে পারি না...কষ্ট...কষ্ট...!!!
দোয়া রইল আপনার বন্ধুর জন্য....
আর আপনি....প্লীজ লিখে যাবেন....আপনার বন্ধুর আত্মার শান্তির জন্য হলেও....আমরাও নাহয় মাঝে মাঝে একটু পড়লাম!!!
১৪. ২২ শে নভেম্বর, ২০০৭ রাত ২:৩০
comment by: আলী বলেছেন: "হে কাক, তুমি বসে থাকো টেলিফোনের তারে,
কত কথা যাওয়া-আসা করে,
এ প্রান্ত থেকে ও প্রান্তে,
তুমি তার কিস্‌সু বোঝনা।"
১৫. ২০ শে মার্চ, ২০০৮ ভোর ৫:২৮
comment by: বাফড়া বলেছেন: নাহ , হলোনা। এইটাও প্রিয় পোস্টে
১৬. ২০ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৭
comment by: স্বাপ্নিক বলেছেন: ++++++++++++++++++++++++++++++++

 



 

comment by:
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৫৫১৯০