>
>
>
>
দুই বন্ধু হেঁটে যাচ্ছিল মরুভূমির পথ ধরে। চলতে চলতে একসময় তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে বিতর্ক চলছিল। বিতর্কের এক পর্যায়ে এক বন্ধু উত্তেজনার বশবর্তী হয়ে আরেক বন্ধুকে একটা চড় মেরে বসলো। যে বন্ধুটি চড় খেলো সে কোন প্রতিবাদ না করে এবং কোন কথা না বলে একটু থেমে বালুর উপর লিখলো: “আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে চড় মেরেছে”।
কিছুক্ষণ পর আবার দুই বন্ধু হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তারা একটা মরুদ্যানে এসে পৌঁছালো। দুই বন্ধু সিদ্ধান্ত নিল যে তারা এই মরুদ্যানে তাদের গোসল সেরে নিবে। গোসলের এক পর্যায়ে যে বন্ধুটা চড় খেয়েছিল সে একটা ভয়ংকর চোরাবালিতে আটকে গেল। চড় খাওয়া বন্ধুটি যখন চোরাবালিতে প্রায় ডুবে যাচ্ছিল, তখন অন্য বন্ধু যে চড় মেরেছিল সে তাকে অনেক পরিশ্রম আর কষ্ট করে চোরাবালি থেকে উদ্ধার করলো। মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া বন্ধুটি এবার পাথরে খোদাই করে লিখলো: “আজ আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে”।
যে বন্ধুটি তার প্রিয় বন্ধুকে চড় মেরেছিল এবং তারপর চোরাবালি থেকে উদ্ধার করেছিল সে চড় খাওয়া এবং পরে চোরাবালি থেকে উদ্ধার পাওয়া বন্ধুটির আচরণ দেখে খুব অবাক হলো। সে বললো, “আমি তোমাকে চড় মারার পর তুমি সেটা বালুতে লিখে রেখেছো। আর, এখন তোমাকে চোরাবালি থেকে উদ্ধারে সাহায্য করায় তুমি এই ঘটনা পাথরে খোদাই করে লিখেছো। আমি কি তোমার এই অদ্ভুত আচরণের কারণটা জানতে পারি?” চড় খাওয়া বন্ধুটি মৃদু হেসে জবাব দিল, “প্রিয় বন্ধু, যখন কেউ আমাদের আঘাত করে, দুঃখ দেয়, ব্যথা দেয়, তখন আমাদের উচিৎ হবে সেই ঘটনাগুলো বালুতে লিখে রাখা যেটা ক্ষমার মৃদু বাতাসে খুব সহজেই মুছে যেতে পারে। কিন্তু কেউ যখন আমাদের কোন উপকার করে তবে সেই ঘটনা পাথরে খোদাই করে লিখে রাখা দরকার যেটা হাজার ঝড় ঝাপটা আসলেও পাথর থেকে মুছে যাবে না।”
সংগৃহিত
>
আড্ডা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

