পোস্টার কালার
পেস্টাল কালার
পেন্সিল কালার.....
লাল,নীল,আকাশি নীল,গাঢ় সবুজ,টিয়া সবুজ,কমলা,কাল......।
একটার সাথে আরকেটা গুলে আরো কত রং।কখনও মূর্ত বা কখনও বিমূর্ত ছবি। জীবনের বাস্তবতা আর ব্যস্ততা,যাই বলি না কেন, প্রায় ছেড়েই দিয়েছি ছবি আঁকাআঁকি,তেমন একটা বসা হয় না বললেই চলে।আমার যখন খুব মন খারাপ থাকত,মা রংতুলি এনে দিতেন।আমি একের পর এক ছবি এঁকে যেতাম।যা ইচ্ছে তাই-মনের ক্যানভাসে ইচ্ছেমতন আঁকাআঁকি।
একটা বিরাট সময় আমাকে কাটাতে হয় একা একা।ছোট থেকে আমার একাকিত্ব কখনই আমাকে জেঁকে ধরেনি।কারণ,আমার এই ছবি আঁকা আর আমার একগাদা বই।বরঞ্চ একাকিত্ব যেন আমার কাছে একান্ত উপভোগের বিষয়।
আব্বু ভীষণ ভাল ছবি আঁকতেন।হয়ত ঝোঁকটা সেখান থেকেই।
ময়মনসিংহে থাকতে চলে যেতাম জয়নুল আবেদিন সংগ্রহশালায়।একগাদা রঙের বাক্স নিয়ে বসে যেতাম মাঠে কিংবা নদীর ধারে।
ব্রহ্মপুত্র নদী,তার তীর ঘেঁষে কাশফুল,দূরের একটা গ্রাম,পাল তুলে চলে যাওয়া দু'একটা নৌকা.............দেখে দেখে ছবি আঁকতে হত।কোথাও রোদ,কোথাও বা ছায়া।রঙের নাটকীয়তায় নিজেই অবাক হতাম,মুগ্ধ হতাম।আফসোস হত,কেন যে ভাল আঁকতে পারি না!
আজ হঠাৎ কেন জানি না,রংগুলোকে খুব আপন মনে হয়। নিজের জীবন থেকে ফিকে হয়ে যাওয়া কিছু রং নতুন করে প্রলেপ আঁকে আমার খুব আপন কিছু বন্ধুদের ভালবাসায়!
দোস্তরা,তোরা জানিস,থ্যাঙ্কসটা আমি বলতেই পারি না,ধ্যাত্তেরি!
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০০৮ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


