ইংরেজীতে একটা শব্দ আছে, ‘মুন স্ট্রাক’ যার বাংলা করলে দাঁড়ায় চন্দ্রাহত। চাঁদ বরাবরই আমাকে অনেক আকর্ষণ করত। এখনো করে।ইট-কাঠ-পাথরের জঙ্গল এ শহরে চাঁদের আলো কোন প্রভাব হয়ত ফেলে না, তবুও আজ হঠাত করে অফিস থেকে বাসায় আসার সময় চোখে পড়ল বিশাল এক চাঁদ। মনে পড়ল আগে অনেক রাতে ছাদে পায়চারি করতাম- নিঃস্তব্ধ চারিদিক আর চারিদিকে নরম চাঁদের আলো। মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম চাঁদের দিকে। কত সময় পার হয়ে যেত তার কোন হিসাব থাকতো না। এই শহরে এমন রাতের কথা ভাবাই অবান্তর। হয়ত কোন রাতে জ্যোৎস্না দেখার জন্য বের হলেও আমার আস্তানা হয়ে যেতে পারে টহল পুলিশের কোন ভ্যান।
আমার একটা চাওয়া আছে। শুধু শান্ত হ্রদের পাড়, মাথার উপর পূর্ণিমার চাঁদ, চাঁদের আলোতে ভেসে যাওয়া চারদিক আর প্রিয়ার খালি গলায় গাওয়া রবীন্দ্র সংগীত। জানিনা কোনদিন এই চাওয়া পূরণ হবে কি না।
জানি কোন দিনও সম্ভব হবে না, তবুও আজ কেন জানি মনে হচ্ছিল, নিঃশব্দ হয়ে যাক বাস-ট্রাকের হর্ণের শব্দ, শুরু হয়ে যাক লোডশেডিং সারা শহর জুড়ে আর নিস্তব্ধ এই শহরে চাঁদের আলোতে ঘুরে বেড়াবে চন্দ্রাহত একজন।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৬