কোন দূর নক্ষত্র কিম্বা তারও দূরে
সীমাহীন, অনন্ত মহাকাশ জুড়ে
আমি তোমায় খুঁজি নিঃশব্দের মাঝে
অমানিশার অন্ধকারে, সকাল-দুপুর-সাঁঝে।
আমার অস্তিত্বে, হৃদয়ে, আর্তনাদে
আমার অহংকারে, গর্বে, স্বাধীনতাবাদে;
তোমার রেখে যাওয়া একাত্তরের লাল সূর্যে,
আপাত অস্থির জনতার হতাশার প্রাচুর্য্যে,
তোমার সীমাহীন অপমান আর চোখের জলে
আমার অহর্নিশ ক্রোধ, ঘৃণা আর প্রতিহিংসার অনলে;
তোমার অপূর্ণ স্বপ্নগুলোর বিস্তৃত পরিধিতলে,
পূর্ণ করার বিশ্বাস আর দৃঢ় প্রতিজ্ঞাবলে;
তোমার ভালোবাসার মসৃন চাদরের অন্তরালে
হৃদয়ের উষ্ণতায়, নাগরিক কোলাহলের আঁড়ালে,
তোমার আশীর্বাদ আর অদৃশ্য অনুপ্রেরণার দ্যূতিতে,
না থেকেও প্রতিমুহূর্তে পাশে থাকার অনুভূতিতে,
প্রতিদিন, প্রতিক্ষণে আমি খুঁজে ফিরি তোমার স্মৃতি
বাবা, আমার প্রিয় বাবা, তুমিই আমার শেষ উদ্ধৃতি।
(বাবা দিবসে, বাবার স্মৃতিতে)
১৫ জুন ২০০৮ (রাত ১২টা)
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


