আজকেও পায়ের ব্যাথাটা বাড়লো। কিন্তু বাড়ি ফিরতে ভাল লাগছেনা। সুতরাং খুঁজতে লাগলাম একটা চায়ের দোকান। চা খাবার অভ্যেস নেই কিন্তু চায়ের দোকানই ঢাকায় সবচে কম খরচে বসার সবচে ভাল জায়গা। এক কাপ চা চাইলেই হল, দোকানের সামনে বেঞ্চে বসার ছাড়পত্র পেয়ে যাবো! তবে চায়ের দোকান পাওয়ার আগেই পেয়ে গেলাম একটা বাসা। কেউ মারা গেছে বাড়িটায়! অনেক লোকের সমাগম। মনে হয় অনেক হোমড়া চোমড়া গোছের কেউ মারা গেছেন। বাইরে অনেক মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে!
যতটা না পায়ের ব্যাথা তারচে বেশি কৌতুহলের বসেই বসে পড়লাম মাঝা মাঝি সারির একটা চেয়ারে। সবকিছুতেই কেমন যেন একটা উদযাপন টাইপ ভাব! মৃত্যু উদযাপন!
এক ভদ্রলোককে দেখলাম মোবাইল হাতে কথা বলছেন। বেশ মৌজেই আছেন! কথা শুনে মনে হল স্ত্রীর সাথে কথা বলছেন। বেশ রসিক বলেই মনে হল! ভাবলাম বাইরের কেউ হবে। কিন্তু আবার বলল, "Daddy is gone!" কনফিউজড হয়ে গেলাম! একটু পর যখন তার স্ত্রী ভেতর থেকে(!)এসে বললেন, "অ্যাই! আর কতক্ষণ অপেক্ষা করবে? লাশ তাড়াতাড়ি দাফন করে দেয়া উচিত!"- তখন বুঝলাম ভদ্রলোক আসলেই 'লাশের' পুত্র। আরেকটা সংকটে পড়লাম, "তাহলে এতক্ষণ কার সাথে কথা বললরে বাবা?" যাহোক, ভদ্রলোকের উত্তরটা আরও কৌতুহল উদ্দীপক, "আরও অনেকেই আসতে বাঁকি আছে তো এখনও!"
হঠাৎ 'আরও অনেকের' মধ্যে একজন আঙ্কেলের আগমন। আসতেই বুঝিয়ে দেয়া হল এটা আসলেই মরা বাড়ি! 'লাশের' পুত্রের এবং বৌমার সাথে প্রাণপ্রিয় আঙ্কেলের ক্রন্দনের লড়াই এবং আর সকল উপস্থিতের উহ! আহ! মিলে একটা সত্যিকারের শোকাবহ তৈরী হয়ে গেল মুহূর্তে! কি কান্ড! আমার আশেপাশের সবাই খুবই ব্যথিত অথচ আমি এখনও বুঝেই উঠতে পারছি না আমার দুঃখ পাওয়া উচিত নাকি ব্যাপারটা উপভোগ করা উচিত! আরও যেটা বুঝতে পারছি না, সেটা হল আমার আশেপাশের এই লোকগুলোকে কি এই 'উহ! আহ!' করার জন্যই ডেকে আনা হয়েছে? রিক্রুটমেন্ট? এদের কাউকেইতো বাসার লোক মনে হচ্ছে না! বাড়ির কৌলিন্যের কাছে এদেরকে রীতিমত মেছো বলে মনে হচ্ছে! নাকি আমিই অস্বাভাবিক আচরণ করছি? আসলে সবকিছু কি ঠিকই আছে নাকি আমিই স্বাভাবিক ভাবে সব মেনে নিতে পারছি না?
ইতিমধ্যে আঙ্কেল কাজের কথাটি পাড়তে শুরু করেছেন! সম্পত্যি কিভাবে ভাগাভাগি হবে, ভাগাভাগিটা কত তাড়াতাড়ি করা উচিত, তাড়াতাড়ি না করলে কি কি সমস্যা হতে পারে এই সব আর কি! মনে হল এই আলোচনায় কাজ হয়েছে! কারণ 'লাশের' পুত্র ইতিমধ্যেই উকিলের কাছে ফোন করতে শুরু করেছেন। উকিলের সাথে কি কথা হল তা যখন আঙ্কেলকে জানানো হচ্ছে তখন আমিও এ ব্যাপারে অনেক জ্ঞান লাভ করতে সমর্থ হলাম!
আরেকটা জ্ঞানও লাভ করলাম যখন আরেকজন আঙ্কেল প্রস্থান করতে চাইলেন! বোঝাগেল, আমি আসলে ড্রাইভারদের সাথে বসে আছি। এরা কেউ 'রিক্রুটমেন্ট' নয় ভেবে একটু স্বস্তি বোধ করলাম!
যাহোক! অনেক জ্ঞান লাভ হল, এবার চলে যাবো। এমন সময় একজন প্রৌঢ়ার আগমন! অনেক লোকের ভীড়ে তাকে চেনা খুব সহজ। একমাত্র মানুষ যাকে সত্যিই দুঃখিত মনে হচ্ছে! তবে কাঁদছেন না। ইনি কি 'লাশের' স্ত্রী? হ্যাঁ, 'লাশের' পুত্র তাকে মা বলেই ডাকলো। ভাবলাম হয়তো ভাগাভাগির এই খেলায় তিনি কতটা স্কোর করতে পারবেন তারই দুঃচিন্তার প্রকাশ ঐ দুঃখে! জঘণ্য কথাটা পরক্ষণেই বাদ দিয়ে দিলাম কথাটা মনথেকে! তাঁর চোখের ভাষাই তাঁর কষ্টের সত্যতার প্রমাণ দেবার জন্য যথেষ্ঠ! মনে হল আরেকটা প্রমাণ আছে। এখন আর কেউ উহ! আহ! করছে না। দেখলাম, বুঝলাম, কিভাবে সত্যের শক্তি কান্নাকে শুষে নেয়!
'লাশটাকে' এই প্রথম আমার একটা মানুষ বলে মনে হল!
হঠাৎ খুঁজে পাওয়া এই সত্য আমাকে আবার আটকে ফেলতে চাইছিল। কিন্তু আমার এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে! এদের এই সো কল্ড শোক শোক খেলা আমাকে অনেক বড় আঘাত করেছে। আমাকে যেন এক ধাক্কায় দূরে ঠেলে দিতে চাইছে আমার সব চেনা মানুষগুলোর কাছথেকে! আমি কারও কাছথেকে এত দূরে সরে যেতে চাই না! আমাকে এখনই ফিরতে হবে! ফিরতেই হবে!
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





