২২০৬১০
রামধনুর ভিতর আটকে গেছে আষাঢ়ের মেঘ
আটকে গেছে সি আর বি ব্লকের উচা দুইটা দালান
সিগন্যাল টাওয়ার আর জনাকয়েক কাক
বালিকাকাব্য এখনো ফুটপাথে আতুর নাভীশ্বাস
তার স্মৃতি ক্ষতচিহ্নের
তুমি যদি রাঙাতে চাও দেহাতি হাতের শিরা
তুমি যদি মাছির পাখনায় দেখো রঙ
মাছি উড়ে আসে কোথা হতে
উৎপত্তি ঘেঁটে আঙিনার ভাঙন জেনে যাবে সে বহুদূর
পরাজিত শোকের শৈত্যে ডুবে আছে ঝড়
ঝড়ের পিঠে দারুণ সর্বনাশ
আমি তার দিকে পিঠ পেতে আছি
রামধনু আর ভাঙে না অর্ধবৃত্ত সুখ
পাঁকে পাঁকে নৃত্য গেঁথে দিলে ফুটবে না পদ্মশিশু
অনেকদূর ভেঙে যাবে গ্রামোফোন দিন
বোতলে বাষ্প রেখে জল উধাও
এখনো রাত্রি নামে শোকেসের কাচে ম্লান অন্ধকার
পিকাসোর প্রেমিকার গালে সিগারেটের পোড়া দাগ
গের্নিকার রেখায় ধসে প্রতিবন্ধী বালিকার কৌমার্য
আমি তোর দাদা নই চুলের নিভৃত অক্ষর
কে ছিলো তবে আমাকে দেখেছিলে দণ্ডকবন
হায় ডুবে গেছি মাইল মাইল সাঁতার
একটাও রেখা নেই জরাসন্ধ ভাগ
অভিন্ন ধোঁয়ার ভিতর নির্বাণে ভিন্ন
আমি কী তবে তরঙ্গের ভাঁজে ছিলাম হাঙর
দাঁতের ফলায় চিরে গেছি জলজপাহাড় গুহারূঢ় ঘোর
----------------------------------------------------------------
রাত ১০টা ২৭
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ রাত ১১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

