আমার প্রিয় পোস্ট

সারাটা শহর জুড়ে তুমি নেই ...

২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৮

শেয়ার করুন:                   Facebook


সারাটা শহর জুড়ে তুমি নেই।
সারাটা শহর জুড়ে কোথাও তোমার কোন খোঁজ নেই।
আকাশ, অরণ্য অথবা সাগর -- কেউ একজনও জানেনা
কোন খোঁজ।
সারাটা শহর হাতড়ে হাতড়ে আমি
হারানো এক মানুষ খুঁজে চলি।

এমন বিরাট শহরে দেখো একজনও শুভাকাংখী নেই-
এমন বিরাট শহরে এমন একজনও নেই-

একান্ত আপন হয়ে জানাবে একবার
কিভাবে কাটছে তোমার- এতোসব সন্ধ্যা সাবলীল!

সারাটা শহর আমি তন্ন তন্ন করে খুঁজে চলি-
সারাটা শহর সহস্রবার উল্টো-পাল্টা করে দেখি
কোথাও অজান্তেই গোপন রয়েছে কিনা
তোমাকে স্পর্শের জ্যোতির্ময় যাদু-মায়া-
তোমাকে অনুভবের অনবদ্য কোন ক্ল্যাসিক ম্যাজিক।

দেখি এমন কোন রহস্যময় সুড়ঙ্গ,
এমন কোন অজানা পথ আছে কিনা-
যেখানে আমার পাথর হয়ে যাওয়া কষ্টগুলো রেখে দিলে
গলতে গলতে সেগুলো সব
দীর্ঘশ্বাস হয়ে পৌঁছে যেতে পারে-
রাতারাতি, তোমার কাছে।

অথচ দেখো- সারাটা শহর জুড়ে একজনও
শুভাকাংখী সমব্যথী নেই,
একজনও নেই-
আমার চাওয়াটুকু বুঝে -
একটি গোলাপ রেখে আসবে খুব ভোরে
শীতার্ত তোমার জানালায়।

যেন সবাই বিমুখ আজ খুব।
যেন বিরাট এই শহরে শুধু তোমার কথা তুললেই
সকল মানুষ মুখ ভার করে নত হয়ে থাকে-
যেন আমাকে একটিবার তোমার কথা বলে দিলেই
ভীষণ এক গৃহযুদ্ধ বেঁধে যাবে পৃথিবীতে-

যেন একবার তোমাকে দেখতে চাওয়া মানে
আমি ভুল করে চেয়ে ফেলেছি- সেই প্রবল ভয়াবহ নিষিদ্ধ এক চাওয়া-
যার অপরাধে পৃথিবীশুদ্ধ সব ‌ভালবাসা উপড়ে ফেলা হবে
বিশুদ্ধ শেকড় থেকে-রাতারাতি।

এতোটা নির্মমতার পরেও দেখো- নিঃশব্দেই বেঁচে থাকি-
এতোটা অসহায়ত্বের পরেও দেখো-
প্রতিবার- অনিঃশেষ আকুলতায়
তোমাকে দেখার প্রত্যাশায়, পুনরায় চোখ খুলি ।

অন্ততঃ একজন আমি জানি
কী অপার অবহেলায় হারিয়ে ফেলেছি চেনা পথ-
স্বপ্ন আর আনন্দের মুগ্ধ পৃথিবী থেকে-চিরতরে !
কী বিশাল ভুলের মুহুর্তে, তুচ্ছ করেছি এক
আস্থায় বাড়িয়ে দেওয়া হাত
ভয়াবহ, ক্ষমাহীণ, অনিঃশেষ নীরবতায়।

কেউ না জানুক, অন্ততঃ একজন আমি জানি
কিভাবে মৃত্যু হয়েছে খুব যত্নে গড়া এক কবিতার,
অর্বাচীন কবির আনাড়ী অদূরদর্শী এক হাতে !

নিশ্চিত জানি, নিজ হাতে নিজস্ব প্রেম হত্যার
বিরাট লজ্জায় সেদিন পৃথিবী কেঁপে উঠেছিল।

সেদিন শহরের শীতলক্ষ্যার বুকে কোন কপোত ওড়েনি,
সেদিন লজ্জায় রমনার পার্কের বেঞ্চিতে কোন যুগল বসেনি
সেদিন পৃথিবীর সকল কবির সমস্ত প্রেমের কবিতা ক্রোক করা হয়েছিল
পৃথিবীর তাবৎ সাহিত্য সংগ্রহ থেকে।

সে বিপুল অবিশ্বাস্য ঘটনা-
সূর্য্য সহসা বিশ্বাসই করেনি।
সে বিপুল নির্লজ্জ সরে যাওয়া দেখে-
চাঁদতো লজ্জায় দিশেহারা !

তারপরেও দেখো স্তব্ধ গহীণে কোন আকাশ কাঁদেনি।
তারপরেও দেখো- ছেড়ে গেছি অবলীলায়
প্রিয় সেই প্রাঙ্গন, নির্দ্ধিধায়।

এই ছেড়ে যাওয়া-
কি প্রবল এক ছেড়ে যাওয়া দেখো !
একটি পথও আর আমাকে এসে বলেনা,
এই পথে হেঁটে গেলে আবার তোমার সাথে দেখা হবে !

একটি মানুষও আমাকে এসে বলেনা,
একবার তাঁর সাথে দেখা হয়েছে হঠাৎ।
একবার অন্যরকম হেসে সে জানতে চেয়েছে--
কেমন কাটায় দিন, সেই এক অথর্ব মানুষ?

কি প্রবল ছেড়ে যাওয়া দেখো !
আমি শহরের মিনার দেখে প্রার্থনায় নতজানু হই
শহর আমাকে বলেনা-
কোনখানে আমার শব্দগুলো রেখে দিলে-
বিষন্ন ভায়োলিন হয়ে একদিন
পৌঁছে যাবে- তোমার দরোজায়।

সারাটা শহর জুড়ে তুমি নেই !
যেন শহর-নিঃস হয়ে গেছে খুব
এই এক তুমি ছাড়া !

তোমাকে অন্বেষণের এই অনন্ত বিষাদ
অতঃপর- তোমার কি জানা হবে কোনদিন ?
তুমি কি সত্যিই জানতে পারবে কোনদিন
তোমার দৃঢ়তার কাছে হেরে গেছি সেই কবে?
কেন আজ-
তোমার নীরবতার কাছে এতো বেশী নতজানু?

তোমাকে তন্ন তন্ন করে খুঁজে
শহরের বুকে ঝরে গেছে কতোসব অমূল্য রাত্রি আমার !
শিশিরকণায় ভিজে কতোবার
অপেক্ষার সকাল হয়েছে সুদীর্ঘ- সন্তাপী অনুতাপে
তুমি কি জানবে কোনদিন?

একবার ভুলের পাথর সরিয়ে-
তুমি কি আসবে ফের
প্রিয় পরিচিত শহর, আর তার
অনবদ্য সঙ্গতায় ?

আমি অনুভব করি
তোমার আলোর রেখা-আজো অবিরাম
অনন্তর চারপাশে ঘোরে-
আমি অনুভব করি-তোমার নিঃশ্বাস ছুঁয়ে
আজো সঙ্গোপনে
শীতের শিউলি ছোঁয়- সকালের পবিত্র শিশির।

আমি বিশ্বাস করি-তোমার বিদীর্ণ চীৎকারে
অতঃপর একদিন-
মধ্যরাত্রিতে জেগে ওঠবে- এ সমগ্র শহর-
তোমার আর্ত চীৎকারে -ভেঙ্গে খান খান হয়ে যাবে
শহরের নিঃস-নীল, বেদনার্ত নীরবতা।

সারাটা শহর জুড়ে তুমি নেই!
অথচ সেইদিন-
লাল নীল আলোর ঝরনায়
একটি ক্ষমার গোলাপ হাতে
সারা শহরেই-নিদারুণ ছড়িয়ে পড়বে তুমি।

অপার আনন্দ চোখে শহর দেখবে-অপলক
আমার অন্তহীণ অবিরাম অপেক্ষার চারপাশে
কী প্রবল ভয়াবহ- ছুটে আসা-
সহস্র সহস্র সব তুমি!

 

প্রকাশ করা হয়েছে: অন্য আকাশ জুড়ে মেঘ  বিভাগে ।

 

  • ২৬ টি মন্তব্য
  • ২৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৮ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৬
comment by: মুনিয়া বলেছেন: ভাল লিখেছেন।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২
comment by: কোবরা বলেছেন:

এ +
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: কোবরার ছবি দেখে ভয় পেয়েছি।

৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৩
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: চমৎকার কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ!
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১
comment by: শেখ জলিল বলেছেন: হুম! বেশ প্রাণময় লেখা। অন্য আকাশের কাছে খুঁজবো ভালোলাগা আকাশ।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: শেখ জলিল,

ধন্যবাদ।
যে কথাটি কয়েকবার বলতে চেয়েও বলা হয়নি, তা জানিয়ে দিচ্ছি আজ। অন্য আকাশ আপনাদের পরিচিত ব্লগার 'সুনীল সমুদ্র'র দ্বিতীয় আইডি।

সুনীল সমুদ্রের সব কবিতাই খুব বড় হয়ে যায়- আপনাদের এ অভিমতকে মাথায় রেখে ছোট ছন্দবদ্ধ কবিতা লেখার প্রচেষ্টায় দ্বিতীয় একটি আইডি নিয়ে লেখা শুরু করেছিলাম। প্রতিদিন সকাল সাতটায় একটি করে ছোট কবিতা পোষ্ট করার অঙ্গীকারও করেছিলাম। আপনার নিশ্চয়ই মনে পড়বে সেসব কথা।....

অবশ্য নানা কারণে শেষপর্যন্ত নিয়মিত হতে পারিনি।
তাছাড়া, অন্য আকাশ আইডি থেকে কেবল ছোট কবিতা পরিবেশনের ইচ্ছে থাকলেও আজকের এই কবিতায় সেই ধারাটিও রক্ষা করা সম্ভব হয়নি।

আপনাকে শুভেচ্ছা।

৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৬
comment by: আবদুর রাজ্জাক শিপন বলেছেন: জটিল প্রেম মনে লয় !
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: হু, বেশ জটিল।...

৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:২৯
comment by: মানুষ বলেছেন: ভাল
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২২

লেখক বলেছেন: থ্যাংকস।

৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩১
comment by: শতরূপা বলেছেন:
৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩২
comment by: শতরূপা বলেছেন: শতরূপা বলেছেন: সুন্দর।৫।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৪
comment by: আহমেদ শারফুদ্দীন বলেছেন:

শিরোনামটা ভেরি সুন্দরম হইয়াছে
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

লেখক বলেছেন: শিরোনাম ভাল লাগার জন্য ধন্যবাদ।

১০. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৭
comment by: মৃন্ময় আহমেদ বলেছেন: অনবদ্য অভিব্যক্তি।।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: মৃন্ময়,

ভালো আছেন আশাকরি।
অন্য আকাশ এর গত বছরের পোষ্টগুলোতে আপনার মন্তব্য পেয়েছি নিয়মিত।
আজ আবার আপনাকে পেয়ে ভালো লাগলো।
শুভেচ্ছা, আপনাকে।

১১. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
comment by: মুকুল বলেছেন:
এক দমে পড়ে ফেললাম দীর্ঘ কবিতাটি। একটুও ক্লান্ত হইনি। অসাধারণ ঝরঝরে লেখা। হুমায়ুন আজাদের কবিতার স্বাদ পেলাম। :)
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:২৬

লেখক বলেছেন: অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য ধন্যবাদ।

হুমায়ূন আজাদ, আবিদ আজাদ কিংবা শামসুর রাহমানের দীর্ঘ গদ্য কবিতা আমারও খুব প্রিয়।

আমার অপর ব্লগেও (সুনীল সমুদ্র) আপনাকে আমন্ত্রন জানাচ্ছি।
Click This Link

১২. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
comment by: কালপুরুষ বলেছেন: আমি লেখা পড়েই বুঝেছি এটা আপনার লেখা। কারণ আপনার লেখার সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত। পড়লেই বুঝতে পারি। ভাল লিখেছেন যথারীতি।
২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৯:৩৩

লেখক বলেছেন: কালপুরুষদা,
অনেক ধন্যবাদ। এই ঈদেও দেখা হলোনা।
তবে সামনে খুব শীঘ্রই দেখা করবো।

শুভেচ্ছা আপনাদের।

১৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ৮:১৯
comment by: মাহবুবা আখতার বলেছেন: ভাল লাগল খুব।
১৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৭
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুন সুন্দর একটা কবিতা।
অসম্ভব ভালো লাগলো।
শুভেচ্ছা রেখে গেলাম।
১৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:২৩
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: +++++

 



 


দেখবো ভীষণ, অন্য চোখে, অন্য এক আকাশ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩০৭৩