বাবু আপনার গাড়ির চাকায় রাস্তার ঘাম লেগে আছে।
বাবু কহিলেন, বুঝেছো উপেন, এ রাস্তা লইবো কিনে।
কিন্তু বাবু এই রাস্তা তো আমার না।
তোর না তো কী হয়েছে! এ রাস্তা তোর বাপের।
শ্রীযুক্ত বাবুর কথা শুনে তারপর উপেনের মতিভ্রম কেটে যায়। রাস্তাটা দুহাতে বুকের সাথে ধরতে চেয়ে সে শুয়ে থাকে। রাস্তা সমতল বলে সে দুহাতে চেপে ধরতে পারে না। পিচে নখ ফুটিয়ে রাখতে চায়। এইভাবে থাকে সে, এইভাবে থাকে।
শ্রীযুক্ত বাবু ভাবলেন ব্যাটা তো নচ্ছার। এইটার উপর গাড়ি চালিয়ে দিই। কিন্তু মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেলেন। ভাবেন, এই রাস্তায় যে একদিন মাষকলাই ক্ষেত ছিলো আর তা যে উপেনের পিতামহের অধিকারে ছিলো তা আজ এই ভরা দুপুরের রোদের ভিতর উপেন বুঝে গেছে। ফলত উপেন পিতৃপুরুষের ভূমি ছেড়ে আর যাবে না।
শ্রীযুক্ত বাবু উপেনের কানে কানে বলিলেন, উপু! তুই এই জমির দখল নে। এই জমি তোর...
উপেন গোঁ গোঁ করে কাঁদে। তার কান্নায় মরীচিকা নদী হয়।
উপেনের ভিটেবাড়ি নতুন। শ্রীযুক্ত বাবু ওখানে মাষকলাই চাষ করেন মনে মনে। তার চিবুকে ঘাম চোখে তৃপ্তি।
আহা!
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১১ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



