আমার প্রিয় পোস্ট

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

নভেম্বর ৩ , ১৯৭৫

০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪

শেয়ারঃ
0 14 0

(১৯৭৫ সালের নভেম্বর ৩-৭ এই অশান্ত পাঁচদিনে ঘটনা ঘটছিলো অত্যন্ত দ্রুততার সাথে । এখানে আমি শুধু ৩ তারিখের ঘটনাগুলি তুলে ধরবো।ঘটনা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবার ভার পাঠকের উপর ছেড়ে দিলাম।)
রাত ১ টার মধ্যে বঙ্গভবনে মোতায়েন মেজর ইকবালের ১ম বেঙ্গলের সব ট্রুপস প্রত্যাহার করার মাধ্যমে সিজিএস ব্রি. খালেদের নেতৃত্বে অভ্যুথান সূ্চনা। [১] ক্যাপ্টেন হাফিজউল্লাহ রাত ১২ টার সঙ্গে সঙ্গেই জেনারেল জিয়াকে গৃহবন্দী করেন ।[২]পরে ক্যাপ্টেন তাজ ( বর্তমান সরকারের প্রতিমন্ত্রী ) গিয়ে জিয়ার বাসার টেলিফোন লাইন বিচ্ছিন্ন করেন ।[৩] অবশ্য এর আগেই জিয়া কর্ণেল(অব) তাহেরের সাথে কথা বলেন । জিয়ার গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূ্মিকা ছিল ব্রিগেড মেজর হাফিজের।[৪] রাতের অন্ধকারে ৪৬ ব্রিগেডের ইউনিটগুলো ক্যান্টনমেন্ট ও শহরের বিভিন্নস্থানে কৌশলগত অবস্থান নেয় । ট্যাংক হেডকোয়ার্টার থেকে সম্ভাব্য হামলা মোকাবেলায় স্টাফ রোডের রেলক্রসিং রোড ব্লক করেন লেঃ কর্ণেল গাফফারের নেতৃত্বে একটি পদাতিক ব্যাটালিয়ন ও ২য় বেঙ্গলের দুটি কোম্পানি । বেতার -টিভির নিয়ন্ত্রণ নেয়া হয় । বেতার কার্যক্রম বন্ধ করা হয় । চতুর্থ বেঙ্গল থেকে অপারেশন পরিচালনা করছেন ব্রি. খালেদ । সাথে আছেন কর্ণেল শাফায়াত জামিল , কর্ণেল মালেক , ব্রি. রউফ, ব্রি. নুরুজ্জামান, মেজর হাফিজ, মেজর ইকবাল, মেজর নাসির প্রমুখ ।[৫] এভাবেই শুরু হল এক রক্তপাতহীন নিরব অভ্যুথান ।

মোশতাকের উপদেষ্টা জেনারেল ওসমানী জেনারেল খলিলকে ইতিমধ্যেই নির্দেশ দেন বিডিআর-এর দু’টো রেজিমেন্ট বঙ্গভবনে পাঠিয়ে দিতে । ফারুককে বলা হয় রেসকোর্সে তার ট্যাঙ্ক রেজিমেন্টের কাছে চলে যেতে। ফারুক সাথে সাথে ট্যাঙ্কগুলি সচল করে। রশিদ আর ওসমানী বঙ্গভবনে থেকে টেলিফোন করছেন খালেদকে। জিয়ার সাথে আলাপের চেষ্টা করে ব্যর্থ ।বঙ্গভবন ও রেসকোর্সের সবগুলি ট্যাঙ্ক ফাইটিং এর জন্য তৈরি । এদিকে ২য় ফিল্ড রেজিমেন্টের কামানগুলিও আক্রমনাত্বক পজিশনে । "লড়বো নয় মরবো" । [৬]

এদিকে রিসালদার মোসলেমের নেতৃত্বে একটা ঘাতকদল প্রবেশ করে কারাগারে | দিবাগত রাত ৪টায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের ডিআইজি(প্রিজন) ফোন করেন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকেকে।
রাষ্ট্রপতির আদেশ আসে- ওরা যা করতে চায় করতে দিন।[৭]এরপরে এক সারিতে দাঁড় করিয়ে কারাগারে অন্তরীণ মুক্তিযুদ্ধের চারস্তম্ভ তাজউদ্দিন আহমেদ,আ.হ.ম.কামরুজ্জামান ,সৈয়দ নজরুল ইসলাম এবং মনসুর আলীকে ব্রাশ ফায়ারে হত্যা করা হলো। [৮] অবশ্য,তাজউদ্দিনকে শুধু ব্রাশফায়ারে মারা যায়নি । মৃত্যুর আগে পানি পান করতে চেয়েছিলেন তিনি। [৯] পিঁপাসা মেটানো হয়েছিলো তাঁর হৃদপিন্ডে বেয়নেট চার্জ করে যে হৃদয়ে বাংলাদেশ ছিলো। [১০]

এদিকে খালেদের অভ্যুথানের পক্ষে আকাশে দুইটা মিগ জঙ্গী বিমান ও একটি রাশিয়ান হেলিকপ্টার বঙ্গভবন ও রেসকোর্সের উপর দিয়ে বৃত্তাকারে উড়তে থাকে । এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূ্মিকা পালন করেন স্কোয়াড্রন লিডার লিয়াকত ।[১১]

খালেদের সাথে আলাপ ও সমঝোতা করতে ডালিম নুরকে সাথে নিয়ে ফুলার রোডে প্রফেসর আব্দুর রাজ্জাকের বাসা থেকে খাকি পোষাক বদলে সাধারণ কাপড় পরে রওনা দিল ক্যান্টনমেন্টে ।[১২]

কিছু পরে আলোচনায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদের প্রতিনিধি কর্ণেল মান্নাফ এবং কর্ণেল মালেক (এরশাদের আমলে মন্ত্রী,ঢাকার মেয়র )কে সাথে করে ডালিম-নুর ফিরে এলো বঙ্গভবনে খালেদের দাবিনামা সমেত। খালেদের দাবিনামা ছিলঃ (ক) ট্যাঙ্ক বহরকে নিরস্ত্র করে সেনানিবাসে ফেরত পাঠাতে হবে । (খ) জেনারেল জিয়ার স্থলে একজন সেনাপ্রধান নিয়োগ করতে হবে । (গ) মোশতাক প্রেসিডেন্ট থাকতে পারেন তবে,বাংলাদেশের পররাষ্ট্রনীতি অবশ্যই পরিবর্তন করতে হবে এবং যে সব দেশসমুহ দুঃসময়ে বাঙ্গালী জাতির বন্ধু হিসেবে এগিয়ে এসেছিলো তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে । [১৩]

দাবিনামা শোনার পর মোশতাক-ওসমানি ব্যর্থ পদত্যাগ নাটক করে । ডালিম রাগান্বিত হয়ে ওসমানিকে বলে , আপনি ফারুক-রশিদদের আত্মসমর্পন করতে বলুন । [১৪]এভাবে ঘন্টা তিন ধরে দরকষাকষি চলে । দরকষাকষি চলাকালিন বঙ্গভবন ও রেসকোর্সের উপর দিয়ে মিগ জঙ্গী বিমান ও রাশিয়ান হেলিকপ্টারের টহল অব্যাহত থাকে ।

জেনারেল খলিল আইজি পুলিশ মারফত জানতে পারেন জেলে চারনেতা হত্যার কথা । খলিল জানায় মোশতাকের সচিব চাষীকে । চাষী মোশতাকের রুমে ঢুকে । কয়েক মিনিট পর চাষী বেরিয়ে এসে বলেনঃ "উনি জানেন !" জেনারেল খলিল অজ্ঞাত কারণে এই খবরটি আর কাউকে জানাননি |[১৫]

মেজরদের ব্যারাকে ফেরত পাঠানোর কথা শুনে রশিদ মোশতাককে বলে , স্যার আমরা কিছুতেই ওখানে যাবো না । এর চেয়ে বরং আমাদের দেশের বাইরে পাঠিয়ে দিন । খালেদকে মোশতাক অনুরোধ করে মেজরদের নিরাপদে দেশত্যাগ করতে দেয়ার জন্য । খালেদ গ্রুপ তাতে সম্মত হয় । এভাবে উভয়পক্ষের সম্মতিতে মেজরদের দেশত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয় । বিমান বাহিনী প্রধান তোয়াব আর পররাষ্ট্র দপ্তরকে দায়িত্ব দেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের যেন মেজররা নিরাপদে ব্যাংকক যেতে পারে । [১৬]

বিকেলে সেনাবাহিনীর কিছু সংখ্যক সিপাহি, এনসিও, জেসিও নারায়নগঞ্জে কর্ণেল তাহেরের সাথে দেখা করে তাকে পুরো পরিস্থিতি অবহিত করে । [১৭]

সন্ধা ৮:৪৫ মিনিটে তেজগাও বিমান বন্দরে অপেক্ষারত ফক্কর বিমানে আরোহন করে ১৭ মেজর তাদের স্ত্রী পরিজনসহ ব্যাককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে । [১৮] খালেদদের অলক্ষ্যে ক্যান্টনমেন্টেই রয়ে যায় একজন ! (এর কথা বলবো ৭ তারিখে )

এভাবেই সপরিবারে বঙ্গবন্ধু ও জেলহত্যার হোতারা নিরাপদে দেশত্যাগ করল । জেল হত্যার ঘটনা খালেদ -শাফায়াতরা জানলেন পরেরদিন সকাল দশটায় !![ ১৯]

রেফারেন্সঃ

১। Bangladesh: A Legacy of Blood, by Anthony Mascarenhas, Hodder and Stoughton, 1986
২।একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য আগষ্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর , কর্নেল শাফায়াত জামিল ।
৩। ভোরের কাগজ, ৪ নভে ২০০৬
৪। তিনটি সেনা অভ্যুথান ও কিছু না বলা কথা , লে কর্নেল এম এ হামিদ ।
৫। Anthony Mascarenhas, ibid;লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ।
৬।Anthony Mascarenhas, ibid; যা দেখেছি যা বুঝেছি যা করেছি , লে.কর্নেল (অব) শরিফুল হক ডালিম; লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ।
৭।প্রাগুক্ত; লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ।
৮। প্রাগুক্ত ; জেল হত্যা মামলায় হাইকোর্টের রায়
৯।Anthony Mascarenhas, ibid ।
১০। Anthony Mascarenhas, ibid ; পিয়াল ভাইয়ের ব্লগ
১১। Anthony Mascarenhas, ibid ; লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ;কর্ণেল শাফায়াত জামিল, প্রাগুক্ত ।
১২। যা দেখেছি যা বুঝেছি যা করেছি , লে. কর্নেল (অ) শরিফুল হক ডালিম ।
১৩।Anthony Mascarenhas, ibid ;মুক্তিযুদ্ধের চেতনার স্বরূপ , মেজর রফিকুল ইসলাম পিএসসি ।
১৪। মেজর রফিকুল ইসলাম পিএসসি,প্রাগুক্ত ; Anthony Mascarenhas, ibid
১৫। Anthony Mascarenhas, ibid ; লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ।
১৬। প্রাগুক্ত ।
১৭।ঝন্ঝাবিক্ষুব্ধ সেই দিনগুলো,লুৎফা তাহের ।
১৮। Anthony Mascarenhas, ibid ; লে কর্নেল এম এ হামিদ, প্রাগুক্ত ।
১৯। কর্নেল শাফায়াত জামিল, প্রাগুক্ত।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): খালেদের অভ্যুথানজেল হত্যা | ;
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
রোহান বলেছেন: চমৎকার। ৭ তারিখেরটার অপেক্ষায়...
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।

২. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০২
রুবেল শাহ বলেছেন:
মানিক ভাই লাল সালাম আপনাকে ..............
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৩. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬
রুবেল শাহ বলেছেন:
মানিক ভাই আপনার অনেক গুলো পোষ্ট আছে যা আরো বেশী মানুষের কাছে পৌছানো দরকার । লেখা গুলো ফেইস বুকে নেট দিন।

আপনি অনুমতি দিলে আমি দিতে পারি আপনার নামেই।

শুভেচ্ছা রইল
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: দেন । আমার আপত্তি নাই ।

৪. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৭
জীবলু বলেছেন: অনেক কিছুই জানলাম ৭ তারিখের অপেক্ষ্যায় রইলাম ।
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৫. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:০৮
দিনমজুর বলেছেন:
Click This Link

Click This Link
পোস্টদুটোর কমেন্টে কিছু কথা বলেছিলাম.....


আপনার পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: পোস্টদুটো আমি আগেই পড়েছি । আপনার সব ব্লগই আমি নিয়মত পড়ি ।

৬. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫
রুবেল শাহ বলেছেন:

এই পোষ্টটি ষ্টিক করা হোক ................
০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫

লেখক বলেছেন: আবারও ধন্যবাদ ।

৭. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪
ফকির ইলিয়াস বলেছেন: স্যালুট কমরেড । ভেরী গুড জব ।
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৩

লেখক বলেছেন: লজ্জা দিলেন বস । আমি তো ভালভাবেই জানি , আপনি সে সময় ছিলেন তাহেরের সহযোদ্ধা, সিরাজুল আলম খানের অনেক তৎপরতার সাক্ষী ।

আমার অভিবাদন নিন প্রিয় কবি কমরেড ফকির ইলিয়াস ।

৮. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ রাত ১:১৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার পোস্ট। আপনার রেফারেন্সগুলো কি অনলাইনে পাওয়া যাবে। সেক্ষেত্রে লিংক দিলে খুব উপকৃত হব।
০৩ রা নভেম্বর, ২০১০ সকাল ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ ।

৯. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৯
সুবিদ্ বলেছেন: বরাবরের মতোই দারুণ কাজ
০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ ।

১০. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ সকাল ১১:১০
নুরুজ্জামান মানিক বলেছেন: পুনশ্চঃ

"এদিকে রিসালদার মোসলেমের নেতৃত্বে একটা ঘাতকদল প্রবেশ করে কারাগারে | দিবাগত রাত ৪টায় ঢাকার কেন্দ্রীয় কারাগারের ডিআইজি(প্রিজন) ফোন করেন রাষ্ট্রপতি খন্দকার মোশতাকেকে।রাষ্ট্রপতির আদেশ আসে- ওরা যা করতে চায় করতে দিন।"

উপরোক্ত তথ্য আমলে নিয়েই জেল হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ে ভিত্তি করা হয়েছিল, ১৫ আগস্টের পটপরিবর্তনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই একই বছর ২ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানে পরাজিত হওয়ার মুখে জেল হত্যা ঘটিয়েছে। এই সিদ্ধান্তের জন্য যে তথ্যকে গুরুত্ব দেওয়া হয় তা ছিল, বঙ্গভবন থেকে টেলিফোনে খুনিদের কারাগারে প্রবেশ করতে দেওয়ার নির্দেশ এসেছিল। তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাককে দিয়ে যারা এ টেলিফোন করায় সেই সেনা কর্মকর্তারা ১৫ আগস্টের পর থেকে বঙ্গভবনেই থাকত।

নিম্ন আদালতের এই পর্যবেক্ষণ হাইকোর্টের রায়ে বদলে গেছে। হাইকোর্ট খুনিদের কারাগারে প্রবেশ করতে টেলিফোনে দেওয়া নির্দেশের বিষয়টি বিশ্বাস করেননি। খালেদ মোশাররফের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমন একজন সাক্ষী কর্নেল শাফায়াত জামিল এবং রাষ্ট্রপতির তৎকালীন এডিসি কমান্ডার রাব্বানীর সাক্ষ্যকে হাইকোর্ট বিশেষ গুরুত্ব দিয়েছেন। শাফায়াত বলেছেন, '১৯৭৫ সালের ২ নভেম্বর মধ্যরাতেই তারা কেন্দ্রীয় টেলিফোন এক্সচেঞ্জের নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেদের হাতে নিয়েছিলেন।' আবার কমান্ডার রাব্বানী তার সাক্ষ্যে বলেন, '২ নভেম্বর রাত ১১টার দিকেই তিনি ঘুমিয়েছেন। রাত দুটোর দিকে রাষ্ট্রপতি তাকে ম্যাসেঞ্জার দিয়ে ডাকিয়ে আনেন। তার কক্ষেই টেলিফোন ছিল।'আদালতের মত হচ্ছে, বঙ্গভবনের টেলিফোন সচল থাকলে ম্যাসেঞ্জার পাঠিয়ে এডিসিকে ডেকে আনার প্রয়োজন হতো না।হাইকোর্টের রায়ে এসব সাক্ষ্যের ভিত্তিতে সে রাতে বঙ্গভবন থেকে টেলিফোন করে খুনিদের কারাগারে প্রবেশ করতে দেওয়ার তথ্যকে গুরুত্ব দেওয়ার বিপক্ষে মত প্রকাশ করা হয়েছে। আর এই সিদ্ধান্তের ভিত্তিতেই পারিপাশর্ি্বকতার আলোকে সরাসরি জড়িত ছিলেন না এমন সব অপরাধীকে সন্দেহাতীতভাবে চিহ্নিত করা যায়নি বলে আদালত মনে করেছেন। আর এজন্যই আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, 'তদন্তকারী কর্তৃপক্ষ প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে।'

গত বছরের ২৮ আগস্ট হাইকোর্টের রায়ে কেবল রিসালদার মোসলেমউদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দফাদার মারফত আলী শাহ ও এলডি দফাদার মোঃ আবুল হাসেম মৃধা এবং যাজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অপর চারজন লে. কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, কর্নেল (অব.) সৈয়দ শাহরিয়ার রশীদ, মেজর (অব.) বজলুল হুদা ও লে. কর্নেল (অব.) একেএম মহিউদ্দিন আহমেদকে মামলা থেকে খালাস দেওয়া হয়।
১১. ০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৪
চলতে চলতে বলেছেন: খুব সুন্দর পোষ্ট, এগিয়ে যান
০৩ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০১

লেখক বলেছেন: ধন্যবাদ ।

 

মোট সময় লেগেছে ১.২৭১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাবি হতে ব্যবসায় প্রশাসনে স্নাতক ও স্নাতকোত্তর । আগ্রহের বিষয় কবিতা-দর্শন-বিজ্ঞান । ১৯৯০'র দশকের শুরু থেকে বাংলাদেশের প্রথম শ্রেনীর জাতীয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই